মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

দস্যুমুক্ত সুন্দরবন চাই

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
দস্যুমুক্ত সুন্দরবন চাই

মো. মামুন হাসান

আমার ক্লাসের এক ছাত্র একদিন বলেছিল, ‘স্যার, আমার বাবা বনে গেলে মা সারা রাত জায়নামাজে বসে থাকেন।’ ছেলেটি পর্যটন বিষয়ে পড়ে। তার স্বপ্ন, একদিন সুন্দরবনে গাইড হবে। অথচ তার ঘরেই বনের প্রথম পরিচয় ভয়। এই একটি বাক্যেই সুন্দরবনের পুরো সমস্যাটা ধরা পড়ে। বন এখানে শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বন একটি প্রতীক্ষারও নাম।

২০১৮ সালে আমরা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছিলাম। বত্রিশটি দল অস্ত্র জমা দিয়েছিল, তিন শতাধিক মানুষ ফিরে এসেছিল স্বাভাবিক জীবনে। সেদিন আমরা ভেবেছিলাম, একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। কিন্তু অধ্যায় শেষ হয় না, কেবল নতুন শিরোনামে ফিরে আসে। গত দুই বছরে জেলেদের মুখে মুখে ফিরেছে পুরোনো নাম, পুরোনো ভয়। তাঁরা বলছেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে আবারও বনের গভীর থেকে ডাক আসতে শুরু করেছে। চলতি বছরের শুরুতে একসঙ্গে ২০ জন জেলের অপহৃত হওয়ার খবরে বোঝা গেল, ভয় ফিরে এসেছে দলবেঁধে। প্রতিমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, দস্যুরা আবার মাথাচাড়া দিয়েছে। এই স্বীকারোক্তিটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান মনে হয়েছে। কারণ, আত্মস্বীকৃতি ছাড়া কোনো আরোগ্য শুরু হয় না।

এরপর অভিযান এসেছে, আত্মসমর্পণও হয়েছে। বড় বড় দলের দলপতিরা সঙ্গীদের নিয়ে অস্ত্র জমা দিয়েছেন। একের পর এক আত্মসমর্পণের ঘটনা ঘটেছে। এ বছরের শেষ প্রান্তে এসে আমরা বলতে পারি, পরিস্থিতির উন্নতি হচ্ছে। কিন্তু অক্টোবরের শেষেও শ্যামনগরের একটি খালে গোলাগুলির ঘটনা ঘটেছে। অর্থাৎ আলো আছে, কিন্তু অন্ধকারের ছায়া পুরোপুরি সরেনি। এখানেই আমার মনে প্রশ্ন জাগে, আমরা কি সমস্যাটিকে ঠিক জায়গা থেকে দেখছি?

থমাস হবস মনে করতেন, শক্তিশালী রাষ্ট্রের অনুপস্থিতিতে মানুষের জীবন হয়ে ওঠে নিঃসঙ্গ, দরিদ্র ও ক্ষণস্থায়ী। কথাটি সত্য, তবে অর্ধেক সত্য। ম্যাক্স ওয়েবার রাষ্ট্রকে বৈধ বলপ্রয়োগের একচেটিয়া অধিকারী হিসেবে ব্যাখ্যা করেছেন। সুন্দরবনের কোনো খালে যখন বেআইনি অস্ত্রধারীরা নিজেদের ‘বাহিনী’ বলে পরিচয় দেয়, তখন বুঝতে হয়, সেখানে রাষ্ট্রের উপস্থিতি দুর্বল হয়ে পড়েছে। এই শূন্যস্থান পূরণে অভিযান প্রয়োজন, সন্দেহ নেই। কিন্তু বন্দুক দিয়ে সাময়িকভাবে শূন্যস্থান পূরণ করা গেলেও তার পেছনের কারণগুলো দূর করা না গেলে সেই শূন্যস্থান আবারও তৈরি হবে।

