মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল, সংঘর্ষ-অবরোধে ভোগান্তি
ন্যাশনাল ডেস্ক: ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে বুধবার রাজধানীর মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরের বিভিন্ন শিল্পাঞ্চলে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। শ্রমিক অসন্তোষের কারণে বিভিন্ন কারখানায় উৎপাদন বন্ধ ও ছুটি ঘোষণা করা হয়েছে।
মিরপুরের কাফরুলে নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মীর ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় একটি ব্যাংকের জানালার কাচ ও সিসি ক্যামেরা ভাঙচুর করা হয়। পরে মিরপুর-১২ ও মিরপুর-১১ এলাকায় শ্রমিকেরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেয়। একই দিন রূপনগরে ব্যক্তিগত বিরোধের জেরে নুপুর নামে এক নারী পোশাকশ্রমিককে কুপিয়ে আহত করেন একই কারখানার কর্মী রায়হান। এ ঘটনায় তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।
সাভারের উলাইল এলাকায় দুপুরে আল মুসলিমসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হলে কাঁদানে গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। আশুলিয়ার নরসিংহপুর ও খেজুরবাগানেও সড়ক অবরোধের চেষ্টা এবং একটি কারখানায় হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়ায় অন্তত ২০টি কারখানা বন্ধ ছিল।
শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে গ্রীন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি সুলতানা বেগম ও সাধারণ সম্পাদক মো. ইলিয়াসকে গ্রেফতার করেছে পুলিশ। হেমায়েতপুরে হুমায়ুন কবির নামে আরও এক শ্রমিক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। সাভার ও আশুলিয়ার ২৪টি মামলায় প্রায় ৩০০ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।
গাজীপুরের ছয়দানা ও হাড়িকেন এলাকায় শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিক অসন্তোষের কারণে বুধবার ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এর আগে ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে জেলার অনেক কারখানায় শ্রমিকেরা কাজে ফিরেছেন এবং অধিকাংশ এলাকায় উৎপাদন শুরু হয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।
এদিকে, শ্রমিক অসন্তোষ দীর্ঘায়িত হলে তৈরি পোশাক খাতের উৎপাদন ও রফতানি ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাংক খাতেও চাপ বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, রফতানি আয় কমে গেলে কারখানাগুলোর ঋণের কিস্তি পরিশোধে সমস্যা হবে এবং খেলাপি ঋণ বাড়তে পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের ডিসেম্বর শেষে বস্ত্র ও তৈরি পোশাক খাতে ব্যাংকঋণের পরিমাণ ছিল ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ ছিল ১ লাখ ২ হাজার ৯৬৩ কোটি টাকা।
পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে সরকার মজুরি বোর্ড গঠন করেছে। শ্রমিক ও মালিকপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে মজুরি কাঠামো নির্ধারণ করা হবে। শ্রমিক আন্দোলনকে ব্যবহার করে কেউ যাতে অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।












