জীবনাবসান: প্রিয়জন হারানোদের আন্তর্জাতিক দিবস আজ
সাকিবুর রহমান বাবলা
একজন মানুষের আত্মহত্যাজনিত মৃত্যু শুধু একটি পরিবারের সদস্য হারানোর ঘটনা নয়; এর অভিঘাত ছড়িয়ে পড়ে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সমাজের অসংখ্য মানুষের জীবনে। প্রিয়জন হারানোর শোক অনেকের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী মানসিক যন্ত্রণা, অপরাধবোধ, উদ্বেগ, বিষণ্ণতা ও সামাজিক বিচ্ছিন্নতার কারণ হয়ে দাঁড়ায়। শোকাহত এসব মানুষের মানসিক সহায়তা, পারস্পরিক সহযোগিতা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ সুগম করতে প্রতিবছর নভেম্বর মাসের তৃতীয় শনিবার পালিত হয় ‘আত্মহত্যায় প্রিয়জন হারানোদের আন্তর্জাতিক দিবস’। আজ ২১ নভেম্বর ২০২৬, দিবসটি পালিত হচ্ছে।
১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রের সিনেটর হ্যারি রিড দিবসটি পালনের প্রস্তাব উত্থাপন করেন। ১৯৭২ সালে তিনি নিজেও আত্মহত্যার কারণে বাবাকে হারিয়েছিলেন। ব্যক্তিগত শোক ও অভিজ্ঞতা থেকেই তিনি প্রিয়জন হারানো মানুষের কষ্টকে সামাজিকভাবে স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। পরবর্তী সময়ে মার্কিন কংগ্রেসের স্বীকৃতি এবং আমেরিকান ফাউন্ডেশন ফর সুইসাইড প্রিভেনশনের উদ্যোগে দিবসটি পরিচিতি লাভ করে। বর্তমানে বিভিন্ন দেশে দিবসটি উপলক্ষে স্মরণানুষ্ঠান, সরাসরি ও ভার্চুয়াল সমাবেশ এবং অভিজ্ঞতা বিনিময়ের আয়োজন করা হয়। এসব উদ্যোগের লক্ষ্য শোক সামলে উঠতে সহায়তা করা, সামাজিক সংকোচ দূর করা এবং মানসিক পুনরুদ্ধারের জন্য সহানুভূতিশীল পরিবেশ তৈরি করা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, বিশ্বে প্রতিবছর সাত লাখের বেশি মানুষ আত্মহত্যার কারণে মারা যান। ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ এটি। এসব মৃত্যুর প্রায় ৭৩ শতাংশ ঘটে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে। প্রতিটি মৃত্যুর প্রভাব শুধু একজন মানুষের জীবনেই সীমাবদ্ধ থাকে না; পরিবার, আত্মীয়স্বজন, বন্ধু ও পরিচিতজনসহ অসংখ্য মানুষ এর শোক ও মানসিক অভিঘাত বহন করেন। বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে দেশে ১২ হাজার ৩৩৫ জনের আত্মহত্যার তথ্য পাওয়া গেছে। সে হিসাবে প্রতিদিন গড়ে প্রায় ৪১ জনের মৃত্যু হয়েছে। ২০২৪ সালে দেশে আত্মহত্যার হার ছিল প্রতি লাখে ৮ দশমিক ০৭ জন। অন্যদিকে, আত্মহত্যার চেষ্টার পূর্ণাঙ্গ জাতীয় তথ্যভান্ডার না থাকায় এ বিষয়ে প্রকৃত পরিস্থিতি নিরূপণ করা কঠিন।
সাতক্ষীরার পরিস্থিতিও উদ্বেগজনক। জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপস্থাপিত অপমৃত্যু ও আত্মহত্যার নথি অনুযায়ী, ২০২৬ সালের মে, জুন ও জুলাই মাসে জেলায় ১৩৬টি অপমৃত্যুর ঘটনার মধ্যে ৬৫টি ছিল আত্মহত্যার ঘটনা। পরবর্তী তিন মাসেও প্রতি মাসে প্রায় একই সংখ্যক ঘটনার তথ্য পাওয়া গেছে। অর্থাৎ ছয় মাসে জেলায় আত্মহত্যার ঘটনা ১৩০টির বেশি। এসব পরিসংখ্যান স্থানীয় পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা, সামাজিক সচেতনতা ও প্রতিরোধমূলক উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরে।
