পাইকগাছায় উপকূল দিবস পালিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় উপকূল দিবস পালিত হয়েছে। উপকূলের জলবায়ু বিপন্ন মানুষের সুরক্ষা ও জলবায়ু ন্যায্যতার দাবিতে পরিবেশবাদী সংগঠন বনবিবির আয়োজনে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় নতুন বাজার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বনবিবির সভাপতি, সাংবাদিক ও কলামিস্ট প্রকাশ ঘোষ বিধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কবি ও ছড়াকার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কচি। বিশেষ অতিথি ছিলেন নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি অশোক কুমার ঘোষ ও সমাজসেবক শেখর রঞ্জন ভদ্র। বক্তব্য দেন রাবেয়া বেগম, উৎপল কর্মকার, গণেশ দাশ, আলম গাজী ও আরিফুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর প্রলয়ংকরী ভোলা ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহত লাখো মানুষকে স্মরণ এবং উপকূলীয় জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিবছর বেসরকারিভাবে উপকূল দিবস পালন করা হয়। উপকূলবাসীর জীবন-জীবিকার সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরতে ১২ নভেম্বরকে সরকারি ভাবে উপকূল দিবস ঘোষণা করা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, জলবায়ু পরিবর্তন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও নদীভাঙনের ঝুঁকি মোকাবিলায় উপকূলীয় জনগোষ্ঠীর সুরক্ষা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা জরুরি। সরকারি ভাবে দিবসটি পালন করা হলে উপকূলের সংকট, সম্ভাবনা, উন্নয়ন ও নিরাপত্তার বিষয়গুলো জাতীয় পর্যায়ে আরও গুরুত্ব পাবে।









