রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

১০ মিনিটের ঝড়ে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:১৫ অপরাহ্ণ
১০ মিনিটের ঝড়ে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন

শুরুতেই দুই গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিল বার্সেলোনা! প্রথমার্ধে পেনাল্টি মিস, একের পর এক সুযোগ নষ্ট। কিন্তু বিরতির পর অন্য এক বার্সেলোনাকে দেখেছে সমর্থকরা। মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে ভিয়ারিয়ালকে হারিয়ে লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে হান্সি ফ্লিকের দল। স্পটিফাই ন্যু ক্যাম্পে ম্যাচের শুরুতে ধাক্কা খেলেও শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় তুলে নিয়েছে কাতালানরা।

ম্যাচের শুরুটা ছিল বার্সেলোনার জন্য রীতিমতো দুঃস্বপ্নের। প্রথম সাত মিনিটেই দুই গোল করে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেয় ভিয়ারিয়াল। তাজন বুকানন প্রথম গোলটি করেন। এরপর তানি ওলুওয়াসেইয়ের জোরালো শটে ব্যবধান দ্বিগুণ হয়। ১৯৮১ সালের নভেম্বরের পর এই প্রথম লা লিগার কোনো ম্যাচের প্রথম সাত মিনিটে দুই গোল হজম করেছে বার্সেলোনা। সেবার রিয়াল জারাগোজার বিপক্ষে এমন পরিস্থিতিতে পড়েছিল তারা।

২৩ মিনিটে অবশ্য ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল বার্সেলোনা। বক্সের মধ্যে লামিনে ইয়ামালকে ফাউল করেন ওলুওয়াসেই। ভিএআরের সাহায্যে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু স্পটকিক থেকে লক্ষ্যভ্রষ্ট হন ইয়ামাল। বিরতির ঠিক আগে কাছ থেকে হেড করেও গোল করতে পারেননি জেরার্ড মার্টিন।

তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বার্সেলোনা। ৬১ মিনিটে পেদ্রির ক্রস থেকে হেডে গোল করে ব্যবধান কমান জেরার্ড মার্টিন। নিজের আগের ভুলের প্রায়শ্চিত্ত করেন এই ডিফেন্ডার। এরপর ৬০ মিনিটের কাছাকাছি সময়ে ইয়ামালের পাস থেকে বক্সের মধ্যে বল জালে পাঠিয়ে সমতা ফেরান ফেরমিন লোপেজ।

সমতায় ফেরার পর বার্সেলোনার আক্রমণ আরও তীব্র হয়। ৬৭ মিনিটে এরিক গার্সিয়ার ক্রস নিজেদের জালে পাঠিয়ে দেন ভিয়ারিয়ালের ডিফেন্ডার পাউ নাভারো। তাতেই ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় স্বাগতিকরা। মাত্র ১০ মিনিটের ব্যবধানে তিন গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় বার্সেলোনা।

নাভারোর দুঃসময় অবশ্য সেখানেই শেষ হয়নি। যোগ করা সময়ে বার্সেলোনা অধিনায়ক রাফিনহাকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন তিনি। ফলে ১০ জনের দলে পরিণত হয় ভিয়ারিয়াল।

এই জয়ে লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে নিজেদের আধিপত্যও ধরে রাখলো বার্সেলোনা। দলটির কোচ ইনিগো পেরেজের অধীনে বার্সার বিপক্ষে ছয় ম্যাচ খেলে এখনও জয়ের দেখা পায়নি তারা। এর মধ্যে পাঁচটিতে হার, একটি ড্র।

এই জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে থেকে লা লিগার শীর্ষে ফিরেছে বার্সেলোনা।

Ads small one

সাতক্ষীরার সাংস্কৃতিক ব্যক্তিত্ব গজনফ্ফর কবির আর নেই

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
সাতক্ষীরার সাংস্কৃতিক ব্যক্তিত্ব গজনফ্ফর কবির আর নেই

পত্রদূত ডেস্ক: সাতক্ষীরার সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত ব্যক্তিত্ব, নাট্যজন, কবি ও আবৃত্তিশিল্পী গজনফ্ফর কবির আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২২ নভেম্বর) ভোরে ঢাকায় নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
গজনফ্ফর কবির একাধারে নাট্যজন, কবি ও আবৃত্তিশিল্পী ছিলেন। আশির দশকে তিনি সাংবাদিকতাও করেছেন। তাঁর বড় ভাই আলমগীর কবিরও নাট্যাঙ্গন ও গণমাধ্যমের পরিচিত ব্যক্তিত্ব।
তাঁর মৃত্যুতে সাতক্ষীরার সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সংশ্লিষ্টরা।

কালিগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
কালিগঞ্জের নবাগত ইউএনওর সঙ্গে জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সংবাদদাতা: সাতক্ষীরার কালিগঞ্জের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা।
রোববার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে ইউএনওর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় জামায়াত নেতারা নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল ওহাব সিদ্দিকী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সহকারী অধ্যাপক আব্দুর রউফ, ভারপ্রাপ্ত সেক্রেটারি অধ্যক্ষ আবু রাসেল আসকারী, সহকারী সেক্রেটারি আবু ইসলাম, মাওলানা আনোয়ারুল ইসলাম ও মাওলানা আব্দুল মোমেন, সহকারী অধ্যাপক চৌধুরী মোশাররফ হোসেন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার মো. সালাহউদ্দিন, উপজেলা অফিস সম্পাদক আফতাব উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।

 

চায়ের আড্ডায় সাধারণ মানুষের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহ

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ১১:৩৬ অপরাহ্ণ
চায়ের আড্ডায় সাধারণ মানুষের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহ

কলারোয়া প্রতিনিধি: সারাদিনের কর্মব্যস্ততা শেষে চায়ের দোকানে আড্ডায় মেতেছিলেন দিনমজুর, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় সেই আড্ডায় যোগ দেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ। সাধারণ মানুষের সঙ্গে একই বেঞ্চে বসে চা পান করেন এবং কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।
সন্ধ্যায় কলারোয়া পৌরসভার ইউরেকা পেট্রোল পাম্প মোড় ও ২ নম্বর ওয়ার্ডের তুলসীডাঙ্গা মোড়ের চায়ের দোকানে গিয়ে তিনি সাধারণ মানুষ ও তৃণমূল নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং তাঁদের কথা শোনেন। হঠাৎ সংসদ সদস্যকে কাছে পেয়ে উপস্থিত লোকজনের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।
চায়ের দোকানে উপস্থিত ষাটোর্ধ্ব দিনমজুর মশিউর রহমান বলেন, তাঁরা প্রতিদিন কাজ শেষে ওই দোকানে আড্ডা দেন। সেখানে সংসদ সদস্যকে তাঁদের সঙ্গে বসে চা পান করতে দেখে তিনি অবাক হয়েছেন। এভাবে সাধারণ মানুষের সঙ্গে মিশলে তিনি সত্যিকার অর্থে জনগণের প্রতিনিধি হয়ে উঠবেন বলে মন্তব্য করেন মশিউর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী, জেলা শূরা সদস্য অধ্যাপক রেজাউল ইসলাম, কলারোয়া উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা রুহুল কুদ্দুস, যুব বিভাগের উপজেলা সভাপতি শামসুল আলম বুলবুল, কর্মপরিষদ সদস্য একেএম কুরবান আলী, পৌর জামায়াতের আমির ও মেয়র প্রার্থী ডা. মো. ইউনুছ আলী বাবুসহ স্থানীয় নেতাকর্মীরা।