সেই কারণগুলোর অন্যতম দারিদ্র্য। আর দারিদ্র্য মানে কেবল অর্থের অভাব নয়। অর্থনীতিবিদ অমর্ত্য সেন শিখিয়েছেন, দারিদ্র্য হলো নিজের পছন্দমতো জীবন বেছে নেওয়ার সামর্থ্য থেকে বঞ্চিত হওয়া। যে তরুণের সামনে নদীভাঙন, ঘেরের লোকসান আর বারবার ঝড়ে ঘরবাড়ি হারানোর বাস্তবতা, তার সামনে বিকল্পের দরজা খুব কম। সেই সীমিত সুযোগের ফাঁকে কেউ অস্ত্রের প্রলোভন দেখালে সে হয়তো বুঝতেই পারে না, এর মধ্য দিয়ে সে আসলে একটি অনিশ্চিত ভবিষ্যৎ কিনছে।

আর যিনি জীবিকার সন্ধানে বনে যান, তাঁর বাস্তবতা আরও নির্মম। সমিতির ঋণ আর মহাজনের দাদন কাঁধে নিয়ে তাঁকে বনে যেতে হয়। অপহৃত হলে মুক্তিপণের টাকা জোগাড় করতে আবারও ঋণ করতে হয়। রবীন্দ্রনাথের উপেন একবার জমি হারিয়েছিল, আর সুন্দরবনের এই মানুষগুলো বারবার জীবন বন্ধক রাখেন। জমিদারের জায়গায় এখন মহাজন আর দস্যুর মুখ এক হয়ে যায়।

এই ভূখণ্ডের মানুষ এই বাস্তবতা বহু আগেই বুঝেছিল। বনবিবির পালায় দরিদ্র বালক দুখেকে রক্ষা করতে এগিয়ে আসেন বনবিবি। তাঁর বিপরীতে থাকে লোভী ধনা-মোনা এবং বাঘরূপী দক্ষিণ রায়। পালাটির বার্তা সরল, কিন্তু গভীর। বনের আসল ভয় শুধু বন্য প্রাণী নয়, মানুষের লোভও। আর বনের আসল আশ্রয় ক্ষমতা নয়, করুণা। হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ যে বনবিবির কাছে মানত করেন, তার মধ্যেও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। এই বন কেবল সম্পদের নয়, সহাবস্থানেরও ভূমি।

মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের কুবের দেখিয়েছে, মাঝির জীবন নদীর সঙ্গে যতটা লড়াই, ততটাই ক্ষুধা ও ক্ষমতার সঙ্গে লড়াই। অমিতাভ ঘোষের ‘দ্য হাংরি টাইড’ উপন্যাসেও সুন্দরবন হয়ে উঠেছে মানুষের টিকে থাকার সংগ্রাম এবং রাষ্ট্রের উপেক্ষার এক অনন্য দলিল। এসব সাহিত্যকর্ম কেবল আইনশৃঙ্খলার কথা বলে না; শেষ পর্যন্ত মানুষের জীবন ও সংগ্রামের কথাই বলে।

গ্যারেট হার্ডিন আশঙ্কা করেছিলেন, যৌথ সম্পদ ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেকে নিজের স্বার্থকে প্রাধান্য দিলে সেই সম্পদ ধ্বংস হতে পারে। কিন্তু এলিনর অস্ট্রম মাঠপর্যায়ের গবেষণায় দেখিয়েছেন, স্থানীয় মানুষকে সম্পদ ব্যবস্থাপনার নিয়ম তৈরির অংশীদার করা গেলে সেই সম্পদ দীর্ঘস্থায়ীভাবে রক্ষা করা সম্ভব। সুন্দরবনের জন্য এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনের প্রতিটি বাঁক, প্রতিটি খাল যাঁদের চেনা, সেই জেলে, বাওয়ালি ও মৌয়ালদের যদি আমরা শুধু ‘অনুমতিপত্রের ক্রেতা’ হিসেবে দেখি, তাহলে বনের প্রতি তাঁদের মালিকানাবোধ ও দায়িত্ববোধ তৈরি হবে না। অথচ তাঁদের চেয়ে ভালো প্রহরী এই বনের আর কেউ হতে পারেন না। রাষ্ট্র তাঁদের সহযোগী হলে বনের পাহারা কেবল প্রশাসনিক তৎপরতায় সীমাবদ্ধ থাকবে না, স্থানীয় মানুষের অংশগ্রহণেও তা শক্তিশালী হবে।