সাতক্ষীরা ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতাও মানুষের মানসিক সংকটকে গভীর করতে পারে। বাল্যবিবাহ, যৌতুক, দাম্পত্য নির্যাতন, যৌন হয়রানি, সাইবার বুলিং, পারিবারিক বৈষম্য, পরীক্ষার চাপ, বেকারত্ব ও অর্থনৈতিক অনিশ্চয়তা মানসিক চাপ বাড়াতে পারে। বিশেষ করে উপকূলীয় এলাকায় ঘূর্ণিঝড়, জলাবদ্ধতা, লবণাক্ততা ও জীবিকার সংকট মানুষের জীবনযাত্রায় বাড়তি অনিশ্চয়তা তৈরি করে। কিশোরী ও নারীদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা, পারিবারিক মর্যাদা এবং প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করাও জরুরি। তবে এ ধরনের সংকটের পেছনে সাধারণত একাধিক সামাজিক, পারিবারিক, ব্যক্তিগত ও মনস্তাত্ত্বিক কারণ কাজ করে। তাই কোনো একটি কারণকে দায়ী না করে সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করা প্রয়োজন।
আত্মহত্যায় প্রিয়জন হারানো পরিবারের সদস্যদের মধ্যে অপরাধবোধ, অনুশোচনা, উদ্বেগ, বিষণ্ণতা ও দীর্ঘস্থায়ী মানসিক চাপ দেখা দিতে পারে। সামাজিক কটূক্তি, গুজব, একঘরে করে রাখা, পারিবারিক কলহ, পুলিশি তদন্ত এবং মামলা-মোকদ্দমার মতো পরিস্থিতি তাঁদের কষ্ট আরও বাড়িয়ে দেয়। পরিবারের উপার্জনক্ষম সদস্যকে হারালে আর্থিক সংকটও তৈরি হতে পারে। বিশেষ করে পরিবারের শিশু ও অবিবাহিত সদস্যদের শিক্ষা, ভবিষ্যৎ, সামাজিক সম্পর্ক ও স্বাভাবিক জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। অথচ এ সময় তাঁদের সবচেয়ে বেশি প্রয়োজন দোষারোপ বা সামাজিক অপবাদ নয়; বরং সহমর্মিতা, মানসিক স্বাস্থ্যসেবা, পারিবারিক সহযোগিতা ও সামাজিক নিরাপত্তা।
বাংলাদেশের প্রচলিত আইনেও আত্মহত্যায় প্ররোচনা ও সংশ্লিষ্ট অপরাধের বিষয়ে শাস্তির বিধান রয়েছে। দণ্ডবিধি, ১৮৬০-এর ৩০৫ ধারায় অপ্রাপ্তবয়স্ক বা নির্দিষ্ট মানসিক অবস্থার ব্যক্তিকে আত্মহত্যায় প্ররোচনার জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে। ৩০৬ ধারায় আত্মহত্যায় প্ররোচনার অপরাধে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। একই আইনের ৩০৯ ধারায় আত্মহত্যার চেষ্টার জন্য সর্বোচ্চ এক বছর বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯ক ধারায় নির্দিষ্ট ধরনের ইচ্ছাকৃত নির্যাতনের কারণে কোনো নারীর আত্মহত্যার ঘটনায় শাস্তির বিধান রয়েছে। অন্যদিকে, সাক্ষ্য আইন, ১৮৭২-এর ৩২ ধারায় মৃত ব্যক্তির মৃত্যুকালীন বক্তব্য প্রাসঙ্গিক সাক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে। তবে কোনো ঘটনার বিচারিক মূল্যায়নে অন্যান্য সাক্ষ্য-প্রমাণও গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্য আইন, ২০১৮ প্রণীত হলেও আত্মহত্যার চেষ্টাকে অপরাধমুক্ত করার পৃথক বিধান এতে অন্তর্ভুক্ত হয়নি।
