দস্যুমুক্ত সুন্দরবন চাই
মো. মামুন হাসান
আমার ক্লাসের এক ছাত্র একদিন বলেছিল, ‘স্যার, আমার বাবা বনে গেলে মা সারা রাত জায়নামাজে বসে থাকেন।’ ছেলেটি পর্যটন বিষয়ে পড়ে। তার স্বপ্ন, একদিন সুন্দরবনে গাইড হবে। অথচ তার ঘরেই বনের প্রথম পরিচয় ভয়। এই একটি বাক্যেই সুন্দরবনের পুরো সমস্যাটা ধরা পড়ে। বন এখানে শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বন একটি প্রতীক্ষারও নাম।
২০১৮ সালে আমরা সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণা করেছিলাম। বত্রিশটি দল অস্ত্র জমা দিয়েছিল, তিন শতাধিক মানুষ ফিরে এসেছিল স্বাভাবিক জীবনে। সেদিন আমরা ভেবেছিলাম, একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। কিন্তু অধ্যায় শেষ হয় না, কেবল নতুন শিরোনামে ফিরে আসে। গত দুই বছরে জেলেদের মুখে মুখে ফিরেছে পুরোনো নাম, পুরোনো ভয়। তাঁরা বলছেন, ২০২৪ সালের আগস্টের পর থেকে আবারও বনের গভীর থেকে ডাক আসতে শুরু করেছে। চলতি বছরের শুরুতে একসঙ্গে ২০ জন জেলের অপহৃত হওয়ার খবরে বোঝা গেল, ভয় ফিরে এসেছে দলবেঁধে। প্রতিমন্ত্রী নিজেই স্বীকার করেছেন, দস্যুরা আবার মাথাচাড়া দিয়েছে। এই স্বীকারোক্তিটাই আমার কাছে সবচেয়ে মূল্যবান মনে হয়েছে। কারণ, আত্মস্বীকৃতি ছাড়া কোনো আরোগ্য শুরু হয় না।
এরপর অভিযান এসেছে, আত্মসমর্পণও হয়েছে। বড় বড় দলের দলপতিরা সঙ্গীদের নিয়ে অস্ত্র জমা দিয়েছেন। একের পর এক আত্মসমর্পণের ঘটনা ঘটেছে। এ বছরের শেষ প্রান্তে এসে আমরা বলতে পারি, পরিস্থিতির উন্নতি হচ্ছে। কিন্তু অক্টোবরের শেষেও শ্যামনগরের একটি খালে গোলাগুলির ঘটনা ঘটেছে। অর্থাৎ আলো আছে, কিন্তু অন্ধকারের ছায়া পুরোপুরি সরেনি। এখানেই আমার মনে প্রশ্ন জাগে, আমরা কি সমস্যাটিকে ঠিক জায়গা থেকে দেখছি?