পর্যটনের শিক্ষক হিসেবে আমি আরও একটি সত্য জানি। পর্যটক শুধু পণ্য বা সেবা কেনেন না, তাঁরা আস্থাও কেনেন। একটি অপহরণের খবর অসংখ্য পর্যটকের বুকিং বাতিল করে দিতে পারে। এর প্রথম শিকার হন পর্যটন গাইড, নৌযানচালক, হোমস্টের মালিক এবং মধু সংগ্রহকারী মানুষ। তাই সুন্দরবনকে দস্যুমুক্ত করা কেবল নিরাপত্তার প্রশ্ন নয়, এটি হাজারো পরিবারের চুলার আগুন জ্বালিয়ে রাখার প্রশ্ন।

মিশেল ফুকো মনে করিয়ে দেন, ক্ষমতা কেবল শাসন করে না, মানুষকে চিহ্নিতও করে। তাই অভিযানের নামে কোনো নিরীহ জেলে যেন সন্দেহভাজনের তালিকায় না পড়েন, তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে আত্মসমর্পণকারীদের আইনের মুখোমুখি করার পাশাপাশি এমন জীবিকার পথ তৈরি করতে হবে, যাতে তাঁরা অপরাধজগতে ফিরে যাওয়ার প্রলোভন অনুভব না করেন। অন্যথায় চক্রটি চলতেই থাকবে। এক দল অস্ত্র জমা দেবে, আর শূন্যস্থানে নতুন নামে আরেকটি দল গড়ে উঠবে।

ইবনে খালদুন বলেছিলেন, রাষ্ট্র টিকে থাকে ন্যায়ের ওপর, আর ন্যায় প্রতিষ্ঠিত হয় জনকল্যাণের মাধ্যমে। সুন্দরবনের ক্ষেত্রে এর অর্থ স্পষ্ট। বনে রাষ্ট্রের উপস্থিতি দৃঢ় করতে হবে। জেলেদের ঋণের ফাঁদ থেকে মুক্তির ব্যবস্থা করতে হবে। আত্মসমর্পণকারীদের প্রকৃত পুনর্বাসন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্থানীয় তরুণদের জন্য বনের নিরাপত্তা, সংরক্ষণ ও পর্যটন খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এসব উদ্যোগের কোনো একটি বাদ পড়লেও আমরা আবারও কেবল ঘোষণার ফাঁপা আনন্দে ফিরে যাব।

আমার সেই ছাত্রের মা এখনো হয়তো বাবার ফেরার অপেক্ষায় রাত জাগেন। আমি তাকে বলিনি, কিন্তু মনে মনে ঠিক করেছি, একদিন তাকে কোনো পর্যটক দলের সঙ্গে বনে পাঠাব। সে ফিরে এসে মাকে বলবে, ‘মা, বন আমাকে খাবার দিয়েছে, ভয় দেয়নি।’

সেদিনই ‘দস্যুমুক্ত সুন্দরবন’ আর কোনো আনুষ্ঠানিক ঘোষণা থাকবে না। সেটি হয়ে উঠবে একটি সাধারণ সকাল, যেখানে একজন মা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবেন।

মো. মামুন হাসান, বিভাগীয় প্রধান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।

Ads small one

সম্পাদকীয়/ প্রসঙ্গ: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
সম্পাদকীয়/ প্রসঙ্গ: জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি খাতে নারীদের অংশগ্রহণ

