সাতক্ষীরায় এসিড সারভাইভরদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের বার্ষিক সভা
সংবাদদাতা: সাতক্ষীরায় এসিড আক্রান্তদের সংগঠন সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের (এসবিজিএন) বার্ষিক সাধারণ সভা, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলা মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেতুবন্ধন গড়ি নেটওয়ার্কের উদ্যোগে উন্নয়ন সংগঠন স্বদেশ ও দাতা সংস্থা একশনএইডের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে জেলার এসিড আক্রান্ত নারী-পুরুষ, উন্নয়নকর্মী, সাংবাদিক, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুধীজন অংশ নেন।
স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন। বিশেষ অতিথি ছিলেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এসএম রফিকুল ইসলাম। সম্মানীয় অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন্নাহার, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, ভয়েস অব সাতক্ষীরার সম্পাদক এম কামরুজ্জামান, শিক্ষাবিদ আবদুল হামিদ, মুফতি আখতারুজ্জামান, এসিড সারভাইভর আসমা খাতুন ও গঙ্গা দাসী। এ ছাড়া সাংবাদিক কাজী শওকত হোসেন ময়না, শরিফুল্লাহ কায়সার সুমন, গোলাম সরোয়ার, বেলাল হোসেন ও উন্নয়নকর্মী সাকিবুর রহমান বাবলাসহ অনেকে উপস্থিত ছিলেন।
সভায় নেটওয়ার্কের বার্ষিক কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন এসবিজিএনের প্রোগ্রাম অফিসার দেবজ্যোতি ঘোষ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসাইন বলেন, এসিড আক্রান্ত ব্যক্তিরা অত্যন্ত সাহসী। তাঁরা প্রতিকূলতাকে জয় করে জীবন এগিয়ে নেওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি এসিড আক্রান্তদের তালিকা প্রস্তুত করে উপজেলা প্রশাসনের কাছে দেওয়ার জন্য স্বদেশের নির্বাহী পরিচালককে অনুরোধ করেন এবং তাঁদের সরকারি সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন।
তিনি বলেন, এসিড আক্রান্ত ব্যক্তিরা সমাজেরই অংশ। তাঁদের বাদ দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাঁদের সামাজিক, অর্থনৈতিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে সরকারি-বেসরকারি পর্যায়ে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সমাজে নতুন করে এসিড সন্ত্রাসের ঘটনা প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে এবং বিত্তবানদের সহযোগিতায় আক্রান্তদের বহুমুখী সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।
সাতক্ষীরায় এসিড নিক্ষেপের ঘটনা শূন্যে নামিয়ে আনতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্বদেশ ও একশনএইডের ভূমিকার প্রশংসা করেন তিনি। সমাবেশে অর্থনৈতিকভাবে সফল এসিড সারভাইভররা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানের পণ্য নিয়ে স্টলও দেন।



