সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক কার্যকরের আহ্বান
পত্রদূত ডেস্ক: শিশুদের জন্য দ্রুত, নিরাপদ ও শিশুবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে সাতক্ষীরা সদর থানায় চাইল্ড হেল্প ডেস্ক স্থাপন ও কার্যকর করার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে শিশু পাচার ও যৌন শোষণ প্রতিরোধ এবং শিশুবান্ধব পুলিশি সেবা জোরদারে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় এ আহ্বান জানানো হয়।
রাইটস যশোরের উদ্যোগে এবং দ্য ফ্রিডম ফান্ডের কারিগরি ও আর্থিক সহযোগিতায় আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন ও সদর থানার সেকেন্ড অফিসার মো. আলমগীর হোসেন। সভায় ২০ জন অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, শিশু নির্যাতন, পাচার, বাল্যবিবাহ ও যৌন শোষণের শিকার শিশুদের সুরক্ষা এবং ন্যায়বিচার নিশ্চিত করতে থানায় কার্যকর চাইল্ড হেল্প ডেস্ক প্রয়োজন। ভুক্তভোগী শিশু ও তাদের অভিভাবকেরা যাতে নির্ভয়ে অভিযোগ জানাতে পারেন, সে জন্য থানায় নিরাপদ ও শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। সভা সঞ্চালনা, প্রকল্প উপস্থাপন ও কর্মশালা পরিচালনা করেন রাইটস যশোরের প্রকল্প কর্মকর্তা মো. আতিকুর রহমান আতিক। সংস্থার লক্ষ্য, উদ্দেশ্য ও প্রকল্পের প্রেক্ষাপট তুলে ধরেন প্রকল্প কর্মকর্তা মো. সাইফুল ইসলাম।
সভায় জানানো হয়, দ্য ফ্রিডম ফান্ডের সহযোগিতায় সাতক্ষীরা সদর, কলারোয়া ও দেবহাটা উপজেলায় শিশু পাচার ও যৌন শোষণ প্রতিরোধে আশ্রয়কেন্দ্র (শেল্টার হোম) স্থাপনের সুপারিশ করবে রাইটস যশোর।









