বেনাপোল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ
এম এ রহিম, বেনাপোল (যশোর): বেনাপোল স্থলবন্দর থেকে ঢাকা ও অন্যান্য রুটে দূরপাল্লার বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছেন পরিবহন মালিকরা। এতে ভারত থেকে ফেরত আসা যাত্রীরা বাস না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন। অনেকে বিকল্প পথে গন্তব্যে ফিরছেন।
বৃহস্পতিবার সকাল থেকে বেনাপোল থেকে দূরপাল্লার অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সোহাগ পরিবহনের কাউন্টার সিনিয়র ম্যানেজার সহিদুল ইসলাম। তবে কলকাতা-ঢাকা রুটের সরাসরি বাসগুলো চলাচল করছে। লোকাল বাস ও ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
কাউন্টার সংশ্লিষ্টরা জানান, নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি এবং বুধবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে বাস ভাঙচুর, সড়ক অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনার পর যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এ ছাড়া বৃহস্পতিবার ভোর থেকে টানা বৃষ্টি ও যাত্রীসংখ্যা কম থাকায় পরিবহন চলাচলে প্রভাব পড়েছে।
শ্যামলী এনআর পরিবহনের বেনাপোল কাউন্টার ব্যবস্থাপক বাবলুর রহমান বলেন, কলকাতা-ঢাকা রুটের বাস ছাড়া অন্য কোনো দূরপাল্লার বাস বুধবার থেকে বেনাপোল ছেড়ে যায়নি। বুধবার কলকাতা থেকে আসা দুটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। বৃহস্পতিবার কলকাতা থেকে আরও চারটি বাস আসার কথা রয়েছে। ভারত থেকে ফেরা যাত্রীদের অনেকে এসব বাসে গন্তব্যে যাওয়ার অপেক্ষায় রয়েছেন।
সোহাগ পরিবহনের কাউন্টার ম্যানেজার সহিদুল ইসলাম বলেন, নিরাপত্তার উদ্বেগে চালক, শ্রমিক ও যাত্রীদের ঝুঁকি এড়াতে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই বাস চলাচল শুরু হবে।
নাম প্রকাশ না করার শর্তে কাউন্টার সংশ্লিষ্টরা জানান, পদ্মা সেতু হয়ে গোপালগঞ্জের ওপর দিয়ে চলাচলকারী ঢাকাগামী বাসের পাশাপাশি কক্সবাজার, সিলেট, চট্টগ্রাম ও রাজবাড়ী রুটের দূরপাল্লার বাসও বন্ধ রয়েছে। তবে বিকল্প রুটে বিশেষ ব্যবস্থায় বরিশালগামী বাস চলাচল করছে।









