রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে

দেশের কোথাও রাজনৈতিক সহিংসতা, কোথাও শ্রমিক অসন্তোষ, আবার কোথাও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় মোতায়েন করা হচ্ছে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আনসার সদস্যদের। এসব মোতায়েনের খবর দিতে গিয়ে সংশ্লিষ্ট বাহিনীর সংবাদ বিজ্ঞপ্তিতে প্রায়ই বলা হয়, ৯০ প্লাটুন বিজিবি কিংবা ৫০ প্লাটুন আনসার মোতায়েন করা হয়েছে। কিন্তু এক প্লাটুন বলতে আসলে কতজন সদস্যকে বোঝায়? সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনসারের প্লাটুনের জনবল কি একই? আর কতটি প্লাটুন নিয়ে গঠিত হয় একটি ব্যাটালিয়ন?

সামরিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাংগঠনিক কাঠামোয় প্লাটুন একটি ছোট কার্যকরী ইউনিট। সাধারণত কয়েকটি সেকশন নিয়ে একটি প্লাটুন গঠিত হয়। এর নেতৃত্বে থাকেন একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা প্লাটুন কমান্ডার। তবে বাহিনীর ধরন, কাজের প্রয়োজন এবং অনুমোদিত সাংগঠনিক কাঠামো অনুযায়ী প্লাটুনের সদস্যসংখ্যায় পার্থক্য থাকে।

সেনাবাহিনীর এক প্লাটুনে কতজন?

বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক সাংগঠনিক কাঠামো অনুযায়ী, একটি প্লাটুনে সাধারণত ৩০ থেকে ৩২ জন সদস্য থাকেন। কোনও কোনও ইউনিটে এই সংখ্যা আরও বেশি হতে পারে। সাধারণত তিনটি সেকশন নিয়ে একটি প্লাটুন গঠিত হয়। এর নেতৃত্বে থাকেন লেফটেন্যান্ট বা সেকেন্ড লেফটেন্যান্ট পদমর্যাদার একজন কর্মকর্তা। প্রয়োজন অনুযায়ী অন্য পদমর্যাদার অভিজ্ঞ সদস্যও প্লাটুনের দায়িত্ব পালন করতে পারেন।

পদাতিক বাহিনীতে প্লাটুন একটি গুরুত্বপূর্ণ পরিচালনাগত ইউনিট। একাধিক প্লাটুন নিয়ে কোম্পানি গঠিত হয়। পরে কয়েকটি কোম্পানি একত্র হয়ে তৈরি হয় ব্যাটালিয়ন।

বিজিবির এক প্লাটুনে কতজন?

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) প্লাটুনের সদস্যসংখ্যাও নির্দিষ্ট একটি সংখ্যায় সীমাবদ্ধ নয়। সাধারণত একটি প্লাটুনে ২০ থেকে ৩০ জন সদস্য থাকেন। সীমান্ত পাহারা, টহল, চোরাচালান প্রতিরোধ কিংবা দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব অনুযায়ী জনবল নির্ধারিত হয়।

বিশেষ পরিস্থিতিতে ২০ সদস্যের প্লাটুনও মোতায়েন করা হয়। ফলে ১০ প্লাটুন বিজিবি মোতায়েনের অর্থ সব সময় ৩০০ সদস্য নয়। প্রচলিত এই হিসাব অনুযায়ী, ১০ প্লাটুনে সদস্যসংখ্যা ২০০ থেকে ৩০০ জনের মধ্যে হতে পারে।

আনসারের প্লাটুন কত বড়?

সাধারণ আনসারের ইউনিয়নভিত্তিক একটি প্লাটুনে সাধারণত ৩২ জন সদস্য থাকেন। তবে ব্যাটালিয়ন আনসারের সাংগঠনিক কাঠামো কিছুটা আলাদা। এখানে কয়েকটি সেকশন নিয়ে প্লাটুন, কয়েকটি প্লাটুন নিয়ে কোম্পানি এবং কয়েকটি কোম্পানি নিয়ে ব্যাটালিয়ন গঠিত হয়।

আনসার ব্যাটালিয়ন আইন, ২০২৩ অনুযায়ী, কোথাও মোতায়েনের প্রয়োজন হলে সরকারের অনুমোদনক্রমে এসব ইউনিটের সদস্যসংখ্যা নির্ধারণ করা হয়। ফলে সাধারণ আনসার ও ব্যাটালিয়ন আনসারের প্লাটুনের জনবল এক হিসাবে বিবেচনা করার সুযোগ নেই।

পুলিশের প্লাটুনের হিসাব কী?

বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট আর্মড পুলিশ ব্যাটালিয়নেও (এপিবিএন) প্লাটুনভিত্তিক সাংগঠনিক কাঠামো রয়েছে। ২০২৬ সালের ১৫ সেপ্টেম্বর প্রণীত আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইনের ৭(২) ধারায় ব্যাটালিয়ন, কোম্পানি, প্লাটুন ও সেকশনে সদস্যদের বিন্যস্ত করার বিধান রাখা হয়েছে।

তবে এপিবিএনের একটি প্লাটুনে ঠিক কতজন সদস্য থাকবেন, তা আইনে নির্দিষ্ট করে দেওয়া হয়নি। অনুমোদিত সাংগঠনিক কাঠামো, দায়িত্ব ও প্রয়োজন অনুযায়ী সদস্যসংখ্যা নির্ধারিত হয়।

কত প্লাটুনে একটি ব্যাটালিয়ন?

সেনাবাহিনীর প্রচলিত সাংগঠনিক কাঠামোয় কয়েকটি প্লাটুন নিয়ে একটি কোম্পানি এবং কয়েকটি কোম্পানি নিয়ে একটি ব্যাটালিয়ন গঠিত হয়। একটি প্রচলিত পদাতিক কাঠামো অনুযায়ী, তিনটি প্লাটুন নিয়ে একটি কোম্পানি এবং চার থেকে ছয়টি কোম্পানি নিয়ে একটি ব্যাটালিয়ন হতে পারে। সে হিসাবে একটি ব্যাটালিয়নে কোম্পানিগুলোর অধীনে ১২ থেকে ১৮টি প্লাটুন থাকতে পারে।

তবে ব্যাটালিয়নের জনবল শুধু এসব প্লাটুনের সদস্যদের মধ্যে সীমাবদ্ধ নয়। সদর দফতর, সহায়তাকারী ইউনিট ও বিশেষায়িত দায়িত্বে নিয়োজিত সদস্যরাও এর অন্তর্ভুক্ত থাকেন। সব মিলিয়ে একটি পদাতিক ব্যাটালিয়নে সাধারণত কয়েক শ থেকে প্রায় ৮০০ সদস্য থাকতে পারেন।

অন্যদিকে বিজিবি ও আনসার ব্যাটালিয়নের সদস্যসংখ্যা, কোম্পানি ও প্লাটুনের সংখ্যা তাদের নিজস্ব অনুমোদিত সাংগঠনিক কাঠামোর ওপর নির্ভর করে।

প্লাটুনের সংখ্যা জানলেই কি জনবল জানা যায়?

বাস্তবে প্লাটুনের সংখ্যা দিয়ে মোতায়েন করা বাহিনীর মোট সদস্যসংখ্যা সব সময় নির্ভুলভাবে নির্ধারণ করা যায় না। কারণ, বাহিনীর ধরন, দায়িত্ব, অপারেশনের প্রয়োজন এবং সাংগঠনিক কাঠামো অনুযায়ী একটি প্লাটুনের সদস্যসংখ্যা কমবেশি হতে পারে।

তাই কোনও এলাকায় ৫০ প্লাটুন বা ৯০ প্লাটুন বাহিনী মোতায়েনের তথ্য প্রকাশ করা হলে সেটি দিয়ে সাংগঠনিক ইউনিটের সংখ্যা বোঝা যায়। কিন্তু প্রতিটি প্লাটুনের প্রকৃত সদস্যসংখ্যা জানা না থাকলে মোট কতজন সদস্য মোতায়েন রয়েছেন, তা নিশ্চিতভাবে বলা যায় না।