জলবায়ু পরিবর্তনের অভিঘাত আজকের বিশ্বে আর কোনো দূরবর্তী হুমকি নয়; বরং বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলে তা প্রতিদিনের নির্মম বাস্তবতা। লবণাক্ততা বৃদ্ধি, সিডর-আইলার মতো প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা, অনিয়মিত বৃষ্টিপাত এবং সুপেয় পানির তীব্র সংকট এই অঞ্চলের জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। এমন বাস্তবতায় সাতক্ষীরায় অনুষ্ঠিত এক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা যথার্থই পুনর্ব্যক্ত করেছেন—জলবায়ু ঝুঁকি মোকাবিলায় কৃষি ও অকৃষি উভয় খাতেই নারীদের অংশগ্রহণ ও সক্রিয় নেতৃত্ব বৃদ্ধি করা এখন সময়ের দাবি।

উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রথম ও প্রত্যক্ষ শিকার হন নারীরা। সুপেয় পানির সংস্থান, পরিবারের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং গৃহস্থালি সামলানোর বাড়তি চাপ মূলত তাঁদের কাঁধেই পড়ে। তা সত্ত্বেও দুর্যোগ-পরবর্তী অর্থনীতি পুনর্গঠনে কিংবা টেকসই অভিযোজন প্রক্রিয়ায় নারীদের অবদান প্রায়শই উপেক্ষিত থেকে যায়। কৃষিতে ঐতিহ্যগতভাবে নারীদের বিশাল উপস্থিতি থাকলেও আধুনিক প্রযুক্তি, বীজ সংরক্ষণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁদের প্রবেশাধিকার এখনো সীমিত। তাই আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার, জলবায়ু-সহনশীল ফসলের চাষ এবং বাড়ির আঙিনায় সবজি চাষ ও হাঁস-মুরগি পালনের মতো আয়বর্ধক উদ্যোগে নারীদের দক্ষতা বৃদ্ধি করা জরুরি।

কেবল প্রচলিত কৃষিকাজেই সীমাবদ্ধ না রেখে অকৃষি খাতেও নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। হস্তশিল্প, ক্ষুদ্র ব্যবসা এবং জলবায়ু-সহনশীল বিভিন্ন উদ্যোক্তা হিসেবে নারীদের বিকাশ ঘটাতে পারলে তা পুরো পরিবারের আর্থিক ভিত্তি মজবুত করবে। কর্মশালায় উঠে আসা সুপারিশ অনুযায়ী, সরকারি ও বেসরকারি উদ্যোক্তাদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রান্তিক নারীদের প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ এবং বাজারজাতকরণের সুযোগ সুগম করতে হবে।

জলবায়ু সহনশীলতা গড়ে তোলার প্রক্রিয়া কোনো একপাক্ষিক পদক্ষেপ নয়; এতে নারীদের কেবল ‘সহায়তা গ্রহীতা’ না ভেবে অভিযোজন প্রক্রিয়ার ‘মূল কারিগর’ হিসেবে গণ্য করতে হবে। কৃষিতে ও অকৃষি খাতে পুরুষের পাশাপাশি নারীদের সম-অংশগ্রহণের উপযোগী পরিবেশ সৃষ্টি করা গেলে তা কেবল উপকূলীয় পরিবারগুলোকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করবে না, বরং জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে বৈশ্বিক দরবারে একটি টেকসই মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবে।

জলবায়ু অভিবাসীদের সামাজিক সুরক্ষায় সাতক্ষীরায় যৌথ পর্যালোচনা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
জলবায়ু অভিবাসীদের সামাজিক সুরক্ষায় সাতক্ষীরায় যৌথ পর্যালোচনা সভা

