শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাগলা মসজিদের ১৫ দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
পাগলা মসজিদের ১৫ দানবাক্সে মিললো ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। প্রায় পাঁচ মাস পর শনিবার (২১ নভেম্বর) সকালে দানবাক্সগুলো খোলা হয়। এখন চলছে টাকা গণনার কাজ। নগদ অর্থের পাশাপাশি পাওয়া গেছে স্বর্ণ-রুপার অলঙ্কার ও বিভিন্ন দেশের মুদ্রা।

সকাল ৭টায় কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলামের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় বিপুলসংখ্যক পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে দানবাক্স থেকে পাওয়া টাকা ৫১টি বস্তায় ভরে মসজিদের দোতলায় নেওয়া হয়। সেখানে মেঝেতে টাকা ঢেলে গণনার কাজ শুরু করেন মাদ্রাসার প্রায় ৪০০ শিক্ষার্থী, ১০ জন শিক্ষক এবং রূপালী ব্যাংকের ১৩০ জন কর্মকর্তা। টাকা গণনা ও নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন।

মসজিদ কর্তৃপক্ষ জানিয়েছে, দিনভর গণনা শেষে শনিবার সন্ধ্যায় দানের মোট টাকার পরিমাণ জানা যাবে।

এর আগে চলতি বছরের ২৭ জুন ছয় মাস পর মসজিদের ১৫টি দানবাক্স খোলা হয়েছিল। তখন পাওয়া গিয়েছিল ৪৩ বস্তা টাকা। দিনভর গণনা শেষে যার পরিমাণ দাঁড়িয়েছিল ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। সেবারও নগদ অর্থের পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণ-রুপার অলঙ্কার ও বিদেশি মুদ্রা পাওয়া যায়।

পাগলা মসজিদকে ঘিরে মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে নানা বিশ্বাস ও জনশ্রুতি প্রচলিত রয়েছে। অনেকের বিশ্বাস, এ মসজিদে মানত করলে রোগ-শোক দূর হয় এবং মনোবাসনা পূর্ণ হয়। এমন বিশ্বাস থেকে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এখানে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, বৈদেশিক মুদ্রা, গরু-ছাগল, হাঁস-মুরগিসহ বিভিন্ন সামগ্রী দান করেন। সব ধর্মের মানুষই এসব দানে অংশ নেন।

জনশ্রুতি রয়েছে, প্রায় আড়াইশ বছর আগে পাগলবেশী এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মাঝখানে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ এলাকার হারুয়ায় থামেন। তাকে ঘিরে সেখানে বহু ভক্তের সমাগম ঘটে। ওই ব্যক্তির মৃত্যুর পর তার সমাধির পাশে মসজিদটি গড়ে ওঠে। কালক্রমে এটি পাগলা মসজিদ নামে পরিচিতি পায়।

কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে ৩ একর ৮৮ শতাংশ জমির ওপর মসজিদটি অবস্থিত। ১৯৭৯ সালের ১০ মে থেকে ওয়াক্‌ফ এস্টেটের অধীনে মসজিদটি পরিচালিত হয়ে আসছে।

Ads small one

সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৩:০০ অপরাহ্ণ
সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: মানবাধিকার সুরক্ষা, স্থানীয় পরিস্থিতি পর্যালোচনা ও কর্মীদের মধ্যে সমন্বয় জোরদারে সাতক্ষীরায় মানবাধিকারকর্মীদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সাতক্ষীরায় উত্তরণের আঞ্চলিক কার্যালয়ে ‘ডিফেন্ডিং হিউম্যান রাইটস থ্রু নেটওয়ার্ক স্ট্রেনদেনিং (ডিএইচআরএনএস)’ প্রকল্পের আওতায় জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার্স নেটওয়ার্ক এ সভার আয়োজন করে। এতে সহযোগিতা করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) ও উত্তরণ।

সভায় সভাপতিত্ব করেন নেটওয়ার্কের সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। বক্তব্য দেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, এম কামরুজ্জামান, অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর, অধ্যক্ষ পবিত্র মোহন দাস, অ্যাডভোকেট মোস্তফা আসাদুজ্জামান দিলু, আনিসুর রহমান, অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামাল, অ্যাডভোকেট রঘুনাথ মণ্ডল, ফরিদা আক্তার বিউটি, আলী নূর খান বাবুল, অধ্যাপক ইদ্রিস আলী, সাংবাদিক মিজানুর রহমান, শরীফুল্লাহ কায়সার সুমন, এসএম শহীদুল ইসলাম, এসএম বিপ্লব হোসেন, আসাদুজ্জামান সরদার ও আব্দুস সামাদসহ অনেকে।

সভা সঞ্চালনা করেন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট মুনির উদ্দীন।

সভায় স্থানীয় মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা, মাঠপর্যায়ের অভিজ্ঞতা বিনিময় এবং মানবাধিকারকর্মীদের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। অংশগ্রহণকারীরা মানবাধিকার সুরক্ষায় নেটওয়ার্ককে আরও কার্যকর করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

নদী খনন, সুফল কোথায়?