থমাস হবস মনে করতেন, শক্তিশালী রাষ্ট্রের অনুপস্থিতিতে মানুষের জীবন হয়ে ওঠে নিঃসঙ্গ, দরিদ্র ও ক্ষণস্থায়ী। কথাটি সত্য, তবে অর্ধেক সত্য। ম্যাক্স ওয়েবার রাষ্ট্রকে বৈধ বলপ্রয়োগের একচেটিয়া অধিকারী হিসেবে ব্যাখ্যা করেছেন। সুন্দরবনের কোনো খালে যখন বেআইনি অস্ত্রধারীরা নিজেদের ‘বাহিনী’ বলে পরিচয় দেয়, তখন বুঝতে হয়, সেখানে রাষ্ট্রের উপস্থিতি দুর্বল হয়ে পড়েছে। এই শূন্যস্থান পূরণে অভিযান প্রয়োজন, সন্দেহ নেই। কিন্তু বন্দুক দিয়ে সাময়িকভাবে শূন্যস্থান পূরণ করা গেলেও তার পেছনের কারণগুলো দূর করা না গেলে সেই শূন্যস্থান আবারও তৈরি হবে।
সেই কারণগুলোর অন্যতম দারিদ্র্য। আর দারিদ্র্য মানে কেবল অর্থের অভাব নয়। অর্থনীতিবিদ অমর্ত্য সেন শিখিয়েছেন, দারিদ্র্য হলো নিজের পছন্দমতো জীবন বেছে নেওয়ার সামর্থ্য থেকে বঞ্চিত হওয়া। যে তরুণের সামনে নদীভাঙন, ঘেরের লোকসান আর বারবার ঝড়ে ঘরবাড়ি হারানোর বাস্তবতা, তার সামনে বিকল্পের দরজা খুব কম। সেই সীমিত সুযোগের ফাঁকে কেউ অস্ত্রের প্রলোভন দেখালে সে হয়তো বুঝতেই পারে না, এর মধ্য দিয়ে সে আসলে একটি অনিশ্চিত ভবিষ্যৎ কিনছে।
আর যিনি জীবিকার সন্ধানে বনে যান, তাঁর বাস্তবতা আরও নির্মম। সমিতির ঋণ আর মহাজনের দাদন কাঁধে নিয়ে তাঁকে বনে যেতে হয়। অপহৃত হলে মুক্তিপণের টাকা জোগাড় করতে আবারও ঋণ করতে হয়। রবীন্দ্রনাথের উপেন একবার জমি হারিয়েছিল, আর সুন্দরবনের এই মানুষগুলো বারবার জীবন বন্ধক রাখেন। জমিদারের জায়গায় এখন মহাজন আর দস্যুর মুখ এক হয়ে যায়।
এই ভূখণ্ডের মানুষ এই বাস্তবতা বহু আগেই বুঝেছিল। বনবিবির পালায় দরিদ্র বালক দুখেকে রক্ষা করতে এগিয়ে আসেন বনবিবি। তাঁর বিপরীতে থাকে লোভী ধনা-মোনা এবং বাঘরূপী দক্ষিণ রায়। পালাটির বার্তা সরল, কিন্তু গভীর। বনের আসল ভয় শুধু বন্য প্রাণী নয়, মানুষের লোভও। আর বনের আসল আশ্রয় ক্ষমতা নয়, করুণা। হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের মানুষ যে বনবিবির কাছে মানত করেন, তার মধ্যেও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। এই বন কেবল সম্পদের নয়, সহাবস্থানেরও ভূমি।
মানিক বন্দ্যোপাধ্যায়ের ‘পদ্মা নদীর মাঝি’ উপন্যাসের কুবের দেখিয়েছে, মাঝির জীবন নদীর সঙ্গে যতটা লড়াই, ততটাই ক্ষুধা ও ক্ষমতার সঙ্গে লড়াই। অমিতাভ ঘোষের ‘দ্য হাংরি টাইড’ উপন্যাসেও সুন্দরবন হয়ে উঠেছে মানুষের টিকে থাকার সংগ্রাম এবং রাষ্ট্রের উপেক্ষার এক অনন্য দলিল। এসব সাহিত্যকর্ম কেবল আইনশৃঙ্খলার কথা বলে না; শেষ পর্যন্ত মানুষের জীবন ও সংগ্রামের কথাই বলে।
