রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন মেসি

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৩:২৬ অপরাহ্ণ
টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন মেসি

মেজর লিগ সকারে (এমএলএস) নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। টানা দ্বিতীয় মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হওয়ার স্বীকৃতি হিসেবে আর্জেন্টাইন মহাতারকার হাতে তুলে দেওয়া হয়েছে গোল্ডেন বুট। এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুম এই পুরস্কার জয়ের কীর্তি গড়েছেন ইন্টার মায়ামির অধিনায়ক।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় এমএলএস কাপ প্লে-অফের প্রথম রাউন্ডে কলম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচ শুরুর আগে এক অনুষ্ঠানে মেসির হাতে পুরস্কার তুলে দেন ইন্টার মায়ামির সহ-মালিক হোর্হে মাস।

২০২৬ মৌসুমের নিয়মিত পর্বে ৩১ ম্যাচ খেলে ২৬ গোল করেছেন মেসি। ম্যাচপ্রতি গোলের গড় ০.৮৪। গোলদাতাদের তালিকায় তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এফসি ডালাসের পেতার মুসা করেছেন ২২ গোল। তৃতীয় স্থানে থাকা ন্যাশভিলের স্যাম সারিজের গোল ২১টি।

তবে শুধু গোল করেই নয়, সতীর্থদের গোল করাতেও সমান কার্যকর ছিলেন মেসি। ২৬ গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৭টি গোল। সব মিলিয়ে ৪৩টি গোলে সরাসরি অবদান রেখেছেন তিনি।

এমএলএসের ইতিহাসে ষষ্ঠ খেলোয়াড় হিসেবে একাধিকবার গোল্ডেন বুট জিতেছেন মেসি। তবে টানা দুই মৌসুমে এই পুরস্কার জেতা প্রথম ফুটবলার তিনিই। ২০২৫ মৌসুমে ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট নিয়ে প্রথমবার গোল্ডেন বুট জিতেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

গোল্ডেন বুট জয়ের পর এবার মেসির সামনে টানা তৃতীয়বারের মতো এমএলএসের মৌসুমসেরা খেলোয়াড় (এমভিপি) হওয়ার সুযোগ। ২০২৪ ও ২০২৫ মৌসুমে এই পুরস্কার জেতা মেসি ২০২৬ সালের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকাতেও রয়েছেন।

গত মৌসুমে ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছিল ইন্টার মায়ামি। সেই আসরের প্লে-অফে ৬ গোল ও ৯ অ্যাসিস্ট করে টুর্নামেন্টসেরাও হয়েছিলেন মেসি। এবার শিরোপা ধরে রাখার অভিযানে প্লে-অফের প্রথম রাউন্ডে কলম্বাস ক্রুর মুখোমুখি হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

Ads small one

সাতক্ষীরায় ৪৯ দিনে শিশু রোগে আক্রান্ত ১,০৯০, হাসপাতালে শয্যা সংকট

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৭:০৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় ৪৯ দিনে শিশু রোগে আক্রান্ত ১,০৯০, হাসপাতালে শয্যা সংকট

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0;

গোলাম সরোয়ার: হঠাৎ শীতের প্রকোপ বাড়তে শুরু করায় সাতক্ষীরায় শিশুদের মধ্যে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ার সংক্রমণ বাড়ছে। গত ৪৯ দিনে জেলার তিনটি হাসপাতালে এসব রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৯০ শিশু। রোগীর চাপ বাড়লেও বিশেষ করে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখা দিয়েছে তীব্র শয্যা ও চিকিৎসক সংকট। জায়গার অভাবে অনেক শিশুকে হাসপাতালের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত সাতক্ষীরা সদর হাসপাতালে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত ৬৪৩ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় ২৪৭ এবং ডায়রিয়ায় ৪৯৬ শিশু আক্রান্ত। একই সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে ১৮৩ শিশু। এর মধ্যে নিউমোনিয়ায় ১০৮ এবং ডায়রিয়ায় ৭৫ শিশু। এ ছাড়া সাতক্ষীরার একমাত্র বেসরকারি শিশু হাসপাতালে একই সময়ে নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত ১৬৪ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে নিউমোনিয়ায় ১১৫ এবং ডায়রিয়ায় ৪৯ শিশু আক্রান্ত।

শিশু হাসপাতালের পরিচালক চিকিৎসক আবুল বাসার জানান, ওই সময়ে বহির্বিভাগে এসব রোগে আক্রান্ত আরও ৫ হাজার ৩২০ শিশু চিকিৎসা নিয়েছে। তবে সদর হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নেওয়া শিশুদের কোনো পরিসংখ্যান পাওয়া যায়নি।

হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী, শীতের আকস্মিক পরিবর্তনের সঙ্গে বাড়ছে শিশু রোগীর চাপ। নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

সাতক্ষীরা সদর হাসপাতালে পরিস্থিতি সবচেয়ে বেশি উদ্বেগজনক। শয্যা সংকটের কারণে অনেক শিশুকে ওয়ার্ডের মেঝে ও বারান্দায় রেখে চিকিৎসা দিতে হচ্ছে।

সদর উপজেলার বেতলা গ্রামের রোজিনা খাতুন জানান, তাঁর ৪০ দিন বয়সী ছেলে আবিদ হোসেনের শ্বাসকষ্ট দেখা দিলে ২০ নভেম্বর তাকে সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকের পরীক্ষায় শিশুটির নিউমোনিয়া শনাক্ত হয়। কিন্তু শয্যা না থাকায় তাকে হাসপাতালের বারান্দায় রাখতে হয়েছে। শিশুটির শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন তিনি।

