বিশ্ব দয়া দিবস: সহমর্মিতার চর্চায় গড়ে উঠুক মানবিক পৃথিবী
সাকিবুর রহমান বাবলা
১৩ নভেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব দয়া দিবস। মানুষের মধ্যে দয়া, সহানুভূতি, উদারতা ও পরোপকারের চর্চা বাড়ানোর লক্ষ্যে ১৯৯৮ সাল থেকে দিবসটি উদযাপিত হয়ে আসছে। এর পেছনে রয়েছে একটি ঐতিহাসিক প্রেক্ষাপট। ১৯৯৭ সালে জাপানের টোকিওতে অনুষ্ঠিত বিশ্ব দয়া আন্দোলনের সম্মেলনের উদ্বোধন হয়েছিল ১৩ নভেম্বর। একই দিন ছিল জাপানের ‘স্মল কাইন্ডনেস মুভমেন্ট’-এর ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। সেই ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখতে ১৩ নভেম্বরকে বিশ্ব দয়া দিবস হিসেবে বেছে নেওয়া হয়। বর্তমানে কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, সিঙ্গাপুর ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের অনেক দেশে দিবসটি পালিত হয়। ইউনেসকোর মহাত্মা গান্ধী ইনস্টিটিউট অব এডুকেশন ফর পিস অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের বিভিন্ন উদ্যোগেও এর মানবিক চেতনা প্রচারিত হচ্ছে।
দয়া কোনো নির্দিষ্ট জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, রাজনৈতিক মতাদর্শ কিংবা ভৌগোলিক সীমানার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি মানুষের একটি সর্বজনীন মানবিক গুণ। অন্যের কষ্ট উপলব্ধি করা, বিপদে পাশে দাঁড়ানো, ক্ষমা করা এবং নিঃস্বার্থভাবে উপকার করার মধ্য দিয়েই এর প্রকাশ ঘটে। সমাজে মানসিক চাপ, একাকিত্ব, বিদ্বেষ ও হিংসা কমিয়ে পারস্পরিক আস্থা, সৌহার্দ্য এবং শান্তিপূর্ণ সহাবস্থান প্রতিষ্ঠা করাই দিবসটির মূল উদ্দেশ্য।
বিজ্ঞানের দৃষ্টিতে মানুষের দয়া ও সহানুভূতির পেছনে মস্তিষ্কের স্নায়বিক কার্যক্রম, হরমোন, সামাজিক শিক্ষা এবং বিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মিরর নিউরনের কার্যক্রম অন্যের আনন্দ-বেদনা উপলব্ধিতে সহায়তা করে। কাউকে সাহায্য করার সময় অক্সিটোসিন, ডোপামিন ও সেরোটোনিনের মতো রাসায়নিক উপাদান মানুষের মধ্যে ইতিবাচক অনুভূতি ও প্রশান্তি তৈরিতে ভূমিকা রাখতে পারে। সাহায্য করার পর যে আনন্দ অনুভূত হয়, মনোবিজ্ঞানে তা ‘হেলপার্স হাই’ নামে পরিচিত। বিবর্তনবাদের ব্যাখ্যায় পারস্পরিক সহযোগিতা, দলবদ্ধ জীবন এবং দুর্বলকে রক্ষার প্রবণতা মানবজাতির টিকে থাকা ও বিকাশে সহায়তা করেছে। পাশাপাশি শৈশবে পরিবার ও সামাজিক পরিবেশ থেকে পাওয়া শিক্ষা মানুষের মধ্যে সহমর্মিতার মানসিক ভিত্তি গড়ে তোলে।
আধ্যাত্মিক দর্শনেও দয়াকে মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ হিসেবে বিবেচনা করা হয়। সৃষ্টির একাত্মতার ধারণা অনুযায়ী, সব জীব একই স্রষ্টার সৃষ্টি। তাই অন্যের কষ্ট উপলব্ধি করা মানে নিজের অস্তিত্বের সঙ্গে অন্যের সম্পর্ক অনুভব করা। দয়া, ক্ষমা ও সহানুভূতি অহংকার ও স্বার্থপরতা কমিয়ে আত্মশুদ্ধি এবং স্রষ্টার নৈকট্য লাভে সহায়তা করে। কর্মফল ও মহাজাগতিক নীতির ধারণাতেও অন্যের কল্যাণে কাজ করার ইতিবাচক প্রতিদানের কথা বলা হয়েছে।
পৃথিবীর প্রধান ধর্মগুলোতেও দয়া ও মানবসেবার শিক্ষা বিশেষ গুরুত্ব পেয়েছে। ইসলামে রহমত, এতিম-দরিদ্রের সেবা, প্রতিবেশীর অধিকার এবং পশুপাখির প্রতি দয়াকে পুণ্যের কাজ বলা হয়েছে। হিন্দুধর্মে অহিংসা, করুণা ও ‘বাসুধৈব কুটুম্বকম’—সমগ্র পৃথিবী এক পরিবার—ধারণা প্রতিষ্ঠিত। বৌদ্ধধর্মে মৈত্রী ও করুণাকে মানবমুক্তির পথ হিসেবে বিবেচনা করা হয়। খ্রিষ্টধর্মে ভালোবাসা, ক্ষমা এবং ‘গোল্ডেন রুল’ বা অন্যের সঙ্গে নিজের প্রত্যাশিত আচরণ করার শিক্ষা দেওয়া হয়েছে।
