বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’

চেনা দেশের অচেনা পথ আর অজানা সব মানুষের গল্প নিয়ে শুরু হলো ভিন্নমাত্রার ট্র্যাভেল ডকুমেন্টারি সিরিজ ‘রুচি প্রেজেন্টস গানচিল পথের গল্প’। গত ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর একটি ক্যাফেতে হবিগঞ্জের চণ্ডীগড় চা বাগানের শিল্পীদের গানের মধ্য দিয়ে এই সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো আয়োজনে আলো ছড়িয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ও প্রকৃতিপ্রেমী জয়া আহসান। উদ্বোধনী আসরে প্রদর্শিত হয় সিরিজের বিশেষ পর্ব ‘কাছিমের বাপ’। যেখানে আব্দুল লতিফ নামের এক ব্যক্তির ২৪ বছর ধরে কচ্ছপ সংরক্ষণের মানবিক লড়াই তুলে ধরা হয়েছে। লতিফ এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি কচ্ছপকে সমুদ্রে অবমুক্ত করে নতুন জীবন দিয়েছেন।

প্রামাণ্যচিত্রটি দেখার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জয়া আহসান বলেন, “আমরা নিজেদের জীবনে এত ব্যস্ততার মধ্যে ডুবে গেছি যে, এই কচ্ছপদের কথা ভাবা বা আমাদের আশেপাশে যে এমন অসাধারণ সব গল্প আছে, সেসব দেখার সময় বা সুযোগ আমাদের কোথায়! নির্মাতা আলী এবং গানচিলের কাছ থেকে এমন আরও অনেক অনেক পথের গল্প আমরা দেখতে চাই।”

অনুষ্ঠানে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম বলেন, “এটি হবে একটি অনন্য প্ল্যাটফর্ম, যা চেনা দেশের আনাচে-কানাচে লুকিয়ে থাকা সাংস্কৃতিক বৈচিত্র্য ও ভিন্নধর্মী জীবনযাপন তুলে ধরবে।”

গানচিলের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল তাঁর বক্তব্যে বলেন, “আমরা পরবর্তী প্রজন্মের জন্য এমন কিছু রেখে যেতে চাই, যাতে তারা বাংলাদেশকে দেখার একটি নতুন চোখ পায়।” সিরিজের নির্মাতা মোহাম্মদ আলী জানান, বাংলাদেশকে একটি নতুন লেন্সের মাধ্যমে সবার সামনে তুলে ধরার লক্ষ্য নিয়েই এই যাত্রা শুরু হয়েছে।

লুৎফর হাসান ও তামান্না সেতুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোহসীন-উল-হাকিম, পর্যটক সহোদর অণু ও অপু তারেক, সিনেমাটোগ্রাফার রাশেদ জামানসহ শতাধিক কন্টেন্ট ক্রিয়েটর। মোহাম্মদ আলীর পরিচালনায় ‘গানচিল পথের গল্প’-এর পর্বগুলো নিয়মিত দেখা যাবে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

Ads small one

খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও তীরবর্তী সাতটি বালুর গাঁদা জব্দ, একজনকে জরিমানা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
খোলপেটুয়া নদী থেকে ড্রেজারসহ চারটি বোট ও তীরবর্তী সাতটি বালুর গাঁদা জব্দ, একজনকে জরিমানা

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে খোলপেটুয়া নদীতে অভিযান চালিয়ে ড্রেজারসহ চারটি বোট জব্দ করেছে প্রশাসন। এ সময় নদীর তীরবর্তী আবু মুছা ও কামরুজ্জামান কোম্পানিসহ মোট সাতটি প্রতিষ্ঠানের বালুর গাঁদা জব্দ করা হয়। এ ছাড়া অবৈধভাবে উত্তোলন করা বালু ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আবু মুছা কোম্পানির ম্যানেজার আনিছুর রহমানকে জরিমানা করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপরিদর্শক সনজিত ছাড়াও শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান লিটন, শিক্ষা সম্পাদক আরিফুর রহমান এবং উপজেলা প্রশাসন ও শ্যামনগর থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, ইজারা না থাকলেও আব্দুর রহমান বাবু ও যুবদলের সদস্যসচিব আনোয়ারুল ইসলাম আঙ্গুরের নেতৃত্বে কিছু ব্যক্তি অবৈধভাবে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করছিলেন। বিষয়টি নিয়ে স্থানীয় গ্রামবাসী ও সুধীজনেরা নদীভাঙনের আশঙ্কা জানিয়ে প্রশাসনের কাছে অবৈধ বালু উত্তোলন বন্ধের আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সকাল থেকে শুরু হওয়া অভিযানে খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার স্থাপন করা অবস্থায় চারটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়। পরে নওয়াবেঁকী ও আটুলিয়া এলাকায় নদীর চরে গড়ে তোলা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানাধীন সাতটি বালুর গাঁদা জব্দ করা হয়।