একইভাবে তালা উপজেলার পাটকেলঘাটা গ্রামের আফরোজা খাতুন তাঁর দেড় মাস বয়সী মেয়ে আইরিয়াকে শ্বাসকষ্ট নিয়ে ২০ নভেম্বর সদর হাসপাতালে ভর্তি করেন। ওয়ার্ডে শয্যা না পেয়ে বারান্দায় রেখেই শিশুটিকে নেবুলাইজারের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর হাসপাতালের শিশু ওয়ার্ড ও বারান্দায় প্রতিদিন গড়ে ১০০ থেকে ১২০ শিশু চিকিৎসা নিচ্ছে।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) চিকিৎসক আব্দুর রহমান জানান, হাসপাতালের শিশু ওয়ার্ডে অনুমোদিত শয্যা মাত্র ১৫টি। অথচ প্রতিদিন গড়ে ৯০ থেকে ১২০ শিশু ভর্তি থাকে। শিশুদের ডায়রিয়া ওয়ার্ডে অনুমোদিত শয্যা পাঁচটি হলেও সেখানে প্রতিদিন ২০ থেকে ৩০ শিশু ভর্তি থাকে। সীমিত শয্যার মধ্যে অতিরিক্ত রোগীর চিকিৎসা দিতে চিকিৎসক ও নার্সদের হিমশিম খেতে হচ্ছে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ও সহযোগী অধ্যাপক চিকিৎসক মো. সামছুর রহমান বলেন, আবহাওয়ার আকস্মিক পরিবর্তন, তাপমাত্রার ওঠানামা ও শীতের প্রকোপ শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণের ঝুঁকি বাড়ায়। বিশেষ করে নবজাতক ও পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিউমোনিয়া ও শ্বাসকষ্ট দ্রুত জটিল আকার ধারণ করতে পারে। অন্যদিকে ডায়রিয়ায় আক্রান্ত শিশুদের শরীরে দ্রুত পানিশূন্যতা দেখা দিতে পারে। তাই এসব রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

সাতক্ষীরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী বলেন, শিশুদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে শয্যা বাড়ানো, প্রয়োজনীয় চিকিৎসক ও নার্স পদায়ন এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।

সাতক্ষীরার সিভিল সার্জন চিকিৎসক আব্দুস সালাম জানান, ১৯৮০ সালের দিকে ৫০ শয্যা নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতাল প্রতিষ্ঠিত হয়। পরে এটি ১০০ শয্যায় উন্নীত করা হলেও জেলা সদরে রোগীর চাপ অনেক বেশি। এ কারণে হাসপাতালটি ২৫০ শয্যায় উন্নীত করার অনুমোদন চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের একটি সভায় প্রস্তাবটি উত্থাপন করা হলেও সাতক্ষীরা মেডিকেল কলেজের কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় তখন অনুমোদন পাওয়া যায়নি। বিষয়টি বাস্তবায়নে আবারও উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।

শীতের মৌসুমে শিশু রোগীর চাপ আরও বাড়ার আশঙ্কা থাকায় সাতক্ষীরা সদর হাসপাতালের শয্যা ও চিকিৎসক সংকট নিরসন এখন জরুরি হয়ে উঠেছে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া না হলে উপকূলীয় এ জেলার শিশুদের চিকিৎসাসেবা আরও চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
পাইকগাছায় ২০ হাজার টাকার জাল নোটসহ দুই নারী আটক

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় ২০টি এক হাজার টাকার জাল নোটসহ নুরজাহান ও আসমা নামে দুই নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার লস্কর ইউনিয়নের স্মরণখালী এলাকা থেকে তাঁদের আটক করা হয়।

পুলিশ জানায়, ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে দুই নারী উপজেলার কাটাখালীর দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান ও এসআই আব্দুল আজিজের নেতৃত্বে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় নুরজাহানকে আটক করে নারী পুলিশ সদস্যের মাধ্যমে তল্লাশি করা হলে এক হাজার টাকা মূল্যমানের ২০টি জাল নোট উদ্ধার হয়। পরে তাঁর সহযোগী আসমাকেও আটক করা হয়।

পুলিশ আরও জানায়, আটক দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার বান্দিকাটি এলাকায় তাঁদের ভাড়া বাসায় তল্লাশি চালানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৬:৪৬ অপরাহ্ণ
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন পাইকগাছা থানার ওসি শেখ আওয়াল কবির। এ উপলক্ষে তাঁকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও নগদ অর্থ পুরস্কার প্রদান করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে অক্টোবর মাসের মাসিক আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভায় তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।

খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের সভাপতিত্বে সভা পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক ও ডিএসবি) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা)। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, সহকারী পুলিশ সুপার মো. আমির হামজা, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার শেখ আলমগীর হোসেন ও মো. বাবুল হোসাইন হাওলাদারসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলার শ্রেষ্ঠ ওসি, মাদক উদ্ধারকারী এসআই ও এএসআই, ওয়ারেন্ট তামিলকারী এসআই ও এএসআই এবং সর্বোচ্চ মামলা রুজুকারী সার্জেন্টকে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়।

সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার অপরাধ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।