নিজস্ব প্রতিনিধি: জলবায়ু অভিবাসী ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর স্থিতিশীলতা বৃদ্ধি এবং সামাজিক সুরক্ষা স্কিমে তাদের প্রবেশাধিকার নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরায় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শহরের ম্যানগ্রোভ সভাঘরে ‘জলবায়ু অভিবাসী ও ঝুঁকিপূর্ণ সম্প্রদায়কে ক্ষমতায়ন: স্থিতিশীলতা তৈরির জন্য সরকারি সম্পদ, সেবা এবং নীতি প্রভাবে প্রবেশাধিকার বৃদ্ধি করা’ শীর্ষক প্রকল্পের অধীনে পৌরসভা স্তরে সামাজিক সুরক্ষা স্কিমের সরবরাহ দিক যাচাইকরণের লক্ষ্যে উত্তরণ-এর আয়োজনে এই যৌথ শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়।
ক্র্যাক কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও উপকারভোগীরা অংশ নেন।

সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও মতামত তুলে ধরেন পৌরসভার সমাজসেবা কর্মকর্তা জিয়ার রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার, সাতক্ষীরা সদর নির্বাচন কর্মকর্তা হযরত আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান, পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম এবং সহ-সমাজসেবা কর্মকর্তা মোশিদুল হক।

এছাড়া মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, ক্র্যাক কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নারী নেত্রী বিউটি আক্তার, দৈনিক পত্রদূতের বার্তা সম্পাদক এস. এম. শহীদুল ইসলাম, সাংবাদিক আসাদুজ্জামান সরদার, বিপ্লব হোসেনসহ স্থানীয় প্রতিনিধিরা। সুবিধাবোগীদের পক্ষ থেকে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন সোনিয়া আক্তার ও মানসুরা আক্তার।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী নাজমা আক্তার। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রজেক্ট অফিসার মোস্তাফিজুর রহমান রিপন।

সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সাধারণ মানুষের জীবনযাত্রা চরম ঝুঁকিতে রয়েছে। এসব মানুষের জন্য বিদ্যমান সরকারি সেবা ও সামাজিক সুরক্ষা স্কিমগুলোর সঠিক পৌঁছানো এবং পৌরসভা পর্যায়ে তা সঠিকভাবে বাস্তবায়ন করা জরুরি। সরকারি কর্মকর্তা, সুশীল সমাজ এবং ভুক্তভোগীদের যৌথ অংশগ্রহণের মাধ্যমেই জলবায়ু অভিবাসীদের টেকসই স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব।

তুরস্কের কপ সম্মেলনে পৌঁছাবে কি নুরজাহানদের কথা?

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
তুরস্কের কপ সম্মেলনে পৌঁছাবে কি নুরজাহানদের কথা?

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েও জলবায়ু ট্রাস্ট ফান্ডের বরাদ্দ থেকে বঞ্চিত সাতক্ষীরার উপকূলবাসী

আসাদুজ্জামান সরদার: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বন্যাতলা গ্রামের বাসিন্দা নুরজাহানের বসতভিটা খোলপেটুয়া নদীর ভাঙনে একাধিকবার বিলীন হয়েছে। এক স্থান থেকে অন্য স্থানে আশ্রয় নিতে নিতে শেষ পর্যন্ত তাঁর ঠাঁই হয়েছে বন্যাতলা বেড়িবাঁধের ওপর। সেখানে টিনের ঘর তুলে কোনো রকমে দিন কাটাচ্ছেন তিনি। একই অবস্থা তাঁর প্রতিবেশী আফসারেরও। একসময় এ এলাকায় অর্ধশত পরিবার বসবাস করলেও নদীভাঙন ও লবণাক্ততার কারণে অনেকেই ভিটেমাটি ছেড়ে দেশের বিভিন্ন এলাকায় চলে গেছেন। যাঁরা এখনো টিকে আছেন, তাঁদের জীবন কাটছে অনিশ্চয়তার মধ্যে। তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ সম্মেলন সম্পর্কেও তাঁদের কোনো ধারণা নেই।

