পুলিশকে বাদ দিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ অসম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী
পত্রদূত ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, পুলিশ বাহিনীকে বাদ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অসম্ভব। একটি সভ্য রাষ্ট্রে পুলিশ সদস্যরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের জনগণের প্রতিপক্ষ নয়, বন্ধু হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।
শনিবার (২১ নভেম্বর) সকালে যশোর কোতোয়ালি থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে যশোর সদর থানার পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের বিভিন্ন থানায় অস্ত্র লুট ও নৈরাজ্য সৃষ্টির ঘটনা ঘটলেও যশোর কোতোয়ালি থানার সুরক্ষায় বিএনপির কর্মীরা মানবপ্রাচীর গড়ে তুলেছিলেন।
তিনি বলেন, অতীতের সরকারগুলো পুলিশকে রাজনৈতিক কর্মীতে পরিণত করার চেষ্টা করেছে এবং জনগণের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। বর্তমান সরকার এ বিষয়ে সতর্ক। পরিকল্পিতভাবে কোথাও নাশকতা, নৈরাজ্য ও অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলেও প্রধানমন্ত্রী জনগণ ও পুলিশকে পরস্পরের প্রতিপক্ষ হতে দেননি।
পুলিশ সদস্যদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তারা প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী হিসেবে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। জনবান্ধব পুলিশ বাহিনী গড়ে উঠলে মানুষ পুলিশকে প্রকৃত বন্ধু হিসেবে ভাববে। এ লক্ষ্য বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন। নতুন ভবন নির্মাণের মান নিয়েও কোনো আপস করা হবে না বলে তিনি আশা প্রকাশ করেন।
যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম বক্তব্য দেন।
ছয়তলা ভিত্তির ওপর চারতলা ভবনটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১১ কোটি ৭২ লাখ টাকা।









