কালিগঞ্জে বিএনপির সাংগঠনিক সভায় দলকে শক্তিশালী করার প্রত্যয়
সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জে উপজেলা বিএনপির উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সভায় দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে ঐক্য সুদৃঢ় এবং দলকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা হয়।
জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আলাউদ্দিন বলেন, তৃণমূল পর্যায় থেকে দলকে সুসংগঠিত করতে নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখতে হবে। অতীতের ভুলত্রুটি থেকে শিক্ষা নিয়ে জনগণের আস্থা অর্জনের পাশাপাশি বিভেদ, গ্রুপিং ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে থেকে সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে হবে। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নে দলের সাংগঠনিক কার্যক্রম, দলীয় ঐক্য সুদৃঢ় করা এবং আগামী দিনের রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। এ সময় বক্তারা তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় করা এবং রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন কুশলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসানুর রহমান, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছট্ট ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল রানা, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলিম আল রাজি তাপস ও সাধারণ সম্পাদক মাহমুদ মোস্তফা, মৌতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমগীর হোসেন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, চাম্পাফুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক সাইলুজ্জামান খান, রতনপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক ফজলুর রহমান আকাশ, তারালী ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি সদস্য আরশাদ আলীসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।