দার্শনিকদের চিন্তাতেও মানবিকতার এই ভিত্তি সুস্পষ্ট। ইমানুয়েল কান্ট মানুষের মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। আর্থার শোপেনহাওয়ারের মতে, সহানুভূতিই নৈতিকতার মূল ভিত্তি। স্টোইক দার্শনিক মার্কাস অরেলিয়াস ও সেনেকা মানুষকে পরস্পরের সহযোগী হিসেবে দেখেছেন। কনফুসিয়াসের ‘রেন’ দর্শনেও মানবিকতা ও পরোপকারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
দৈনন্দিন জীবনে দয়ার চর্চা করতে বড় কোনো আয়োজনের প্রয়োজন নেই। অন্যের কথা মনোযোগ দিয়ে শোনা, তার অবস্থান থেকে পরিস্থিতি বোঝার চেষ্টা করা, ছোটখাটো সাহায্য করা, প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং ভুল হলে ক্ষমা করার মানসিকতা গড়ে তোলাই যথেষ্ট। প্রতিদিনের একটি ছোট ভালো কাজও অন্যের জীবনে বড় পরিবর্তন আনতে পারে।
ইতিহাসে গৌতম বুদ্ধ, যিশুখ্রিষ্ট ও হজরত মুহাম্মদ (সা.) দয়া, ক্ষমা ও করুণার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। সমাজসেবায় ফ্লোরেন্স নাইটিঙ্গেল, অ্যালবার্ট সোয়াইটজার, মাদার তেরেসা, নেলসন ম্যান্ডেলা, আবদুল সাত্তার ইধি ও ফ্রেড রজার্স মানবকল্যাণে স্মরণীয় হয়ে আছেন। ম্যালালা ইউসুফজাই প্রতিকূলতার মধ্যেও শিক্ষা ও শান্তির পক্ষে কাজ করে মানবিক সাহসের দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদের পাশাপাশি অসংখ্য চিকিৎসক, শিক্ষক, স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষ নীরবে মানবসেবা করে যাচ্ছেন।
বিশ্বব্যাপী গবেষণাও মানুষের পরোপকারী প্রবণতার ইতিবাচক চিত্র তুলে ধরে। ওয়ার্ল্ড গিভিং রিপোর্টের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ৯০ শতাংশ মানুষ কোনো না কোনোভাবে অন্যকে সাহায্য করেন এবং প্রায় ৬০ শতাংশ মানুষ অর্থ বা সামর্থ্য দিয়ে সহযোগিতা করেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের (ইউসিএলএ) একটি গবেষণায় বিভিন্ন সংস্কৃতিতে প্রতি দুই মিনিটে মানুষের কাছে ছোটখাটো সাহায্য চাওয়ার ঘটনা এবং প্রায় ৭৯ শতাংশ ক্ষেত্রে তাৎক্ষণিক সহযোগিতার প্রবণতা উঠে এসেছে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের আলোচনায়ও দেখা যায়, মানুষ অন্যের পরোপকারিতাকে বাস্তবের তুলনায় কম অনুমান করে। হারানো মানিব্যাগ ফেরত দেওয়ার ক্ষেত্রেও বাস্তবে সহযোগিতার প্রবণতা মানুষের প্রত্যাশার চেয়ে বেশি।
দয়ালু মানুষের স্বীকৃতি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলেসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গবেষণায় সামাজিক সহযোগিতা, সংহতি ও মানসিক সুস্থতার পারস্পরিক সম্পর্ক উঠে এসেছে। মনোবিজ্ঞানে অন্যের মহৎ কাজ দেখে অনুপ্রাণিত হওয়ার অনুভূতিকে ‘মোরাল এলিভেশন’ বলা হয়। ফলে একটি ভালো কাজের স্বীকৃতি অন্যদেরও ভালো কাজে উৎসাহিত করে। এভাবেই সৃষ্টি হয় ‘রিপল ইফেক্ট’ বা ইতিবাচক তরঙ্গ। গবেষণায় দেখা গেছে, পরোপকারী ও দয়ালু মানুষের উপস্থিতি সমাজে সামাজিক সংহতি বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সহায়তা করে। এর ফলে সামগ্রিক সুখ ও সুস্থতার ওপরও ইতিবাচক প্রভাব পড়ে।
বিশ্ব দয়া দিবস তাই কেবল আনুষ্ঠানিক উদযাপনের দিন নয়; এটি মানবিক মূল্যবোধ জাগ্রত করার অঙ্গীকার ও চর্চার উপলক্ষ। বিজ্ঞান, ধর্ম, দর্শন ও ইতিহাস—সব ক্ষেত্রেই দয়ার গুরুত্ব স্বীকৃত। মানুষের প্রকৃত শ্রেষ্ঠত্ব ক্ষমতা, সম্পদ কিংবা পদমর্যাদায় নয়, বরং অন্যের প্রতি তার আচরণে। তাই আসুন, প্রতিদিন অন্তত একটি ভালো কাজ করার অভ্যাস গড়ে তুলি। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও নিঃস্বার্থ সহযোগিতার মাধ্যমে এমন একটি পৃথিবী গড়ে তুলি, যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এবং ভালোবাসা ও সম্প্রীতিই হবে সমাজের প্রধান শক্তি।