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ২:৩৯ অপরাহ্ণ
নদী খনন, সুফল কোথায়?

সচ্চিদানন্দ দে সদয়

একটি নদী মরে গেলে শুধু পানির প্রবাহ বন্ধ হয় না, থমকে যায় একটি জনপদের জীবন-জীবিকা, অর্থনীতি ও প্রকৃতির স্বাভাবিক ছন্দ। নদীকেন্দ্রিক কৃষি, মৎস্যসম্পদ, নৌ-যোগাযোগ ও জীববৈচিত্র্য ধীরে ধীরে বিপর্যয়ের মুখে পড়ে। সাতক্ষীরার আশাশুনি উপজেলার মরিচ্চাপ ও বেতনা নদীর বর্তমান অবস্থা সেই বাস্তবতারই উদাহরণ।

একসময় মরিচ্চাপ ও বেতনা ছিল এ অঞ্চলের মানুষের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। নদীতে চলত নৌকা ও স্টিমার, পণ্য পরিবহনে ব্যবহৃত হতো জলপথ, জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন। কৃষিকাজেও নদীর পানি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। কিন্তু সময়ের সঙ্গে দখল, দূষণ, অপরিকল্পিত অবকাঠামো নির্মাণ ও পলি জমে নদী দুটি নাব্যতা হারিয়েছে। যে নদী একসময় জনপদের অর্থনীতিকে সচল রাখত, আজ সেই নদীই অস্তিত্বের সংকটে।

নদীর দুরবস্থা কাটাতে কয়েক বছর আগে খননকাজ করা হয়। উদ্দেশ্য ছিল নাব্যতা ফিরিয়ে আনা, পানিপ্রবাহ স্বাভাবিক করা এবং জলাবদ্ধতা ও ভাঙন সমস্যার সমাধান। কিন্তু খননের পরও যদি নদীর প্রাণ না ফেরে, পানিপ্রবাহ স্বাভাবিক না হয়, তাহলে প্রশ্ন উঠতেই পারে—এই খননকাজের সুফল কোথায়?

স্থানীয়দের অভিযোগ, পলি জমে ভরাট হওয়া নদীর মূল অংশে প্রয়োজনীয় খনন না করে ভাঙনকূল ঘেঁষে খনন করা হয়েছে। ফলে মূল প্রবাহপথে কাঙ্ক্ষিত গভীরতা তৈরি হয়নি। খননের পরও বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। কোথাও কোথাও এক-দুই বছরের মধ্যে ভাঙন রোধে আবার সরকারি অর্থ ব্যয়ে সংস্কারকাজ করতে হচ্ছে। একই স্থানে বারবার অর্থ ব্যয় হলে প্রকল্পের স্থায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

নদী খনন আর নদী পুনরুদ্ধার এক বিষয় নয়। শুধু মাটি কেটে গভীরতা বাড়ালেই নদী বেঁচে ওঠে না। নদীর স্বাভাবিক গতিপথ, পানির প্রবাহ, জোয়ার-ভাটার প্রভাব, পলি জমার ধরন এবং আশপাশের জলপ্রবাহের সঙ্গে সংযোগ বিবেচনায় নিয়ে খনন করতে হয়। তা না হলে বিপুল অর্থ ব্যয়ে খনন হলেও অল্প সময়ের মধ্যে নদী আবার ভরাট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।

দেশে নদী ও খাল খনন- পুনঃখনন নিয়ে নানা প্রকল্প গ্রহণ করা হয়। বরাদ্দ আসে, কাজ হয়, বিল পরিশোধ হয়। কিন্তু প্রকল্প শেষ হওয়ার পর নদীর প্রকৃত অবস্থার কতটা পরিবর্তন হলো, তা নিয়ে যথাযথ মূল্যায়ন সবসময় দেখা যায় না। কোনো প্রকল্পের সাফল্য শুধু কত কিলোমিটার খনন করা হয়েছে কিংবা কত টাকা ব্যয় হয়েছে, তা দিয়ে বিচার করা যায় না। দেখতে হবে, নদীতে পানিপ্রবাহ বেড়েছে কি না, নাব্যতা ফিরেছে কি না, কৃষক ও জেলেরা উপকৃত হয়েছেন কি না এবং নদীভাঙন কমেছে কি না।

