সাতক্ষীরায় ৩২ খাল পুনর্খননে দেড় হাজার হেক্টর জমিতে বাড়তি আবাদ, আরও ৭৬ খননের পরিকল্পনা
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় গত ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৭৬ কিলোমিটার দৈর্ঘ্যের ৩২টি খাল পুনর্খননের ফলে কৃষিতে ইতিবাচক পরিবর্তন এসেছে। চলতি মৌসুমে এসব খালের প্রভাবে লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ১০ হেক্টর জমিতে আমন এবং ৪৬০ হেক্টর জমিতে বোরো আবাদ বেড়েছে। দুই মৌসুমে অতিরিক্ত ১ হাজার ৪৭০ হেক্টর জমিতে ধান উৎপাদন হবে প্রায় ১৬ হাজার ১১৮ মেট্রিক টন। এর আনুমানিক বাজারমূল্য ৫০ কোটি টাকার বেশি। কৃষি বিভাগের হিসাবে, প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে ৩২টি খাল পুনর্খননের ফলে জেলার কৃষিতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
জেলা কৃষি বিভাগের সূত্র জানায়, সাতক্ষীরা সদরের ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের ৪১০ হেক্টর আয়তনের আমদখালি ও হাজিখালি বিলের পানি নিষ্কাশন সচল রাখতে আমদখালি খালের ২ কিলোমিটার এবং কাটাখালির দেড় কিলোমিটার পুনর্খনন করা হয়। আগে এসব বিলে মাত্র ৩৩ হেক্টর জমিতে আমন চাষ হতো। এখন পুরো ৪১০ হেক্টর জমিতে আমন, বোরো ও কিছু অংশে মাছ চাষ হচ্ছে। খালের পাড়েও চাষ হচ্ছে বিভিন্ন সবজি ও ফলদ গাছ। জলাবদ্ধতা কমে যাওয়ায় কৃষকেরা প্রয়োজনমতো পানি নিষ্কাশন ও সেচ দিতে পারছেন।
স্থানীয় কৃষক আবদুর রহিম, শওকাত আলী ও নুর ইসলাম জানান, কাটাখালি ও আমদখালি খাল ভরাট হয়ে যাওয়ায় বর্ষায় ধুলিহর ও ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে থাকত। রাস্তাঘাট ও বসতবাড়িতেও পানি জমে দুর্ভোগ সৃষ্টি হতো। খাল দুটি পুনর্খননের পর কয়েক হাজার মানুষ সেই দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছেন। কৃষিকাজেও ফিরেছে গতি।
সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার জানান, উপজেলার আওতায় পাঁচটি খাল পুনর্খননের ফলে এ বছর ৫১৮ হেক্টর জমিতে আমন আবাদ বেড়েছে। সাতক্ষীরা সেচ বিভাগের সহকারী প্রকৌশলী মো. ইবনে সিনহা জানান, গত অর্থবছরে সেচ বিভাগ ৬ কোটি টাকা ব্যয়ে জেলার বিভিন্ন বিলের মধ্যে পানি প্রবাহে অনুপযোগী ২৪টি ছোট খাল পুনর্খনন করেছে। এতে আগে অনাবাদি থাকা জমি চাষের আওতায় এসেছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক ইকবাল আহমেদ বলেন, কৃষি বিভাগের সমীক্ষায় জেলায় মোট ১২৮টি খাল পুনর্খননের প্রয়োজনীয়তা চিহ্নিত হয়েছে। গত অর্থবছরে খনন করা ৩২টি খালের মধ্যে ২৬টির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, লক্ষ্যমাত্রার চেয়ে আমন ও বোরো আবাদ বেড়েছে ১ হাজার ৪৭০ হেক্টর। চলতি অর্থবছরে আরও ৭৬টি খাল পুনর্খনন করা হলে কৃষিতে বড় পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জেলা প্রশাসক কাউসার আজিজ বলেন, সরকারের অগ্রাধিকার কর্মসূচির আওতায় খাল পুনর্খননের কাজ বাস্তবায়িত হচ্ছে। গত অর্থবছরে ৩২টি খাল খননের পর চলতি অর্থবছরে আরও ৭৬টি খাল পুনর্খনন করা হলে জেলার কৃষিতে ইতিবাচক পরিবর্তন আসবে।
চলতি ২০২৬-২৭ অর্থবছরে সাতক্ষীরায় সেচ বিভাগের উদ্যোগে ৩২ কিলোমিটার দৈর্ঘ্যের ১৮টি, পানি উন্নয়ন বোর্ডের আওতায় ১৭২ কিলোমিটার দৈর্ঘ্যের ৫০টি, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মাধ্যমে ১০ কিলোমিটার দৈর্ঘ্যের পাঁচটি এবং বেসরকারি সংস্থার উদ্যোগে আরও তিনটি খাল পুনর্খননের পরিকল্পনা রয়েছে। এসব কাজে প্রায় ১৩০ কোটি টাকা ব্যয় হতে পারে।