সাতক্ষীরাসহ দেশের উপকূলীয় জনপদে জলবায়ু পরিবর্তনের অভিঘাত এখন শুধু প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে সীমাবদ্ধ নেই; এটি মানুষের জীবন, জীবিকা ও অধিকারকে সংকটে ফেলেছে। বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের ভূমিকা তুলনামূলকভাবে কম হলেও এর বড় ধরনের ক্ষতি বহন করতে হচ্ছে উপকূলের লাখো মানুষকে। আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ন্যায্য ক্ষতিপূরণ ও কার্যকর সহায়তা নিশ্চিত হচ্ছে না। অন্যদিকে জাতীয় পর্যায়ে গঠিত জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থ উপকূলীয় মানুষের জীবনমান উন্নয়নে কতটা কাজে লাগছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

জানা গেছে, সাতক্ষীরা পৌরসভায় জলবায়ু তহবিলের আওতায় ৩৭ কোটি ২২ লাখ টাকার কাজ হয়েছে। পৌরসভার নির্বাহী কর্মকর্তা লিয়াকাত আলী জানান, এ তহবিলের প্রকল্পের আওতায় ড্রেনেজ ব্যবস্থা, পাইপলাইন, পানি সরবরাহ ও সড়ক সংস্কারের কাজ করা হয়। তাঁর ভাষ্য, প্রকল্প অনুমোদনের পর দরপত্রের মাধ্যমে কাজ সম্পন্ন হয়। বিলের কাগজপত্র ঢাকায় পাঠানো হলে সেখান থেকে সরাসরি ঠিকাদারের হিসাবে টাকা পরিশোধ করা হয়; পৌরসভার হিসাবে অর্থ দেওয়া হয় না।

শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের বাসিন্দা পিযুষ বাউলিয়া পিন্টু বলেন, কয়েক দশক ধরে তাঁদের এলাকায় সুপেয় পানির তীব্র সংকট চলছে। পানির অভাবে অনেক মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। বিশেষ করে নারী ও শিশুরা পানিবাহিত রোগের ঝুঁকিতে রয়েছেন। লবণাক্ততার কারণে ফসলি জমির উৎপাদনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বারবার দুর্যোগের আঘাত
জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী রিপন জানান, ২০০৭ সালের পর থেকে এ অঞ্চলে ২০টির বেশি বড় ধরনের ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। ২০০৮ সালে রেশমি ও নারগিস, ২০০৯ সালে আইলা এবং পরবর্তী সময়ে ফণী, আম্পান, ইয়াস, সিত্রাং ও সর্বশেষ ২০২৪ সালে রিমালের মতো দুর্যোগে উপকূল ব্যাপক ক্ষতির মুখে পড়ে।

আম্পানের তাণ্ডবে সাতক্ষীরায় প্রাথমিক ক্ষতির পরিমাণ ছিল প্রায় ১ হাজার ১০০ কোটি টাকা। ওই ঝড়ে ১৬ হাজার টন আম ও ১৭৬ কোটি টাকার মাছের ক্ষতি হয়। ইয়াসের জলোচ্ছ্বাসে ৫৪১টি কাঁচা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়। সুন্দরবনেরও প্রায় ১ কোটি ৬ লাখ টাকার ক্ষতি হয়।

জলবায়ু তহবিলের অর্থ ব্যয় নিয়ে প্রশ্ন
তথ্য অনুসন্ধানে জানা গেছে, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে উপকূলীয় মানুষকে সুরক্ষা দিতে গঠিত তহবিলের অর্থের ব্যবহার নিয়ে প্রশ্ন রয়েছে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত তহবিলের আওতায় ৯৬৯টি প্রকল্প নেওয়া হয়েছে এবং ব্যয় হয়েছে ৩ হাজার ৯৬৮ কোটি টাকা। তবে ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত নেওয়া ৩২২টি প্রকল্পের ৬৫ শতাংশই সড়কবাতি স্থাপনের মতো খাতে ব্যয় হয়েছে বলে এক পর্যালোচনায় উঠে এসেছে।

