সাবেক এমপি দোলনের ৭ দিন, অভিনেতা তমালের ৪ দিনের রিমান্ড
পত্রদূত ডেস্ক: ঢাকার ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আতাউল হক দোলনের সাত দিন এবং সাবেক সচিব মিজানুর রহমান ও অভিনেতা আরিফ মাহমুদ তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের ধানমন্ডি জোনাল টিমের পরিদর্শক মো. সেলিম রেজা তিন আসামিকে আদালতে হাজির করে প্রত্যেকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল করে জামিনের আবেদন জানান। অন্যদিকে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে।
শুনানি শেষে আদালত দোলনের সাত দিন এবং মিজানুর রহমান ও তমালের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার রাতে পৃথক তিনটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ। দোলনকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে, মিজানুর রহমানকে ধানমন্ডি থেকে এবং তমালকে আজিমপুরের ইরাকি মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ২২ মে ধানমন্ডির রাপা প্লাজার সামনে নিষিদ্ধ ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা সরকারবিরোধী মিছিলের উদ্দেশ্যে সমবেত হন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অনেকে পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় কয়েকজনকে আটক করা হয়। এ ঘটনায় পরদিন ২৩ মে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা দাবি করেন, গ্রেপ্তার তিনজন ওই ঘটনার সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং মামলার পলাতক আসামিদের সঙ্গে তাদের যোগাযোগ রয়েছে। সরকারবিরোধী ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে অর্থ ও অস্ত্র সরবরাহের অভিযোগও আনা হয়েছে তাদের বিরুদ্ধে। পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, অর্থের উৎস অনুসন্ধান এবং অস্ত্র উদ্ধারের জন্য তাদের জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।