গ্যারেট হার্ডিন আশঙ্কা করেছিলেন, যৌথ সম্পদ ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেকে নিজের স্বার্থকে প্রাধান্য দিলে সেই সম্পদ ধ্বংস হতে পারে। কিন্তু এলিনর অস্ট্রম মাঠপর্যায়ের গবেষণায় দেখিয়েছেন, স্থানীয় মানুষকে সম্পদ ব্যবস্থাপনার নিয়ম তৈরির অংশীদার করা গেলে সেই সম্পদ দীর্ঘস্থায়ীভাবে রক্ষা করা সম্ভব। সুন্দরবনের জন্য এই শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বনের প্রতিটি বাঁক, প্রতিটি খাল যাঁদের চেনা, সেই জেলে, বাওয়ালি ও মৌয়ালদের যদি আমরা শুধু ‘অনুমতিপত্রের ক্রেতা’ হিসেবে দেখি, তাহলে বনের প্রতি তাঁদের মালিকানাবোধ ও দায়িত্ববোধ তৈরি হবে না। অথচ তাঁদের চেয়ে ভালো প্রহরী এই বনের আর কেউ হতে পারেন না। রাষ্ট্র তাঁদের সহযোগী হলে বনের পাহারা কেবল প্রশাসনিক তৎপরতায় সীমাবদ্ধ থাকবে না, স্থানীয় মানুষের অংশগ্রহণেও তা শক্তিশালী হবে।
পর্যটনের শিক্ষক হিসেবে আমি আরও একটি সত্য জানি। পর্যটক শুধু পণ্য বা সেবা কেনেন না, তাঁরা আস্থাও কেনেন। একটি অপহরণের খবর অসংখ্য পর্যটকের বুকিং বাতিল করে দিতে পারে। এর প্রথম শিকার হন পর্যটন গাইড, নৌযানচালক, হোমস্টের মালিক এবং মধু সংগ্রহকারী মানুষ। তাই সুন্দরবনকে দস্যুমুক্ত করা কেবল নিরাপত্তার প্রশ্ন নয়, এটি হাজারো পরিবারের চুলার আগুন জ্বালিয়ে রাখার প্রশ্ন।
মিশেল ফুকো মনে করিয়ে দেন, ক্ষমতা কেবল শাসন করে না, মানুষকে চিহ্নিতও করে। তাই অভিযানের নামে কোনো নিরীহ জেলে যেন সন্দেহভাজনের তালিকায় না পড়েন, তা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে আত্মসমর্পণকারীদের আইনের মুখোমুখি করার পাশাপাশি এমন জীবিকার পথ তৈরি করতে হবে, যাতে তাঁরা অপরাধজগতে ফিরে যাওয়ার প্রলোভন অনুভব না করেন। অন্যথায় চক্রটি চলতেই থাকবে। এক দল অস্ত্র জমা দেবে, আর শূন্যস্থানে নতুন নামে আরেকটি দল গড়ে উঠবে।
ইবনে খালদুন বলেছিলেন, রাষ্ট্র টিকে থাকে ন্যায়ের ওপর, আর ন্যায় প্রতিষ্ঠিত হয় জনকল্যাণের মাধ্যমে। সুন্দরবনের ক্ষেত্রে এর অর্থ স্পষ্ট। বনে রাষ্ট্রের উপস্থিতি দৃঢ় করতে হবে। জেলেদের ঋণের ফাঁদ থেকে মুক্তির ব্যবস্থা করতে হবে। আত্মসমর্পণকারীদের প্রকৃত পুনর্বাসন নিশ্চিত করতে হবে। একই সঙ্গে স্থানীয় তরুণদের জন্য বনের নিরাপত্তা, সংরক্ষণ ও পর্যটন খাতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। এসব উদ্যোগের কোনো একটি বাদ পড়লেও আমরা আবারও কেবল ঘোষণার ফাঁপা আনন্দে ফিরে যাব।
আমার সেই ছাত্রের মা এখনো হয়তো বাবার ফেরার অপেক্ষায় রাত জাগেন। আমি তাকে বলিনি, কিন্তু মনে মনে ঠিক করেছি, একদিন তাকে কোনো পর্যটক দলের সঙ্গে বনে পাঠাব। সে ফিরে এসে মাকে বলবে, ‘মা, বন আমাকে খাবার দিয়েছে, ভয় দেয়নি।’
সেদিনই ‘দস্যুমুক্ত সুন্দরবন’ আর কোনো আনুষ্ঠানিক ঘোষণা থাকবে না। সেটি হয়ে উঠবে একটি সাধারণ সকাল, যেখানে একজন মা নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবেন।
মো. মামুন হাসান, বিভাগীয় প্রধান, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ
সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট।









