দাদাসাহেব ফালকে পুরস্কারে টেইলর সুইফট, নেটদুনিয়ায় হাসির রোল
বিশ্বসংগীতের জনপ্রিয় তারকা টেইলর সুইফটের পুরস্কারের তালিকায় যুক্ত হলো আরও একটি সম্মাননা। ভারতের দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২০২৬ সালের আয়োজনে ‘ইন্টারন্যাশনাল আর্টিস্ট অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন এই মার্কিন সংগীতশিল্পী।
গত ২০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যমে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন আয়োজকেরা। সেখানে টেইলর সুইফটকে আন্তর্জাতিক বর্ষসেরা শিল্পী হিসেবে সম্মানিত করার কথা জানানো হয়।
আয়োজকদের ঘোষণায় বলা হয়, সমসাময়িক সংগীত, গান রচনা ও সরাসরি সংগীত পরিবেশনায় অসাধারণ অবদান, বিশ্বজুড়ে সাংস্কৃতিক প্রভাব এবং সংগীতশৈলীর স্বীকৃতি হিসেবে টেইলরকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
এদিকে এমন ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও হাস্যরস। ভারতের চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব দাদাসাহেব ফালকের নামে আয়োজিত পুরস্কারে বিশ্বসংগীতের এই তারকার নাম দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ বিষয়টি নিয়ে মজার মন্তব্যও করেছেন।
একজন লিখেছেন, ‘টেইলর সুইফটের হাতে দাদাসাহেব ফালকে পুরস্কার! ২০২৬ সাল আর কতটা অদ্ভুত হতে পারে!’
আরেকজন মজা করে লিখেছেন, ‘অবশেষে তিনি রাফতারের পর্যায়ে পৌঁছেছেন। অভিনন্দন!’
অন্য একজন লিখেছেন, ‘গ্র্যামি আবার কী! টেইলর সুইফট তো দাদাসাহেব ফালকে থেকেই বছরের সেরা অ্যালবামের পুরস্কার জিতে নিয়েছেন।’
আরেকজনের মন্তব্য, ‘আশা করি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি ‘চিগি উইগি’ অথবা অন্তত ‘ধুম মাচালে’ গাইবেন।’
টেইলর সুইফটের পাশাপাশি ২০২৬ সালের এই আয়োজনের আন্তর্জাতিক বিভাগে আরও কয়েকজন তারকাকে সম্মানিত করা হয়েছে। বিশ্ব চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য স্বীকৃতি পেয়েছেন নির্মাতা জেমস ক্যামেরন। ‘সিনার্স’ সিনেমার জন্য সম্মাননা পেয়েছেন মাইকেল বি জর্ডান, ‘হ্যামনেট’-এর জন্য জেসি বাকলি এবং ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’-এর জন্য পল থমাস অ্যান্ডারসন।











