শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ণ
চেনা দেশের অচেনা গল্প তুলে ধরবে ‘পথের গল্প’

চেনা দেশের অচেনা পথ আর অজানা সব মানুষের গল্প নিয়ে শুরু হলো ভিন্নমাত্রার ট্র্যাভেল ডকুমেন্টারি সিরিজ ‘রুচি প্রেজেন্টস গানচিল পথের গল্প’। গত ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর একটি ক্যাফেতে হবিগঞ্জের চণ্ডীগড় চা বাগানের শিল্পীদের গানের মধ্য দিয়ে এই সিরিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরো আয়োজনে আলো ছড়িয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ও প্রকৃতিপ্রেমী জয়া আহসান। উদ্বোধনী আসরে প্রদর্শিত হয় সিরিজের বিশেষ পর্ব ‘কাছিমের বাপ’। যেখানে আব্দুল লতিফ নামের এক ব্যক্তির ২৪ বছর ধরে কচ্ছপ সংরক্ষণের মানবিক লড়াই তুলে ধরা হয়েছে। লতিফ এখন পর্যন্ত ৫০ হাজারেরও বেশি কচ্ছপকে সমুদ্রে অবমুক্ত করে নতুন জীবন দিয়েছেন।

প্রামাণ্যচিত্রটি দেখার পর নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জয়া আহসান বলেন, “আমরা নিজেদের জীবনে এত ব্যস্ততার মধ্যে ডুবে গেছি যে, এই কচ্ছপদের কথা ভাবা বা আমাদের আশেপাশে যে এমন অসাধারণ সব গল্প আছে, সেসব দেখার সময় বা সুযোগ আমাদের কোথায়! নির্মাতা আলী এবং গানচিলের কাছ থেকে এমন আরও অনেক অনেক পথের গল্প আমরা দেখতে চাই।”

অনুষ্ঠানে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম বলেন, “এটি হবে একটি অনন্য প্ল্যাটফর্ম, যা চেনা দেশের আনাচে-কানাচে লুকিয়ে থাকা সাংস্কৃতিক বৈচিত্র্য ও ভিন্নধর্মী জীবনযাপন তুলে ধরবে।”

গানচিলের প্রতিষ্ঠাতা আসিফ ইকবাল তাঁর বক্তব্যে বলেন, “আমরা পরবর্তী প্রজন্মের জন্য এমন কিছু রেখে যেতে চাই, যাতে তারা বাংলাদেশকে দেখার একটি নতুন চোখ পায়।” সিরিজের নির্মাতা মোহাম্মদ আলী জানান, বাংলাদেশকে একটি নতুন লেন্সের মাধ্যমে সবার সামনে তুলে ধরার লক্ষ্য নিয়েই এই যাত্রা শুরু হয়েছে।

লুৎফর হাসান ও তামান্না সেতুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোহসীন-উল-হাকিম, পর্যটক সহোদর অণু ও অপু তারেক, সিনেমাটোগ্রাফার রাশেদ জামানসহ শতাধিক কন্টেন্ট ক্রিয়েটর। মোহাম্মদ আলীর পরিচালনায় ‘গানচিল পথের গল্প’-এর পর্বগুলো নিয়মিত দেখা যাবে তাদের নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

Ads small one

ফের চাঙা স্বর্ণের বাজার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩৬ পূর্বাহ্ণ
ফের চাঙা স্বর্ণের বাজার

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি এবং কঠোর মুদ্রানীতির বার্তা পাশ কাটিয়ে এবং তেলের দাম হ্রাসের ফলে টানা দ্বিতীয় সেশনে স্বর্ণের দাম এক সপ্তাহের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্পট মার্কেটে স্বর্ণের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৩৭৮ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার্স মূল্য শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৪১৮ দশমিক ৫০ ডলারে পৌঁছেছে।

