সাতক্ষীরায় প্রীতি ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত
স্পোর্টস ডেস্ক: খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরী ও যুবদের সুরক্ষা এবং জীবনদক্ষতা বিকাশের লক্ষ্যে সাতক্ষীরায় প্রীতি ফুটবল ম্যাচ ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে সদর উপজেলার গোবরদাড়ী জোরদিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে টিডিএইচ ফাউন্ডেশনের সহযোগিতায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে স্পোর্টস ফর প্রোটেকশন রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন (স্প্রিট) প্রকল্পের আওতায় দিনব্যাপী এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কিশোর-কিশোরী, যুব ও অভিভাবকেরা অংশ নেন। ছেলে ও মেয়েদের পৃথক প্রীতি ফুটবল ম্যাচের পাশাপাশি চামচ দৌড়, বালিশ ছোড়া, চেয়ার সেটিং ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে কাপ, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়।
ফিংড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, ডেইলি স্টারের সাতক্ষীরা প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, ডিবিসি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, গোবরদাড়ী জোরদিয়া স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র সহকারী শিক্ষক মো. ইলিয়াস কবির, জেলা দুর্নীতি দমন কমিশনের সদস্য সাকিবুর রহমান বাবলা, ফিংড়ী ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক এবং কাদাকাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাবিলুর রাসেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা কো-অর্ডিনেটর সাবরিনা জেসমিন।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের কারণে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর শিশু-কিশোর ও যুবদের সুরক্ষায় সাতক্ষীরার পাঁচটি উপজেলার ১৫টি ইউনিয়নে এ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। গত চার মাসে ১৮০টি গ্রুপের মাধ্যমে ২ হাজার ৭০০ জন শিশু ও যুবকে (১ হাজার ৩৫০ জন ছেলে ও ১ হাজার ৩৫০ জন মেয়ে) নিরাপদ খেলাধুলায় সম্পৃক্ত করা হয়েছে।
ফুটবল ও গ্রামীণ ঐতিহ্যবাহী খেলার কারিকুলাম অনুসারে ১৮টি সেশনে অংশগ্রহণকারীদের আস্থা স্থাপন, সহযোগিতা, যোগাযোগ, আবেগ ব্যবস্থাপনা, সৃজনশীল চিন্তাভাবনা ও দায়িত্ব গ্রহণসহ ছয়টি জীবনদক্ষতা অর্জনে সহায়তা করা হয়েছে। এসব দক্ষতা কাজে লাগিয়ে তারা নিজেদের সমস্যা সমাধানের পাশাপাশি পরিবার, বিদ্যালয় ও কমিউনিটিভিত্তিক সমস্যা চিহ্নিত করে স্থানীয় যুব, অভিভাবক, ক্লাব, ইউনিয়ন পরিষদ ও উপজেলা পর্যায়ে সমাধানের উদ্যোগ নিচ্ছে। এ কার্যক্রমের পাশাপাশি ‘এনগেজ কারিকুলাম গাইড’-এর আওতায় আরও আটটি সেশনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।