মরিচ্চাপ ও বেতনা নদীর ক্ষেত্রেও প্রয়োজন নিরপেক্ষ মূল্যায়ন। আগের খননকাজের নকশা, কার্যাদেশ, ব্যয়, খননের গভীরতা ও প্রশস্ততা এবং বাস্তবে সম্পন্ন কাজের মধ্যে কোনো অসংগতি রয়েছে কি না, তা খতিয়ে দেখা দরকার। কোথাও অনিয়ম বা গাফিলতি থাকলে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে। সরকারি অর্থ জনগণের অর্থ। সেই অর্থ ব্যয়ের সুফল জনগণ না পেলে উন্নয়ন প্রকল্পের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়।

এ ক্ষেত্রে প্রকল্প প্রণয়নকারী কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে হবে, নদীর প্রকৃত অবস্থা, পানিপ্রবাহ, পলি জমার ধরন, ভাঙনপ্রবণ এলাকা ও প্রয়োজনীয় গভীরতা নির্ধারণ করে খনন পরিকল্পনা করা হয়েছিল কি না। ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ অনুযায়ী কতটুকু দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতায় খনন করা হয়েছে, তা স্পষ্ট করতে হবে। একই সঙ্গে দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী ও তদারককারী কর্মকর্তাদের কাজের মান ও পরিমাণ যথাযথভাবে যাচাইয়ের বিষয়টি নিশ্চিত করতে হবে।

এ ক্ষেত্রে পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নদী ও উপকূলীয় পানি ব্যবস্থাপনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত এই সংস্থার উচিত প্রকল্পের আগে ও পরে নদীর গভীরতা, প্রশস্ততা এবং পানিপ্রবাহের তুলনামূলক তথ্য জনসমক্ষে প্রকাশ করা। খননের পর অল্প সময়ের মধ্যে আবার ভাঙন দেখা দিলে তার কারণ নির্ণয় করতে হবে। নকশাগত ত্রুটি, নিম্নমানের কাজ কিংবা তদারকির ঘাটতি প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে।

জবাবদিহি নিশ্চিত করতে আগের খননকাজের ব্যয়, কার্যাদেশ, নকশা ও কাজ সমাপ্তির প্রতিবেদন প্রকাশ করা জরুরি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বাইরে নদী ও পানি ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের নিয়ে নিরপেক্ষ কারিগরি তদন্ত করা যেতে পারে। তদন্তের ফলাফল ও সুপারিশ জনসমক্ষে প্রকাশ করতে হবে। অনিয়ম বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নিতে হবে। ভবিষ্যৎ খননকাজের অগ্রগতি ও মান যাচাইয়ে স্থানীয় জনগণের অংশগ্রহণও নিশ্চিত করা প্রয়োজন।

নদী পুনরুদ্ধারের পথে আরেকটি বড় বাধা অবৈধ দখল ও দূষণ। নদীর জায়গা দখল করে স্থাপনা নির্মাণ, অপরিকল্পিত বাঁধ ও অন্যান্য প্রতিবন্ধকতা সৃষ্টি এবং বর্জ্য ফেলার কারণে স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হয়। এসব বন্ধ না করে শুধু খনন করলে স্থায়ী সুফল পাওয়া কঠিন। নদীর সীমানা নির্ধারণ, অবৈধ দখল উচ্ছেদ ও দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি প্রয়োজন।

এ অঞ্চলের কৃষক, জেলে ও সাধারণ মানুষের জীবন নদীর সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। নদীতে পানির প্রবাহ না থাকলে কৃষি ক্ষতিগ্রস্ত হয়, মাছের প্রজনন ও বিচরণক্ষেত্র সংকুচিত হয় এবং জলাবদ্ধতার ঝুঁকি বাড়ে। বিশেষ করে উপকূলীয় সাতক্ষীরায় নদীর নাব্যতা, বেড়িবাঁধের নিরাপত্তা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণ পরস্পরের সঙ্গে সম্পর্কিত। তাই নদী ব্যবস্থাপনায় বিচ্ছিন্ন উদ্যোগ নয়, সমন্বিত পরিকল্পনা জরুরি।

