বাংলাদেশের ভূগোলে ও ইতিহাসে ১২ নভেম্বর একটি অত্যন্ত শোকাবহ ও অবিনাশী দিন। ১৯৭০ সালের এই দিনে প্রলয়ংকরী ‘ভোলা সাইক্লোন’ ও জলোচ্ছ্বাসে প্রাণ হারিয়েছিলেন প্রায় পাঁচ লাখ মানুষ। মুহূর্তের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল অসংখ্য গ্রাম, ঘরবাড়ি ও জনপদ। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা এই দুর্যোগকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করেছে। ৫৬ বছর পেরিয়ে গেলেও সেই দুঃসহ স্মৃতির ক্ষত নিয়ে আজও বেঁচে আছেন সেদিনের বেঁচে যাওয়া মানুষ ও তাঁদের পরবর্তী প্রজন্ম। কিন্তু পরিতাপের বিষয়, এত বড় একটি জাতীয় ট্র্যাজেডির দিনটি এবং দেশের বিশাল উপকূলীয় জনগোষ্ঠীর অধিকার ও সুরক্ষার বিষয়টি দীর্ঘ দিনেও রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি।
দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে প্রায় ৭১৬ কিলোমিটার দীর্ঘ উপকূলীয় অঞ্চলে ১৯টি জেলার প্রায় পাঁচ কোটি মানুষ বসবাস করেন, যা মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ। কৃষি, মৎস্য, সুন্দরবন ও সামুদ্রিক সম্পদের ওপর নির্ভরশীল এই জনগোষ্ঠী জাতীয় অর্থনীতিতে প্রায় ২৫ শতাংশ অবদান রাখছে। অথচ প্রতিবছর উপকূলের এই মানুষজনকে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন, লবণাক্ততা, সুপেয় পানির সংকট এবং জলবায়ু পরিবর্তনজনিত নানামুখী মারসংকটের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয়। ১৯৭০ সালের পর থেকে দুর্যোগ ব্যবস্থাপনায় দেশ অনেক এগিয়েছে এবং আগাম সতর্কবার্তা ও আশ্রয়কেন্দ্র নির্মাণের ফলে প্রাণহানি অনেকাংশে কমানো সম্ভব হয়েছে। তবে উপকূলের মানুষের দীর্ঘমেয়াদি নিরাপত্তা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নদী-খাল পুনঃখনন ও সুপেয় পানির নিশ্চয়তা বিধানের ক্ষেত্রে এখনো অনেক কাজ বাকি রয়েছে।
উপকূলের এই জনপদের সংকট ও সম্ভাবনা নিয়ে কথা বলার একটি নির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরি করতে ২০১৫ সাল থেকে সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুসহ বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে বেসরকারিভাবে ১২ নভেম্বর ‘উপকূল দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। উপকূলের ১৫টি জেলার অর্ধশত স্থানে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হলেও রাষ্ট্রীয় স্বীকৃতির অনুপস্থিতি উপকূলবাসীর দীর্ঘদিনের আক্ষেপ।
কেবল অতীতের শোক স্মরণের জন্য নয়, বরং উপকূলের মানুষের জীবনমান উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বৈষম্য দূর করার তাগিদেই দিনটিকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া জরুরি। রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত হলে উপকূলীয় অঞ্চলের সুরক্ষা, সুনির্দিষ্ট নীতি প্রণয়ন এবং নীতিনির্ধারণী মহলে উপকূলবাসীর ন্যায্য দাবি আরও জোরালোভাবে উপস্থাপন করা সম্ভব হবে।
১৯৭০ সালের ১২ নভেম্বরের শহীদ ও স্বজনহারা মানুষের প্রতি শ্রদ্ধা জানাতে এবং বর্তমান প্রজন্মের একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে ১২ নভেম্বরকে ‘জাতীয় উপকূল দিবস’ হিসেবে রাষ্ট্রীয় ঘোষণা দেওয়া এখন সময়ের দাবি। উপকূল কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটি বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রাণস্পন্দন। তাই উপকূলের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা কোনো বিশেষ অঞ্চলের দাবি নয়, এটি সমগ্র জাতির নৈতিক দায়িত্ব।