বারদহায় রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বারদহা বাজারে কিশোর রাফাত হোসেনের (১৭) মৃত্যুর রহস্য উদ্ঘাটন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। দীর্ঘদিনেও ঘটনার রহস্য উদ্ঘাটন ও বিচার নিশ্চিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে তাঁরা জানিয়েছেন, সুষ্ঠু বিচার না পেলে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হবেন এবং সরাসরি স্মারকলিপি দিয়ে এ ঘটনার বিচার দাবি করবেন।
স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং আদালতে অপরাধ প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়নপ্রত্যাশী আবুল কালাম গাজী। এতে সভাপতিত্ব করেন আব্দুল কুদ্দুস গাজী। বক্তব্য দেন আব্দুল কাদের বিশ্বাস, আব্দুল লতিফ সরদার, বাবু মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, কিশোর রাফাত হোসেনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শুরু থেকেই নানা প্রশ্ন ও সন্দেহের সৃষ্টি হয়েছে। রাফাতের পরিবারের অভিযোগ, তাকে হত্যার পর মুরগির খামারে ঝুলিয়ে রেখে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচারের চেষ্টা করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এখনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে হতাশা বাড়ছে। ন্যায়বিচারের দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন কর্মসূচি পালন করেও তাঁরা কাঙ্ক্ষিত প্রতিকার পাচ্ছেন না।
সিআইডির তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, বর্তমানে মামলাটি সিআইডির তদন্তাধীন থাকলেও তদন্তের অগ্রগতি নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা উদ্বেগ ও প্রশ্ন রয়েছে। অর্থের বিনিময়ে তদন্তের গতিপথ পরিবর্তনের অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তাঁরা। তবে এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত করে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরার দাবি জানান বক্তারা। একই সঙ্গে কোনো ব্যক্তি বা প্রভাবশালী মহল যেন তদন্তকে প্রভাবিত করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসন ও তদন্তকারী সংস্থার কঠোর নজরদারি কামনা করেন তাঁরা।
বক্তারা আরও বলেন, একজন কিশোরের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচার পাওয়ার জন্য তার পরিবারকে বারবার রাজপথে দাঁড়াতে হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক। একটি পরিবারের সন্তান হারানোর শোকের পাশাপাশি বিচার পাওয়ার অনিশ্চয়তা তাদের আরও অসহায় করে তুলেছে। অপরাধী যে-ই হোক, তার সামাজিক, রাজনৈতিক বা আর্থিক পরিচয় বিবেচনা না করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনতে হবে।
মানববন্ধন থেকে রাফাতের মৃত্যুর প্রকৃত রহস্য দ্রুত উদ্ঘাটন, সিআইডির নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার এবং আদালতে অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন এলাকাবাসী।