মরিচ্চাপ ও বেতনা নদী নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। নদী বিশেষজ্ঞ, পানি উন্নয়ন বোর্ড, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সমন্বয়ে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করতে হবে। নদীর প্রকৃত প্রবাহপথ ও প্রয়োজনীয় গভীরতা নির্ধারণ করে বৈজ্ঞানিক পদ্ধতিতে খনন করতে হবে। খনন করা মাটি কোথায় ফেলা হচ্ছে, তা নিশ্চিত করার পাশাপাশি খননের পর নিয়মিত তদারকি ও পলি ব্যবস্থাপনার উদ্যোগ নিতে হবে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নদীকে শুধু একটি প্রকল্প হিসেবে না দেখে জীবন্ত প্রাকৃতিক সম্পদ হিসেবে বিবেচনা করা। নদীকে বাঁচাতে হলে তার স্বাভাবিক প্রবাহ ও পরিবেশগত ভারসাম্য ফিরিয়ে আনতে হবে। শুধু বরাদ্দ, ঠিকাদারি কাজ ও আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে নদী পুনরুদ্ধারের সাফল্য সীমাবদ্ধ থাকলে চলবে না।

মরিচ্চাপ ও বেতনা নদী আজ আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে—নদী খননের নামে অর্থ ব্যয় হচ্ছে, অথচ নদীর প্রাণ ফিরছে না কেন? এই প্রশ্নের উত্তর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খুঁজতে হবে। কারণ নদী মানুষের কাছে কোনো উন্নয়ন প্রকল্পের নাম নয়; নদী তাদের জীবন, জীবিকা ও ভবিষ্যতের অংশ।

আমরা চাই না, কয়েক বছর পর আবারও একই নদী খননের জন্য নতুন প্রকল্প নেওয়া হোক, কোটি কোটি টাকা ব্যয় হোক, অথচ বাস্তবে নদীর কোনো পরিবর্তন না আসুক। আমরা চাই, মরিচ্চাপ ও বেতনা নদী আবার প্রাণ ফিরে পাক। নদীর বুকে ফিরে আসুক স্বাভাবিক পানিপ্রবাহ, ফিরে আসুক মাছ, সচল হোক জলপথ। উন্নয়নের হিসাব যেন কাগজে নয়, নদীর বুকেই দৃশ্যমান হয়।

জনগণের করের টাকায় নদী খনন হবে, অথচ নদীর প্রাণ ফিরবে না—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। নদী খননের সাফল্যের সনদ ঠিকাদার, প্রকৌশলী কিংবা প্রকল্প কর্মকর্তার হাতে সীমাবদ্ধ থাকা উচিত নয়। নদীর বাস্তব পরিবর্তনই হবে সাফল্যের প্রকৃত প্রমাণ।

নদী বাঁচলে জনপদ বাঁচবে। তাই মরিচ্চাপ ও বেতনা নদী পুনরুদ্ধারে আর অবহেলা নয়; চাই কার্যকর উদ্যোগ, স্বচ্ছতা ও জবাবদিহি।

লেখক: সংবাদকর্মী

বাঁশের কেল্লা থেকে আত্মমর্যাদার ইশতেহার: তিতুমীরের জীবন ও দর্শন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ২:৩০ অপরাহ্ণ
বাঁশের কেল্লা থেকে আত্মমর্যাদার ইশতেহার: তিতুমীরের জীবন ও দর্শন

তারিক ইসলাম

ইতিহাসের পাতায় এমন কিছু নাম থাকে, যেগুলো কোনো নির্দিষ্ট কালপর্ব বা ভৌগোলিক সীমানায় আবদ্ধ থাকে না; বরং সময়ের পরিক্রমায় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রেরণা হয়ে ওঠে। সৈয়দ মীর নিসার আলী, যিনি ইতিহাসে ‘তিতুমীর’ নামে অমর, তেমনই এক নাম। আঠারো ও উনিশ শতকের সন্ধিক্ষণে বাংলার গ্রামীণ জনপদ যখন ঔপনিবেশিক শাসন, নীলকরদের জুলুম এবং সামন্ত জমিদারদের অযৌক্তিক করের চাপে বিপর্যস্ত, তখন তিতুমীর উচ্চারণ করেছিলেন আত্মমর্যাদা, ন্যায্যতা ও সম্মিলিত প্রতিরোধের ভাষা।

তিতুমীরের জীবন বিশ্লেষণ করলে দেখা যায়, তাঁর দর্শনের মূলে ছিল ধর্মীয় নৈতিকতা ও সামাজিক ন্যায়বিচারের সমন্বয়। হজ পালনের উদ্দেশ্যে মক্কায় গিয়ে সংস্কারবাদী চিন্তার সংস্পর্শে আসার পর দেশে ফিরে তিনি শুধু ধর্মীয় আচার-অনুষ্ঠানের সংস্কারে সীমাবদ্ধ থাকেননি। তৎকালীন বাংলার বাস্তবতায় ধর্মীয় বিশ্বাস ও অর্থনৈতিক নিপীড়ন ছিল পরস্পরের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত।

