সাতক্ষীরায় আদালতের গেট থেকে আসামিকে অপহরণের অভিযোগ
পত্রদূত ডেস্ক: সাতক্ষীরা আদালতে মামলায় জামিন পেয়ে বের হওয়ার পর এক ব্যক্তিকে আদালতের ফটক থেকে অপহরণ করে মারধর, নগদ টাকা ও সোনার আংটি ছিনিয়ে নেওয়া এবং জোরপূর্বক অলিখিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে মামলার বাদী ও তার সহযোগীদের বিরুদ্ধে।
গত বৃহস্পতিবার সাতক্ষীরা জজ আদালতের পকেট গেটের সামনে নজরুল ইসলামের হোটেলসংলগ্ন এলাকা থেকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. অহিদুজ্জামান। তিনি যশোরের কেশবপুর উপজেলার মীর্জাপুর গ্রামের আব্দুল ওহাব খানের ছেলে।
অহিদুজ্জামানের দাবি, তিনি ২০০৭ সাল থেকে ২০২৩ সালের ২০ নভেম্বর পর্যন্ত মালয়েশিয়ায় ছিলেন। সেখানে ব্যবসায়িক সূত্রে ২০১৭ সালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ওফাপুর গ্রামের কাশেম আলী মোড়লের ছেলে জাহাঙ্গীর আলমের সঙ্গে পরিচয় হয়। জাহাঙ্গীরের কাছ থেকে কেনা পণ্য ত্রুটিপূর্ণ হওয়ায় টাকা পরিশোধ বন্ধ করলে তিনি স্থানীয় থানায় অভিযোগ করেন। এ নিয়ে বিরোধের জেরে অহিদুজ্জামানকে জেল খেটে দেশে ফিরতে হয় বলে তিনি জানান। পরবর্তীতে হুমকি-ধমকির অভিযোগে ২০১৮ সালের ১৮ জানুয়ারি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।
অহিদুজ্জামান জানান, মালয়েশিয়া-সংক্রান্ত বিরোধের জেরে জাহাঙ্গীর আলম তার স্বাক্ষর জাল করে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র তৈরি করেন এবং সাড়ে ৯ লাখ টাকা পাওনা দাবি করে গত বছরের ৪ অক্টোবর সাতক্ষীরার আমলী-৪ আদালতে প্রতারণার মামলা করেন। মামলাটি সিআর-৩৮১/২৫ (কলারোয়া) নম্বরে নথিভুক্ত হয়। আদালত তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। তদন্ত শেষে পুলিশ অভিযোগের সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে প্রতিবেদন দাখিল করলে আদালত অহিদুজ্জামানকে ২৬ নভেম্বর হাজির হওয়ার জন্য সমন জারি করেন।
অন্যদিকে, স্বাক্ষর জাল করে নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্র তৈরির অভিযোগে অহিদুজ্জামান গত ২২ নভেম্বর সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম দ্বিতীয় আদালতে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে পাল্টা প্রতারণার মামলা করেন। ওই মামলাটিও তদন্তের জন্য কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়।
অহিদুজ্জামান বলেন, গত বৃহস্পতিবার আদালতে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করলে বিচারক মেহেদী হাসান আগামী ৭ জানুয়ারি পর্যন্ত ৫০০ টাকা বন্ডে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। শুনানির সময় তিনি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে স্বাক্ষর জালিয়াতির অভিযোগ তুলে ধরেন। এ সময় বিচারক উভয় পক্ষকে পরবর্তী ধার্য তারিখে নিজ নিজ পাসপোর্ট আদালতে হাজির করার নির্দেশ দেন।
জামিন শেষে আইনজীবীর সহকারী মো. সবুজ হোসেনকে সঙ্গে নিয়ে আইনজীবী সমিতির পেছনের ভবনের পকেট গেট দিয়ে বের হয়ে নজরুল ইসলামের হোটেলের সামনে পৌঁছালে জাহাঙ্গীর আলমের নির্দেশে কয়েকজন তাকে মারধর করেন বলে অভিযোগ অহিদুজ্জামানের। পরে তাকে জোর করে একটি ইজিবাইকে তুলে সার্কিট হাউস মোড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি গলিতে নিয়ে মারধর করে তার পোশাক ছিঁড়ে ফেলা হয় এবং নগদ পাঁচ হাজার টাকা ও একটি সোনার আংটি নিয়ে নেওয়া হয় বলে তিনি দাবি করেন। এ সময় তিনটি অলিখিত নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সেখান থেকে চলে যান। পরে তিনি প্রাথমিক চিকিৎসা নেন।
ঘটনার পর অহিদুজ্জামান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান পিণ্টুকে বিষয়টি জানান। তাঁর নির্দেশনা অনুযায়ী বিচারককেও তাৎক্ষণিকভাবে অবহিত করা হয় বলে অহিদুজ্জামান জানান। স্বাক্ষর জালিয়াতির মামলা থেকে রেহাই পেতে তাকে অপহরণ করে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
সার্কিট হাউস মোড়ের শিহাব হোসেন নামে এক ব্যক্তি জানান, জাহাঙ্গীর আলম সেখানে নতুন বাড়ি নির্মাণ করেছেন এবং কলারোয়ার যুগিখালি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার প্রচারণা চালাচ্ছেন। তিনি দাবি করেন, জাহাঙ্গীর আলম কিছু টাকার বিনিময়ে তাকে ও এলাকার কয়েকজনকে আদালতের গেটে নিয়ে যান। অভিযোগের সত্যতা বুঝতে পেরে তিনি সেখান থেকে চলে আসেন। তবে অহিদুজ্জামানের টাকা ও আংটি কে নিয়েছে, তা তিনি জানেন না বলে জানান।
সাতক্ষীরা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল আলম বাবু বলেন, আদালতে বিচার চেয়ে মামলা করার পর আদালতের ফটক থেকে বাদীর বিরুদ্ধে আসামিকে অপহরণ, মারধর ও টাকা-আংটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ গুরুতর। এ ধরনের ঘটনা মাঝে মাঝে ঘটছে বলে তাঁদের কাছে খবর আসে। এ বিষয়ে আইনজীবী সমিতিকে কঠোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
অভিযোগের বিষয়ে জানতে রোববার দুপুরে জাহাঙ্গীর আলমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।









