শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় ১০ বছরের শিশুর বাল্যবিবাহ সম্পন্ন করানোর অভিযোগ থানায়

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:২২ অপরাহ্ণ
সাতক্ষীরায় ১০ বছরের শিশুর বাল্যবিবাহ সম্পন্ন করানোর অভিযোগ থানায়

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নে ১০ বছর ৯ মাস বয়সী এক কন্যাশিশুর সঙ্গে ১৭ বছর ১১ মাস বয়সী এক কিশোরের বাল্যবিবাহ সম্পন্ন করানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত নিকাহ রেজিস্টারসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সাতক্ষীরা সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সদস্য সচিব ফাতেমা জোহরা বাদী হয়ে এ লিখিত আবেদন করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর রাতে সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা এলাকায় ওই অপ্রাপ্তবয়স্ক শিশু ও কিশোরের বাল্যবিবাহ সম্পন্ন হয়। এ সময় বর-কনে এবং উভয় পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন। ইউনিয়নের বিবাহ ও নিকাহ রেজিস্টার মাও. আলাউল করিম নিজে উপস্থিত থেকে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া নিকাহ রেজিস্টার বিবাহ রেজিস্ট্রেশন ফি বাবদ নগদ দুই হাজার টাকা গ্রহণ করেন। তবে বর ও কনে উভয়ের আইনানুগ বিবাহের বয়স পূর্ণ হলে রেজিস্ট্রেশনের বিষয়টি সম্পন্ন করা হবে বলে জানানো হয়। এ সময় সংশ্লিষ্ট নকল রেজিস্ট্রেশন বহিতে বর-কনের স্বাক্ষর নেওয়া হয়। ঘটনার বিষয়ে দুই শিশুর অভিভাবকসহ সংশ্লিষ্টদের স্বীকারোক্তি পাওয়া গেছে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

বাল্যবিবাহের শিকার কন্যাশিশুটি স্থানীয় বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে, অপ্রাপ্তবয়স্ক কিশোরটি পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা এবং সে সাতক্ষীরা শহরের একটি মোটর গ্যারেজে কাজ করে। এত অল্প বয়সে বিয়ে সম্পন্ন হওয়ার ঘটনায় শিশুটির শিক্ষা, নিরাপত্তা এবং শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর সাতক্ষীরা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা ও স্বীকারোক্তি গ্রহণ করা হয়। একই সঙ্গে উক্ত বাল্যবিবাহের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী সময়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি ও উপজেলা বাল্যবিবাহ নিরোধ কমিটির সভায় বিষয়টি আলোচনা হয় এবং সর্বসম্মতিক্রমে আইনানুগ পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোহাম্মদ সাকিবুর রহমানের দেওয়া তথ্য ও অভিযোগের ভিত্তিতে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে দুই শিশুর অভিভাবকদের স্বীকারোক্তি এবং ঘটনার সত্যতা যাচাইয়ের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্তের নির্দেশক্রমে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে নিকাহ রেজিস্টার মাও. আলাউল করিমের ভূমিকা, দায়িত্ব ও আইনগত এখতিয়ার, টাকা গ্রহণ এবং নকল রেজিস্ট্রেশন বহিতে স্বাক্ষর নেওয়ার বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ ও যাচাই করে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, কন্যাশিশুটির শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রশাসনের জারি করা নিষেধাজ্ঞা কার্যকর রাখার অনুরোধ করা হয়েছে।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা জানান, বিষয়টি জানার পর অফিস থেকে সেখানে গিয়ে বিয়ে বন্ধ করে দেওয়া হয়। উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের বোঝানোর পর মুচলেকা নিয়ে তাদের আলাদা করে দেওয়া হয়েছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত জানান, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে এবং বাল্যবিবাহ নিরোধ আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন সচেতন মহল।

Ads small one

মিটিয়ে দেব সব

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
মিটিয়ে দেব সব

জিয়াউদ্দিন লিটন
তুমি এসো
যেভাবে সন্ধ্যা নামলেই
আমাদের সেই পুরোনো গলিটা
অকারণে তোমার বাড়ির দিকে বাঁক নিত,
আর আমি জানতামÑ
আজও তোমার ফেরার কোনো খবর নেই।
সঙ্গে করে নিয়ে এসো সেই বিকেলটা,
যেদিন গাছটার নিচে বসে
তুমি আমার হাতের ওপর হাত রেখে বলেছিলে,
এখান থেকে কোথাও যেও না।
অথচ চলে গিয়েছিলে-
শুধু কথাটা থেকে গিয়েছিল।
আমি জানি,
তুমি কোনো দিন নও-
তুমি সেই অসমাপ্ত কথোপকথন,
যার শেষ বাক্যটি
আজও ঘুম ভাঙার পর
মনে পড়ে না।
তুমি এলে
মিটিয়ে দেব সব-
কোনো হিসাবের খাতা খুলব না।
শুধু তোমার চোখের নিচে জমে থাকা
ক্লান্তির ছায়ায় হাত রাখব,
আমার এতদিনের নীরবতা
তোমার সামনে বসিয়ে দেব।
আমাদের মাঝখানে যে দূরত্ব
ধীরে ধীরে মানুষ হয়ে উঠেছিল,
তার পাশে দুজন
আরেকবার দাঁড়াব।
তোমাকে হারানোর পর
আমার ঘরটা ঠিক আগের মতোই আছে