স্থানীয় জমিদারদের আরোপিত বৈষম্যমূলক কর—বিশেষ করে মুসলমানদের ‘দাড়ির খাজনা’ কিংবা মসজিদের ওপর করের মতো অপমানজনক বিধান—একই সঙ্গে অর্থনৈতিক শোষণ ও ধর্মীয়-সাংস্কৃতিক অবমাননার প্রতিফলন ছিল। তিতুমীর এসব অন্যায়ের বিরুদ্ধে প্রজাদের সংগঠিত করেন। তাঁর আন্দোলন তাই কেবল ধর্মীয় গোষ্ঠীর সংহতি ছিল না; বরং ভূমি ও শ্রমের সঙ্গে যুক্ত নিপীড়িত মানুষের অধিকার আদায়ের সংগ্রাম। নীলকর ও জমিদারদের শোষণের বিরুদ্ধে দাঁড়ানোই ছিল এ আন্দোলনের অন্যতম প্রধান লক্ষ্য।

আধুনিক অস্ত্র ও সুসংগঠিত বাহিনীর বিপরীতে বাঁশ ও মাটি দিয়ে দুর্গ নির্মাণের ধারণাটি আপাতদৃষ্টিতে অসম মনে হতে পারে। কিন্তু ১৮৩১ সালে নারিকেলবাড়িয়ার ‘বাঁশের কেল্লা’ হয়ে ওঠে প্রতিরোধের এক প্রতীক। এটি প্রমাণ করে, প্রতিকূল পরিস্থিতিতেও সম্মিলিত সংকল্প ও সাহস মানুষের মধ্যে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তি জোগাতে পারে।

তিতুমীরের সংগ্রাম আমাদের মনে করিয়ে দেয়, নিপীড়নের সামনে নতজানু না হয়ে সংগঠিত জনশক্তির মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা সম্ভব। যদিও সেই সংগ্রামে তাঁকে প্রাণ দিতে হয়েছিল, তবু তাঁর আদর্শ মানুষের আত্মমর্যাদা ও অধিকারবোধকে জাগ্রত করে।

কর্নেল হার্ডিংয়ের নেতৃত্বাধীন ব্রিটিশ বাহিনীর আধুনিক কামান ও রাইফেলের সামনে বাঁশের কেল্লা টিকতে পারেনি। ১৮৩১ সালের ১৯ নভেম্বর তিতুমীর ও তাঁর সহযোদ্ধারা শহীদ হন। কিন্তু পরাজয়ের মধ্য দিয়েও তাঁর সংগ্রাম ঐতিহাসিক মর্যাদা লাভ করে। তিনি দেখিয়ে গিয়েছিলেন, ঔপনিবেশিক আধিপত্য ও দেশীয় জমিদারদের শোষণকে প্রশ্ন করা যায় এবং তার বিরুদ্ধে দাঁড়ানো যায়।

তিতুমীরকে স্মরণ করা মানে কেবল অতীতের বীরত্বগাথা আওড়ানো নয়; বরং তাঁর দর্শনের আলোকে বর্তমান সমাজকে মূল্যায়ন করা। আজকের বাংলাদেশে নাগরিক অধিকার, অর্থনৈতিক বৈষম্য, প্রাতিষ্ঠানিক জবাবদিহি ও নৈতিক নেতৃত্বের প্রশ্নগুলো সামনে এলে তিতুমীরের জীবন এক গুরুত্বপূর্ণ আয়না হয়ে ওঠে।

তিনি দেখিয়েছিলেন, বিশ্বাস ও আদর্শ যখন মানুষের দৈনন্দিন দুর্ভোগ লাঘব এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের শক্তি হয়ে ওঠে, তখন তা সমাজ পরিবর্তনের অনুপ্রেরণা জোগায়। বাঁশের কেল্লা আজ আর শুধু একটি ঐতিহাসিক স্থাপনার স্মৃতি নয়; অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর মানসিকতার প্রতীক। সেই আত্মমর্যাদার চেতনা আজও সমান প্রাসঙ্গিক।

লেখক: তারিক ইসলাম, তরুণ লেখক ও চিন্তক, সভাপতি, সাতক্ষীরা বোটানিক্যাল সোসাইটি