Ads small one

শ্যামনগরে বসতভিটা দখলচেষ্টা ও উচ্ছেদের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
শ্যামনগরে বসতভিটা দখলচেষ্টা ও উচ্ছেদের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরে বসতভিটা দখল, মিথ্যা মামলায় হয়রানি ও বাড়িঘর থেকে উচ্ছেদের হুমকির অভিযোগ তুলেছেন আফসানা আক্তার খুশি (২২) নামের এক কলেজছাত্রী। রোববার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আফসানা জানান, উপজেলার নওবেঁকী এলাকার আসরাফুর জামান মনা (৫০) দীর্ঘদিন ধরে রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে তাঁদের পরিবারের জমি দখলের চেষ্টা করছেন। ২০১৩ সালে তাঁর চাচার জমি দখল করে বাড়ি নির্মাণের অভিযোগও করেন তিনি। সম্প্রতি তাঁর স্বামী মুজাহিদুল ইসলামের বসতভিটা দখলের চেষ্টা চলছে বলে দাবি করেন আফসানা।
তিনি আরও অভিযোগ করেন, দখলচেষ্টার ঘটনায় বাধা দেওয়ায় তাঁদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা করা হয়েছে। মামলাটিকে হয়রানিমূলক দাবি করে তিনি বলেন, এর ফলে পরিবারটি আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বাড়িঘর থেকে উচ্ছেদের হুমকিও দেওয়া হচ্ছে।
পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা, মামলার নিরপেক্ষ তদন্ত এবং জমি দখল ও মারধরের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও শ্যামনগর থানার ওসির হস্তক্ষেপ কামনা করেন তিনি। এ বিষয়ে অভিযুক্ত আসরাফুর জামান মনার বক্তব্য পাওয়া যায়নি।

দেবহাটায় সড়ক দুর্ঘটনায় পত্রিকা পরিবেশক আলাউদ্দিন আহত

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
দেবহাটায় সড়ক দুর্ঘটনায় পত্রিকা পরিবেশক আলাউদ্দিন আহত

নিজস্ব প্রতিনিধি: দেবহাটায় সড়ক দুর্ঘটনায় জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকার পরিবেশক আলাউদ্দিন আহত হয়েছেন। গত ২০ নভেম্বর শুক্রবার বেলা ১১টার দিকে পারুলিয়া-বদরতলা সড়কের চার রাস্তার মোড়ে পত্রিকা বিতরণের সময় একটি ইজিবাইকের ধাক্কায় তিনি আহত হন।
এতে তাঁর হাঁটুর হাড়ে গুরুতর আঘাত লাগে। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ না হওয়া পর্যন্ত সাময়িকভাবে পত্রিকা বিতরণ করতে পারবেন না বলে জানিয়েছেন তিনি। দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন আলাউদ্দিন।

জানুয়ারিতে তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
জানুয়ারিতে তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ

নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২০২৭ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে তুরস্কে এক বা একাধিক প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যে এই প্রস্তাব পেয়েছে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সর্বশেষ সভায় বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে।

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এটা সত্যি। প্রস্তাবিত তারিখ ১৫ জানুয়ারি।’

কিরগিজস্তানের আমন্ত্রণ অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারি তুরস্কে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে একাধিক ম্যাচ খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।

এই প্রীতি ম্যাচ আয়োজন করা গেলে নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক ফুটবলে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ। তবে ম্যাচটি হবে ফিফা উইন্ডোর বাইরে। ফলে তখন হামজা চৌধুরীসহ একাধিক প্রবাসী ফুটবলারকে ছাড়াই খেলতে হতে পারে দলকে।

বাংলাদেশের কোচ টমাস ডুলি তুরস্কে ম্যাচ নিয়ে বলেছেন, ‘ফিফা উইন্ডোর বাইরে সবসময় খেলতে পারেন। তবে সেক্ষেত্রে আন্তর্জাতিক খেলোয়াড়দের ছাড়াই খেলতে হবে এবং পয়েন্ট হারানোর সম্ভাবনাও থাকতে পারে (বা পয়েন্ট পেতেও পারেন আবার হারাতেও পারেন)।’