শ্যামনগরের খাল দখল ও অবৈধ বন্দোবস্ত বাতিলের দাবিতে মৌনবন্ধন, ডিসিকে স্মারকলিপি
নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের খাল অবৈধ দখলমুক্ত করা, জলাবদ্ধতা নিরসন, কৃষি ও মৎস্যসম্পদ রক্ষা এবং শুষ্ক মৌসুমে মিষ্টি পানির সংকট দূর করার দাবিতে সাতক্ষীরায় মৌনবন্ধন অনুষ্ঠিত হয়েছে। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন শ্যামনগরের ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয় বাসিন্দারা।
বুধবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালিত হয়। পরে জেলা প্রশাসক মিজ কায়সার আজিজের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে বক্তব্য দেন শ্যামনগরের বাসিন্দা সুমাইয়া কামাল, পিযুষ বাউলিয়া, পুষ্পরাণী, নাগরিক নেতা কল্যাণ ব্যানার্জি ও আলীনুর খান বাবুলসহ অন্যরা।
বক্তারা বলেন, শ্যামনগরের ২০৫টি খালের অধিকাংশই প্রভাবশালীদের অবৈধ দখলে রয়েছে। কোথাও খাল ভরাট, বাঁধ নির্মাণ ও শ্রেণি পরিবর্তন করে বন্দোবস্ত দেওয়ায় পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে ২০২৫ ও ২০২৬ সালের বর্ষা মৌসুমে অতিবৃষ্টিতে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে আমনের বীজতলা, কৃষিজমি, মাছের ঘের ও বসতবাড়ির পুকুর ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে শুষ্ক মৌসুমে খালের পানি ব্যবহারে বাধা থাকায় অনেক জমি অনাবাদি পড়ে থাকছে।
স্মারকলিপিতে রমজাননগর, কৈখালী, ভুরুলিয়া, ঈশ্বরীপুর, আটুলিয়া, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নসহ বিভিন্ন এলাকার খাল দখল, অবৈধ বন্দোবস্ত এবং পানিপ্রবাহে বাধার বিষয় তুলে ধরা হয়।
এতে বলা হয়, উপকূলীয় শ্যামনগরে ভূগর্ভস্থ পানি লবণাক্ত হওয়ায় কৃষি ও জীবিকার জন্য বৃষ্টির পানি এবং খালের মিষ্টি পানির ওপর নির্ভর করতে হয়। খাল বন্ধ হয়ে যাওয়ায় বর্ষায় জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে সেচের পানির সংকট দেখা দিচ্ছে। এতে কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা ও মৎস্যসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
স্মারকলিপিতে খালের অবৈধ দখল ও স্থাপনা উচ্ছেদ, জনস্বার্থবিরোধী বন্দোবস্ত বাতিল, দ্রুত পুনঃখনন এবং ইউনিয়নভিত্তিক পানি ব্যবস্থাপনা কমিটি গঠনের দাবি জানানো হয়। পাশাপাশি বর্ষায় পানি নিষ্কাশন ও শুষ্ক মৌসুমে কৃষকদের মধ্যে ন্যায্য পানিবণ্টন নিশ্চিত করার আহ্বান জানানো হয়।









