বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১০:৫৩ অপরাহ্ণ
বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বারদহা বাজারে কিশোর রাফাত হোসেনের (১৭) মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দীর্ঘদিনেও ঘটনার রহস্য উদ্ঘাটন ও বিচার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তাঁরা জানিয়েছেন, সুষ্ঠু বিচার না পেলে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন এবং সরাসরি স্মারকলিপি দিয়ে এ ঘটনার বিচার দাবি করবেন।

স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং আদালতে অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আবুল কালাম গাজী। এতে সভাপতিত্ব করেন আব্দুল কুদ্দুস গাজী। বক্তব্য দেন আব্দুল কাদের বিশ্বাস, আব্দুল লতিফ সরদার, বাবু মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, কিশোর রাফাত হোসেনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুরু থেকেই নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। রাফাতের পরিবারের অভিযোগ, তাকে হত্যার পর মুরগির খামারে ঝুলিয়ে রেখে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এখনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে হতাশা বাড়ছে। ন্যায়বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করেও তাঁরা কাঙ্ক্ষিত প্রতিকার পাচ্ছেন না।

সিআইডির তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন থাকলেও তদন্তের অগ্রগতি নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা উদ্বেগ ও প্রশ্ন রয়েছে। অর্থের বিনিময়ে তদন্তের গতিপথ পরিবর্তনের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তাঁরা। তবে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরার দাবি জানান বক্তারা। একই সঙ্গে কোনো ব্যক্তি বা প্রভাবশালী মহল যেন তদন্তকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও তদন্তকারী সংস্থার কঠোর নজরদারি কামনা করেন তাঁরা।

বক্তারা আরও বলেন, একজন কিশোরের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার পাওয়ার জন্য তার পরিবারকে বারবার রাজপথে দাঁড়াতে হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক। একটি পরিবারের সন্তান হারানোর শোকের পাশাপাশি বিচার পাওয়ার অনিশ্চয়তা তাদের আরও অসহায় করে তুলেছে। অপরাধী যে-ই হোক, তার সামাজিক, রাজনৈতিক বা আর্থিক পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধন থেকে রাফাতের মৃত্যুর প্রকৃত রহস্য দ্রুত উদ্ঘাটন, সিআইডির নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং আদালতে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এলাকাবাসী।

 

Ads small one

বাঁচতে চান মো. আবু সিদ্দিক, ক্যানসার চিকিৎসায় প্রয়োজন মানবিক সহযোগিতা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
বাঁচতে চান মো. আবু সিদ্দিক, ক্যানসার চিকিৎসায় প্রয়োজন মানবিক সহযোগিতা

0-0x0-0-0#

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে বেঁচে থাকার আকুতি জানাচ্ছেন পঞ্চাশোর্ধ্ব মো. আবু সিদ্দিক। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থের সংকটে পড়েছেন তিনি। তাঁর পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয়ভার বহন করা কঠিন হয়ে পড়েছে। ইতিমধ্যে চিকিৎসার পেছনে পরিবারের সঞ্চয় ও সহায়-সম্বল ব্যয় হয়ে গেছে বলে জানিয়েছেন স্বজনেরা।

অসহায় পরিবারটি সমাজের বিত্তবান, হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছে। সামান্য সহযোগিতাও তাঁর চিকিৎসা চালিয়ে যেতে সহায়তা করতে পারে।

সাহায্য পাঠানোর ঠিকানা:

বিকাশ (পার্সোনাল): ০১৭৫১৬৮৪৭০৫।

জনতা ব্যাংক অ্যাকাউন্ট নম্বর: ০১০০২৯৪৮২৩৭১৩।

রোগীর নাম: মো. আবু সিদ্দিক।

ঠিকানা: পাঁচরখী পূর্বপাড়া, ১ নম্বর বাঁশদহা ইউনিয়ন, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা।

মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে অসুস্থ মো. আবু সিদ্দিকের পাশে দাঁড়ানোর জন্য সবার প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি

নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসন ও আইনি অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে অধিকারের নেটওয়ার্ক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১০ অপরাহ্ণ
নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসন ও আইনি অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ে অধিকারের নেটওয়ার্ক সভা

সংবাদদাতা: সাতক্ষীরায় নির্যাতনের শিকার ব্যক্তিদের পুনর্বাসন, আইনি অধিকার প্রতিষ্ঠা এবং শক্তিশালী মানবাধিকার নেটওয়ার্ক গড়ে তোলার প্রত্যয়ে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের আল বারাকা পিজ্জা মিলানোর সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অধিকারের সাতক্ষীরা জেলা সমন্বয়কারী সাংবাদিক মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং মানবাধিকারকর্মী শাহ জাহান আলীর সঞ্চালনায় সভায় সীমান্তে বিএসএফের গুলিতে আহত ব্যক্তি, বিভিন্ন সময়ে গুম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আহত ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন। এ ছাড়া শিক্ষক, আইনজীবী, জেলার মানবাধিকারকর্মী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় ভুক্তভোগী ও তাঁদের পরিবারের সদস্যরা অতীতে ঘটে যাওয়া নির্যাতন, হয়রানি এবং বর্তমানে মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরেন। তাঁরা এসব ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান।

জিয়াউর রহমান ফাউন্ডেশন অত্যন্ত নীরবে-নিভৃতে মানুষের জন্য কাজ করে যাচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
জিয়াউর রহমান ফাউন্ডেশন অত্যন্ত নীরবে-নিভৃতে মানুষের জন্য কাজ করে যাচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

পত্রদূত ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে অত্যন্ত নীরবে-নিভৃতে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। চিকিৎসাবঞ্চিত মানুষ, অর্থাভাবে পড়াশোনা চালাতে না পারা শিক্ষার্থী কিংবা গুম-খুনের শিকার পরিবার ও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এই প্রতিষ্ঠান।

তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে, ২০২৬’-এর খুলনা বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়নের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সমাজের বিরাজমান সমস্যার সমাধানের পথ খোঁজার চেষ্টা দেখে তিনি মুগ্ধ হয়েছেন। শিক্ষার্থীদের প্রতিটি উদ্যোগে দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ উত্তরণের পথ খোঁজার চেষ্টা অত্যন্ত আশাব্যঞ্জক। মানুষের জীবন বদলে দিতে পারে এমন উদ্যোগ নিয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন তাদের কাজের ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, প্রকৌশল বিষয়ের শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ কর্মসূচি এবং শিল্প পুনরুজ্জীবনে বেগম খালেদা জিয়ার ২০০৫ সালের ঘোষণা অনুযায়ী খুলনা অঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, ‘একটি উদ্যোগ, একটি চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’—এই স্লোগান সামনে রেখে জিয়াউর রহমান ফাউন্ডেশনের আয়োজনে তরুণ প্রজন্মের অংশগ্রহণে বিজ্ঞানবিষয়ক উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দ্রুত বাস্তবায়িত হবে।

বিজ্ঞান মেলা আয়োজক কমিটির সদস্যসচিব অধ্যাপক ড. মোস্তফা আজিজ সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ শামীমুর রহমান শামীম।

স্বাগত বক্তব্য দেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী। অনুষ্ঠান পরিচালনা করেন মেলা আয়োজক কমিটির সদস্যসচিব কৃষিবিদ ড. এস এম ফেরদৌস। পরে প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।