বাইবিটের চিফ মার্কেট অ্যানালিস্ট হান টান বলেছেন, ফেডের কঠোর মুদ্রানীতির ইঙ্গিতকে খুব একটা পাত্তা দেয়নি মূল্যবান এই ধাতু। বরং ফেডের সুদের হার বাড়ানোর চক্রটি সীমিত হতে পারে এমন আশার পাশাপাশি তেলের দাম হ্রাসের কারণে স্বর্ণ তাৎক্ষণিক স্বস্তি খুঁজে পেয়েছে। যদিও মুদ্রাস্ফীতির বিরুদ্ধে ঐতিহ্যগত হেজ বা সুরক্ষাকবচ হিসেবে স্বর্ণকে দেখা হয়, তবে উচ্চ সুদের হার ফলনশীল সম্পদের আকর্ষণ বাড়িয়ে স্বর্ণের চাহিদা কমিয়ে দিতে পারে।

গত বুধবার মার্কিন ফেডারেল রিজার্ভ সামনের মাসগুলোতে আরও সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছিল। গোল্ডম্যান স্যাকস এক নোটে জানিয়েছে, তারা আশা করছে কঠোর মুদ্রানীতির প্রভাব স্বর্ণের চূড়ান্ত দাম কমার চেয়ে স্বল্পমেয়াদি বৃদ্ধির গতি শ্লথ করার মাধ্যমেই মূলত অনুভূত হবে।

এদিকে স্পট রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৭ দশমিক ০৩ ডলারে উঠেছে। প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ৮১৪ দশমিক ৫৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ৩ দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৩১ দশমিক ৯৫ ডলারে। এ ছাড়া সপ্তাহের ব্যবধানে সব মূল্যবান ধাতুর দামই বাড়ার পথে রয়েছে।

কলারোয়ায় রাজনগর মাদ্রাসায় অবৈধ নিয়োগ বোর্ড বাতিলের দাবি

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ
কলারোয়ায় রাজনগর মাদ্রাসায় অবৈধ নিয়োগ বোর্ড বাতিলের দাবি

সংবাদদাতা: কলারোয়া উপজেলার ছোট রাজানগর দাখিল মাদ্রাসায় নৈশপ্রহরী ও অফিস সহায়ক পদে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে। নির্দিষ্ট প্রার্থীকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ বোর্ড আয়োজনের চেষ্টার অভিযোগ তুলে কথিত অবৈধ নিয়োগ বোর্ড বাতিল করে স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় নিয়োগের দাবি জানিয়েছেন এক প্রার্থীর স্বামী।

১৭ সেপ্টেম্বর রাতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অফিস সহায়ক পদে আবেদনকারী জাকিয়া সুলতানার স্বামী মো. ফিরোজ আলম এসব অভিযোগ করেন।

তিনি দাবি করেন, ১৮ সেপ্টেম্বর সকাল ৮টায় নিয়োগ পরীক্ষা হওয়ার কথা থাকলেও পরীক্ষার মাত্র কয়েক ঘণ্টা আগে প্রবেশপত্র দেওয়া হয়েছে।

অভিযোগ অস্বীকার করে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট বজলুল করিম জানান, এসব বক্তব্য মিথ্যা ও ভিত্তিহীন। নোটিশের মাধ্যমে সবাইকে জানিয়ে নিয়ম অনুযায়ী প্রবেশপত্র দেওয়া হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আসাদুজ্জামান আসাদও অভিযোগগুলো অস্বীকার করেছেন।

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ণ
আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলের বিভিন্ন চিংড়ি ঘের থেকে রাতের আঁধারে বিপুল পরিমাণ মাছ চুরির অভিযোগ উঠেছে।

১৭ সেপ্টেম্বর গভীর রাতে দুর্বৃত্তরা একাধিক ঘেরে প্রবেশ করে মাছ চুরি করে নিয়ে যায়। ১৮ সেপ্টেম্বর সকালে ঘের মালিক আব্দুল মান্নান ও মাসুদ রেজাসহ অন্যরা বিষয়টি জানতে পারেন।

 

স্থানীয় বাসিন্দা রাখেদুল ইসলাম ও মাহমুদ আলী খান জানান, প্রতি বছরই এ ধরনের চুরির ঘটনা ঘটছে। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া এবং এলাকায় রাতের পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।