অভিযোগ রয়েছে, উপকূলের মানুষের জীবনমান উন্নয়ন, সুপেয় পানি নিশ্চিত করা কিংবা লবণাক্ততা মোকাবিলার কার্যকর উদ্যোগের পরিবর্তে এ তহবিলের অর্থ দিয়ে বিভিন্ন স্থানে সড়কবাতি স্থাপন, পার্ক নির্মাণ, পুকুরের ঘাট বাঁধানো ও ভবন নির্মাণের মতো প্রকল্প নেওয়া হয়েছে। কিছু স্থাপনা ব্যক্তিগত রিসোর্টে পরিণত হওয়ার অভিযোগও রয়েছে।

সাতক্ষীরা ও খুলনা অঞ্চলে বেড়িবাঁধের সমস্যা প্রকট হলেও এসব কাজে জলবায়ু তহবিল থেকে সরাসরি বরাদ্দ পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১-এর নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া এবং পানি উন্নয়ন বোর্ড-২-এর নির্বাহী প্রকৌশলী তাসকিয়া জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাতক্ষীরা অঞ্চল বেশি ক্ষতিগ্রস্ত হলেও গত চার-পাঁচ বছরে তাঁদের দপ্তরে জলবায়ু তহবিল থেকে সরাসরি অর্থায়ন করা হয়নি। তবে নিয়মিত কাজের ক্ষেত্রে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিষয়গুলো বিবেচনায় নিয়ে বাঁধ নির্মাণসহ বিভিন্ন কাজ করা হয়।

দুর্যোগের বরাদ্দ ও বাস্তবতা
সাতক্ষীরা জেলা ত্রাণ ও পুনর্বাসন শাখার তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে প্রাকৃতিক দুর্যোগ খাতে নগদ ১৮ লাখ টাকা বরাদ্দ পাওয়া যায়। এর মধ্যে ৮ লাখ ৭৫ হাজার টাকা ব্যয় হয়েছে এবং ৯ লাখ ২৫ হাজার টাকা অবশিষ্ট রয়েছে। একই খাতে চালের বরাদ্দ ছিল ৫০০ মেট্রিক টন। এর মধ্যে ৩৭ মেট্রিক টন ব্যয় হয়েছে, অবশিষ্ট রয়েছে ৪৬৩ মেট্রিক টন। অন্যদিকে অনুষ্ঠান ও প্রতিষ্ঠান খাতে চালের বরাদ্দ ছিল ৯৭৮ মেট্রিক টন। এর মধ্যে ৮২২ মেট্রিক টন ব্যয় হয়েছে এবং ১৫৬ মেট্রিক টন মজুত রয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নির্দিষ্ট কোনো বরাদ্দ তাঁদের দপ্তরে থাকে না। এটি সরকারি প্রকল্পভিত্তিক আলাদা খাত। তবে দুর্যোগের সময় নগদ অর্থ, চাল, কম্বল ও শুকনা খাবারসহ বিভিন্ন ধরনের ত্রাণ বরাদ্দ দেওয়া হয়। তাঁর দাবি, অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরার ত্রাণ বরাদ্দ পরিস্থিতি তুলনামূলকভাবে ভালো।

জানা গেছে, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, সুপেয় পানি সরবরাহ, স্যানিটেশন ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য সাতক্ষীরা জেলা পরিষদকে ১ হাজার ৭০৭ দশমিক ২২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। তবে জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম মাহফুজুর রহমান জানান, উপকূলীয় অঞ্চলের গৃহহীনদের পুনর্বাসনে ঘর নির্মাণের জন্য উল্লেখিত বরাদ্দটি ১৫ থেকে ২০ বছর আগের একটি পুরোনো প্রকল্পের। সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে এ ধরনের বড় কোনো সহায়তা পাওয়া যায়নি।

মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত বলেন, জলবায়ু তহবিলের অর্থ ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রার উন্নয়নে ব্যয় না করে ব্রিজ, কালভার্ট ও অবকাঠামো নির্মাণের মতো খাতে ব্যবহার করা হয়েছে। উন্নত দেশগুলো প্যারিস চুক্তির প্রতিশ্রুতি অনুযায়ী ক্ষতিপূরণ দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। তাঁর মতে, জলবায়ু সম্মেলনগুলো অনেক সময় আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। অনুদান বা ঋণ নয়, ন্যায্যতার ভিত্তিতে ক্ষতিপূরণ চান তাঁরা।

জেলা পরিবেশ দপ্তরের কর্মকর্তা সৌমেন মৈত্র জানান, পরিবেশ অধিদপ্তরের স্বতন্ত্র কোনো উইং না থাকায় এ-সংক্রান্ত তহবিল কেন্দ্রীয়ভাবে নির্ধারিত হয়। সাধারণত সড়ক ও জনপথ অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের মতো উন্নয়নমূলক দপ্তরের মাধ্যমে জলবায়ু সহনশীলতার কাজ পরিচালিত হয়।

শ্যামনগর উপজেলা জলবায়ু পরিষদের সদস্যসচিব অধ্যক্ষ আশেক ই ইলাহী বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের মানুষের যে ক্ষতি হয়েছে, তা করুণা বা দয়া চাওয়ার বিষয় নয়; এটি তাঁদের অধিকার। মানবাধিকারের স্বীকৃতি ও ন্যায্যতার ভিত্তিতে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে। দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোর মানুষের জন্য বিশেষ বরাদ্দ থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, বিশ্বরাজনীতি ও পুঁজিবাদী রাষ্ট্রকাঠামোর কারণে আন্তর্জাতিক সম্মেলনগুলো থেকে বড় ধরনের প্রাপ্তির আশা করা কঠিন। এ বিষয়ে রাষ্ট্রকে জোরালোভাবে দাবি তুলতে হবে।
সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মইন ইসলাম জানান, জলবায়ু তহবিল থেকে জেলা প্রশাসনের সরাসরি বড় কোনো বরাদ্দ বা তহবিল পরিচালিত হয় না। সড়ক ও জনপথ অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং পানি উন্নয়ন বোর্ডের মতো বিভিন্ন দপ্তরের উন্নয়নকাজ সমন্বয় করে জেলা প্রশাসন।

চলমান ৩১তম কপ সম্মেলনে প্রধানমন্ত্রীসহ জলবায়ু আন্দোলনকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নিয়েছেন। সেখানে উপকূলীয় অঞ্চলের মানুষের দুর্ভোগ, বাস্তুচ্যুতি এবং ন্যায্য ক্ষতিপূরণের দাবি তুলে ধরার কথা বলা হয়েছে। সম্মেলনে উন্নত বিশ্বের প্রতিশ্রুতির পরিবর্তে ক্ষয়ক্ষতি তহবিল (লস অ্যান্ড ড্যামেজ ফান্ড) থেকে প্রকৃত ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সরাসরি অর্থ দেওয়ার দাবিও গুরুত্ব পাচ্ছে।

তবে আন্তর্জাতিক সম্মেলনের প্রতিশ্রুতি আর মাঠপর্যায়ের বাস্তবতার মধ্যে ব্যবধান রয়ে গেছে। নুরজাহানদের মতো নদীভাঙন ও লবণাক্ততায় ঘরবাড়ি হারানো মানুষের জন্য টেকসই বেড়িবাঁধ, সুপেয় পানি, জীবিকার সুযোগ এবং দীর্ঘমেয়াদি পুনর্বাসন নিশ্চিত না হলে উপকূল থেকে বাস্তুচ্যুত মানুষের স্রোত থামানো কঠিন হবে।