রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় শ্রমিক দলের বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় শ্রমিক দলের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি: নৈরাজ্য, নাশকতা ও সন্ত্রাস সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা শ্রমিক দলের উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেট চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহসাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, সহসভাপতি শেখ মিলন হোসেন ও ইব্রাহিম খলিল টুটুল, সাংগঠনিক সম্পাদক মো. মিয়ারাজ আলী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, বাস টার্মিনাল মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ভিআইপি শ্রমিক দলের সভাপতি শাহজাহান আলী, পৌর শ্রমিক দলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা ও সদস্যসচিব ইব্রাহিম গাজী, সদর থানা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মনি এবং ইমারত শ্রমিক দলের সভাপতি তফুর আলীসহ জেলা, উপজেলা ও পৌর শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলো বিভিন্ন স্থানে নাশকতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। শ্রমজীবী ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিঘিœত করার যেকোনো অপচেষ্টা রাজপথে প্রতিহত করার ঘোষণা দেন তাঁরা। একই সঙ্গে নাশকতায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।

Ads small one

বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারি ও যন্ত্রাংশ উদ্ধার, আটক ১

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারি ও যন্ত্রাংশ উদ্ধার, আটক ১

বাগআঁচড়া (যশোর) সংবাদদাতা: যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় চোরাই লিথিয়াম ব্যাটারি ও সংশ্লিষ্ট যন্ত্রাংশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দোকান মালিক শেখ মহাসিন কবির (৪০) কে আটক করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে বাগআঁচড়া বাজারের ফুলতলা পট্টিতে অবস্থিত মেসার্স মহাসিন সাইকেল স্টোরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের শেখ মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দোকানে চোরাই ব্যাটারি বিক্রির তথ্য পেয়ে এসআই মোস্তাকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় ৫৯টি লিথিয়াম ব্যাটারি, ১৭টি সার্কিট বোর্ড, ১৫টি খোলা সার্কিট, স্টিলের শিট দিয়ে তৈরি ১৪টি বক্স এবং চারটি লিথিয়াম ব্যাটারির বক্স উদ্ধার করা হয়। উদ্ধার করা মালামালের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫৩ হাজার ২০০ টাকা।

এদিকে, একই দিন কলারোয়ার কিসমত ইলিশপুর গ্রামে আটক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে আরও ১৩টি লিথিয়াম ব্যাটারি উদ্ধার করা হয় বলে কলারোয়া থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, উদ্ধার করা মালামালসহ আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে গোপন বৈঠক আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:১৯ অপরাহ্ণ
আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে গোপন বৈঠক আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ

বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী সভাকে ‘আওয়ামী লীগের গোপন বৈঠক’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদ।

রোববার (২২ নভেম্বর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৪ নভেম্বর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সদর দুর্গামন্দির প্রাঙ্গণে শুভ বিজয়া পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিদুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ ও সম্পাদক বিশ্বনাথ ঘোষ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, জামায়াতের নায়েবে আমির নুরুল আবছার মর্ত্তজা ও যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

তিনি দাবি করেন, অনুষ্ঠানের পরদিন সাতক্ষীরা, খুলনা ও যশোর থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় যথাযথ সংবাদ প্রকাশিত হয়। কিন্তু ঘটনার পাঁচ দিন পর কয়েকটি অনলাইন মাধ্যমে পুনর্মিলনী সভাটিকে আওয়ামী লীগের বৈঠক আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করা হয়, যা উদ্দেশ্যপ্রণোদিত।

রণজিৎ কুমার বৈদ্য বলেন, পূজা আয়োজনে সহযোগিতাকারীদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানোই ছিল পুনর্মিলনী সভার মূল উদ্দেশ্য। প্রকাশিত সংবাদে পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করে তথ্য যাচাইয়ের মাধ্যমে সংবাদ পরিবেশন করা জরুরি।

সাতক্ষীরা সদরে নতুন ইউএনও নাজমুল হুসাইনের যোগদান, দায়িত্ব গ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
সাতক্ষীরা সদরে নতুন ইউএনও নাজমুল হুসাইনের যোগদান, দায়িত্ব গ্রহণ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন নাজমুল হুসাইন। গত ১৯ নভেম্বর বৃহস্পতিবার রাতে তিনি বিদায়ী ইউএনও অর্ণব দত্তের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। রোববার নতুন কর্মস্থলে প্রথম কর্মদিবস পালন করেন তিনি।

দায়িত্ব হস্তান্তর ও বিদায়ী ইউএনও অর্ণব দত্তের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা সোহাগ মিলু, উপজেলা কৃষি কর্মকর্তা প্রাণী সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহিনুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

বিদায়ী ইউএনও অর্ণব দত্ত তাঁর বক্তব্যে বলেন, সাতক্ষীরায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। নতুন কর্মস্থল চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায়ও একইভাবে দায়িত্ব পালন ও দেশসেবা করতে সবার দোয়া কামনা করেন তিনি।

নবাগত ইউএনও নাজমুল হুসাইন বলেন, অর্ণব দত্ত ও তিনি একই ৩৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বদলিজনিত কারণে সাতক্ষীরা সদরে যোগদান করেছেন। আগের কর্মস্থলের মতো সাতক্ষীরাতেও সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন এবং জনগণকে মানসম্মত সেবা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। এ জন্য সাতক্ষীরাবাসীর সহযোগিতা কামনা করেন।

নাজমুল হুসাইন মাগুরা জেলার বাসিন্দা। তিনি যশোরে পড়াশোনা করেছেন। ইসলামপুরে ইউএনও হিসেবে দায়িত্ব পালনের পর বদলি হয়ে সাতক্ষীরা সদরে যোগদান করেন।