এ সময় আবু মুছার মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আনিছুর রহমানকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়। জব্দ করা বালুর গাঁদা ও ইঞ্জিনচালিত বোটগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সময়ে মূল্য নির্ধারণ করে সেগুলো প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে এবং বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।

 

শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

নিজস্ব প্রতিনিধি: শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, ঝরে পড়া রোধ ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়াতে সাতক্ষীরা শহরের দক্ষিণ কাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পারিবারিক অর্থায়নে মিড ডে মিল কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিদ্যালয়টিতে প্রতিদিন ভিন্ন ভিন্ন খাবার পরিবেশন করা হয়। খাবারের তালিকায় রয়েছে খিচুড়ি ও মুরগির মাংসসহ বিভিন্ন পদ।

কার্যক্রমে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রহমান, সহকারী শিক্ষিকা শামসুন্নাহার, ছাবিরা আক্তার, জামিলা খাতুন, হাফিজা খাতুন এবং দপ্তরি-কাম-প্রহরী আলামিন ইসলাম।

বিদ্যালয় সূত্রে জানা যায়, মিড ডে মিল চালুর আগে শিক্ষার্থীদের গড় উপস্থিতি ছিল ৬০ থেকে ৬৫ শতাংশ। বর্তমানে তা বেড়ে ৯০ শতাংশের বেশি হয়েছে। একই সঙ্গে কমেছে শিক্ষার্থী ঝরে পড়ার হার। বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ১৬০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে।

মিড ডে মিলের অর্থায়নে সহযোগিতা করছেন প্রধান শিক্ষক সানজিনা শাহনাজের বড় ভাই ডা. মেহেদী নেওয়াজ। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক উপাধ্যক্ষ ও অর্থোপেডিক সার্জন। বর্তমানে তিনি গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকেরা জানান, খাবারের প্রতি আকর্ষণ বাড়ায় শিশুরা এখন নিয়মিত বিদ্যালয়ে আসছে। পাশাপাশি শ্রেণিকক্ষে তাদের মনোযোগ ও অংশগ্রহণও বেড়েছে।

প্রধান শিক্ষক সানজিনা শাহনাজ বলেন, শিক্ষার্থীদের শুধু খাবার দেওয়া নয়, বরং তাদের নিয়মিত বিদ্যালয়ে আসা, পড়াশোনায় আগ্রহী করা এবং সুস্থভাবে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য। ভবিষ্যতে আরও পুষ্টিকর ও বৈচিত্র্যময় খাবার পরিবেশনের পরিকল্পনা রয়েছে। প্রধান শিক্ষকের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যরা।

ঝিকরগাছায় সরকারি পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ লাখ টাকার মাছ নিধন

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ
ঝিকরগাছায় সরকারি পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৫ লাখ টাকার মাছ নিধন

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা: যশোরের ঝিকরগাছায় সরকারি কালেক্টরি পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৫ লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন পুকুরের ইজারাদারেরা। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার লাউজানি গ্রামের সরকারি কালেক্টরি পুকুরে। অভিযোগকারী আনোয়ার হোসেন (৪০) লাউজানি গ্রামের হোসেন আলীর ছেলে এবং সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।

অভিযোগ সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন ও তাঁর ব্যবসায়িক অংশীদার মোরশেদ আলম স্বপন (৩০) দীর্ঘদিন ধরে ১ দশমিক ৮৬ একর আয়তনের সরকারি কালেক্টরি পুকুরটি ইজারা নিয়ে মাছ চাষ করে আসছেন। গত দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় অজ্ঞাতনামা ব্যক্তিরা পরিকল্পিতভাবে পুকুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে বলে অভিযোগ করা হয়েছে।

সকালে পুকুরে গিয়ে আনোয়ার হোসেন দেখতে পান, অধিকাংশ মাছ মরে পানির ওপর ভেসে উঠেছে। এতে তাঁদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনায় আনোয়ার হোসেন ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ঝিকরগাছা থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।