শুধু জানালার পাশে রাখা চেয়ারটিতে
কেউ আর বসে না।
রাত গভীর হলে মাঝে মাঝে মনে হয়,
তুমি বুঝি এসে বসেছ

শুধু আমাকে ডাকছ না।
তুমি এলে
তোমার চুলের কাছে মুখ নিয়ে
খুঁজব সেই পরিচিত গন্ধ,
যা কোনো সুগন্ধির বোতলে ছিল নাÑ
ছিল তোমার শরীরের সঙ্গে মিশে থাকা
একটি সম্পূর্ণ বিকেল।

আমার বুকের ভেতর
এতদিন যে কথাগুলো
কাউকে বলা হয়নি,
সেগুলো তোমার হাতের মুঠোয়
নিঃশব্দে রেখে দেব।
যদি পৃথিবী জিজ্ঞেস করে
তুমি কে?
বলবে,
আমি সেই দিন,
যেদিন কোনো বিশেষ কারণ ছাড়াই
তুমি প্রথম আমার পাশে বসেছিলে
আর একটি সাধারণ বিকেল
আমাদের দুজনের হয়ে গিয়েছিল।
আর যদি আমি জিজ্ঞেস করি
এত দেরি হলো কেন?

তুমি হয়তো হাসবে,
তারপর বলবে

দেরি হয়নি।
তুমি যেখানে আমাকে শেষবার ছেড়ে গিয়েছিলে,
আমি সেখানেই ছিলামÑ
শুধু তুমি ফিরে তাকাওনি।

তারপর কোনো শপথ নয়,
কোনো নতুন শুরুর ঘোষণা নয়।
শুধু সেই পুরোনো গাছটার নিচে
দুজন পাশাপাশি বসব
এবার ভবিষ্যতের দিকে নয়,
একে অন্যের দিকে তাকিয়ে।

তুমি এসো-
মিটিয়ে দেব সব।

শুধু ভালোবাসার যে ঋণ
তুমি না জেনেই আমার ভেতর রেখে গিয়েছিলে,
তার কোনো হিসাব রাখব না।

কিছু ঋণ শোধ হয়ে গেলে
মানুষের ভেতর থেকে
একটা প্রিয় প্রতীক্ষাও মরে যায়।

ব্রাত্য

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
ব্রাত্য

তৈমুর খান
আমি কাহারও পছন্দের পাত্র হইলাম না
আমি স্রোতে ভাসিয়া আসিয়া
কিনারায় লাগিয়াছি
আমাকে কেহ অনুগ্রহ করিল না
কোনো কোনো ধনীর ভিতর কাঙাল বসবাস করে
কোনো কোনো কাঙালের ভিতর ধনীকেও থাকিতে দেখিয়াছি
সকলে একে একে পার হইয়া চলিয়া গেল
কেহই তেমন উৎসাহ দেখাইল না
আমি দুঃখের সমুদ্রে পড়িয়া আপন মনে কাঁদিলাম
কিন্তু কাহাকেও শুনাইলাম না
একটা প্রবল ঝড় আসিয়া
আমাকে পুনরায় যুগস্রোতে ঠেলিয়া দিল
আমি হাত-পা আছড়াইতে আছড়াইতে চলিতে লাগিলাম
কেহ আমাকে চিনিল না
কেহ আমাকে থামাইল না
সবারই বড়ো তাড়া রহিয়াছে
গৃহে উৎসব
বহু লোকজন আসিয়াছে
দ্রুত যাইতে হইবে
আমার দিকে চাহিবার কাহারও সময় হইল না

একদা খেয়াল বেলা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ণ
একদা খেয়াল বেলা

নাসির আহমেদ
একদা মায়া ছায়ার শৈশব
সদ্য ফোটা সূর্যের মতন হেসেছিল
সময় চাকা গড়িয়েছে খেয়ালের আড়ালে
রঙিন চশমায় হেঁটে যাওয়া পথ
পথের ভাবনার বুকটাকে চিঁড়ে হয়নি দেখা
মানুষ হাট পাড়ের নদীর দু’ কুল।
আহারে আহামরি বেলা
কবিতার মতোন করে সাজানো হলোনা তোমায়,
চরণ যুগলে হলোনা পাশাপাশি হাটা।

শিকেয়তোলা হয়নি সযতনে যাতনা
হুলোহুলো বিড়ালের মিউ মিউ চারিপাশ
চোখে চোখে চোখাচোখি
তাড়াতে পারিনি আগামির কল্যাণে…..
হুশহুশ শব্দ করে
এ কেমন মানব জমিনে সভ্যতার
একজন আমি!