জানুয়ারিতে তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে খেলতে পারে বাংলাদেশ
নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২০২৭ সালের জানুয়ারির মাঝামাঝি সময়ে তুরস্কে এক বা একাধিক প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে কিরগিজস্তান।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ইতোমধ্যে এই প্রস্তাব পেয়েছে। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সর্বশেষ সভায় বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে।
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এটা সত্যি। প্রস্তাবিত তারিখ ১৫ জানুয়ারি।’
কিরগিজস্তানের আমন্ত্রণ অনুযায়ী, আগামী ১৫ জানুয়ারি তুরস্কে ম্যাচ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে একাধিক ম্যাচ খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
এই প্রীতি ম্যাচ আয়োজন করা গেলে নতুন বছরের শুরুতেই আন্তর্জাতিক ফুটবলে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে বাংলাদেশ। তবে ম্যাচটি হবে ফিফা উইন্ডোর বাইরে। ফলে তখন হামজা চৌধুরীসহ একাধিক প্রবাসী ফুটবলারকে ছাড়াই খেলতে হতে পারে দলকে।
বাংলাদেশের কোচ টমাস ডুলি তুরস্কে ম্যাচ নিয়ে বলেছেন, ‘ফিফা উইন্ডোর বাইরে সবসময় খেলতে পারেন। তবে সেক্ষেত্রে আন্তর্জাতিক খেলোয়াড়দের ছাড়াই খেলতে হবে এবং পয়েন্ট হারানোর সম্ভাবনাও থাকতে পারে (বা পয়েন্ট পেতেও পারেন আবার হারাতেও পারেন)।’