আত্মহত্যা প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিবারের কোনো সদস্যের আচরণে আকস্মিক পরিবর্তন, একাকিত্ব, হতাশা কিংবা দৈনন্দিন কাজে আগ্রহ হারানোর মতো লক্ষণ দেখা দিলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। তাঁকে দোষারোপ, তিরস্কার বা অন্যের সঙ্গে তুলনা না করে মনোযোগ দিয়ে কথা শোনা এবং মানসিকভাবে পাশে থাকার আশ্বাস দেওয়া প্রয়োজন। পরিস্থিতি অনুযায়ী মনোরোগ বিশেষজ্ঞ, মনোবিজ্ঞানী অথবা প্রশিক্ষিত মানসিক স্বাস্থ্যকর্মীর সহায়তা নিতে হবে। সংকটাপন্ন ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করাও জরুরি। একই সঙ্গে পরিবার ও সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে খোলামেলা আলোচনা এবং পেশাদার সহায়তা গ্রহণের পরিবেশ তৈরি করতে হবে।
সাতক্ষীরায় আত্মহত্যার প্রবণতা ও এর পেছনের কারণগুলো গভীরভাবে বোঝার জন্য গবেষণাভিত্তিক উদ্যোগও প্রয়োজন। গত ১৫ জুন ২০২৬ তারিখে জেলা প্রশাসনের আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দলের অংশগ্রহণে জেলায় আত্মহত্যার প্রবণতা হ্রাসে করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ২০টির বেশি পরিবারের সদস্য এবং জেলার বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করা হয়। এ ধরনের উদ্যোগের পাশাপাশি ‘সাইকোলজিক্যাল অটোপসি’ বা মনস্তাত্ত্বিক ময়নাতদন্তভিত্তিক গবেষণা কার্যকর ভূমিকা রাখতে পারে। এ গবেষণায় পরিবারের সম্মতি, ব্যক্তিগত গোপনীয়তা ও অংশগ্রহণকারীদের মানসিক নিরাপত্তা নিশ্চিত করে সংশ্লিষ্ট ব্যক্তির আচরণগত পরিবর্তন, পারিবারিক পরিবেশ, সামাজিক সম্পর্ক এবং মৃত্যুর আগের পরিস্থিতি বিশ্লেষণ করা হয়। এর মাধ্যমে স্থানীয় ঝুঁকিগুলো চিহ্নিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা ও প্রতিরোধের কার্যকর উপায় নির্ধারণ করা সম্ভব।
এ ক্ষেত্রে জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। শোকাহত পরিবারগুলোর জন্য বিনামূল্যে মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং, অভিভাবক ও শিক্ষকদের প্রশিক্ষণ, কিশোর-কিশোরীবান্ধব পরামর্শকেন্দ্র এবং স্থানীয় পর্যায়ে সহজলভ্য মানসিক স্বাস্থ্যসেবা চালু করা যেতে পারে। পাশাপাশি উপকূলীয় অঞ্চলের কৃষকদের জন্য কীটনাশক নিরাপদে সংরক্ষণ ও ব্যবহারের বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। এসব উদ্যোগের মাধ্যমে মানসিক সংকটে থাকা মানুষকে সময়মতো সহায়তা দেওয়া, ঝুঁকি কমানো এবং শোকাহত পরিবারগুলোর পুনরুদ্ধারের পথ সহজ করা সম্ভব।
একটি মৃত্যুর পরও বহু মানুষের শোক, বেদনা ও সংগ্রাম অব্যাহত থাকে। তাঁদের কষ্টকে অবহেলা করা, সামাজিকভাবে হেয় করা কিংবা অযাচিত প্রশ্ন ও দোষারোপের মুখে ফেলা কোনোভাবেই মানবিক আচরণ হতে পারে না। বরং তাঁদের অনুভূতির প্রতি সম্মান দেখানো, সামাজিক অপবাদ থেকে সুরক্ষা দেওয়া, প্রয়োজনীয় মানসিক ও আর্থিক সহায়তা নিশ্চিত করা এবং স্বাভাবিক জীবনে ফিরে আসার পথ তৈরি করা আমাদের সবার দায়িত্ব। আত্মহত্যা প্রতিরোধের পাশাপাশি আত্মহত্যায় প্রিয়জন হারানো মানুষদের সুস্থ, নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করাই হোক এই দিবসের অঙ্গীকার।









