বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

এত তেল ইরানে, রাখতে হচ্ছে পরিত্যক্ত ট্যাঙ্কে

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
এত তেল ইরানে, রাখতে হচ্ছে পরিত্যক্ত ট্যাঙ্কে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের কারণে তেল রফতানি কার্যত বন্ধ হয়ে যাওয়ায় চরম সংকটে পড়েছে ইরান। দেশে তেলের মজুত বেড়ে যাওয়ায় তা সংরক্ষণের জন্য মরিয়া হয়ে উঠেছে তেহরান। পরিস্থিতির চাপে পড়ে দেশটি এখন এমন সব পরিত্যক্ত স্থানে তেল রাখার চেষ্টা করছে, যেগুলোকে শিল্প খাতে বাতিল গুদাম হিসেবে অভিহিত করা হয়। একই সঙ্গে, অপরিশোধিত তেল চীনের বাজারে পাঠাতে বিকল্প ব্যবস্থা হিসেবে রেলপথ ব্যবহারেরও চেষ্টা চালাচ্ছে দেশটি। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি নিয়ে সৃষ্ট অচলাবস্থায় ইরানের তেল অবকাঠামো এবং বিশ্ব জ্বালানি বাজারে কে আগে নতি স্বীকার করে, তা দেখার জন্যই চলছে এই অদৃশ্য লড়াই।

গত ১৩ এপ্রিল যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে নৌ-অবরোধ আরোপ করার আগে থেকেই দেশটি তেলের মজুত নিয়ে হিমশিম খাচ্ছিল। অ্যানালাইটিক্স প্রতিষ্ঠান কেপলার-এর তথ্য অনুযায়ী, ১ এপ্রিল থেকে ১৩ এপ্রিল ইরান প্রতিদিন গড়ে ২১ লাখ ব্যারেল অপরিশোধিত তেল ও কনডেনসেট লোড করতো। অবরোধের পর ১৪ এপ্রিল থেকে ২৩ এপ্রিল এই হার কমে দৈনিক ৫ লাখ ৬৭ হাজার ব্যারেলে নেমে এসেছে। যুদ্ধের আগের পরিস্থিতিতে ইরান দৈনিক গড়ে ২০ লাখ ব্যারেল তেল রফতানি করতো।

রফতানি পথ বন্ধ থাকায় ইরানের জাতীয় তেল কোম্পানি এখন বাধ্য হয়ে উৎপাদন কমিয়ে দিচ্ছে। কেপলার-এর তথ্য অনুসারে, যদি এই অবরোধ অব্যাহত থাকে, তবে মে মাসের মাঝামাঝি সময়ের মধ্যে ইরানের তেল উৎপাদন বর্তমান থেকে অর্ধেকে নেমে অর্থাৎ ১২ লাখ থেকে ১৩ লাখ ব্যারেলে ঠেকতে পারে।

মজুত সক্ষমতা ফুরিয়ে আসছে বলে অপারেটররা এখন নতুন পদ্ধতির দিকে ঝুঁকছে। ইরানের আহভাজ ও আসালুইয়ের মতো দক্ষিণাঞ্চলীয় তেল কেন্দ্রগুলোতে থাকা পরিত্যক্ত ট্যাংক ও কন্টেইনারে তেল রাখার কাজ শুরু হয়েছে। এক ইরানি তেল কর্মকর্তা জানান, অনেক ট্যাঙ্ক নাজুক অবস্থার কারণে এতদিন অব্যবহৃত ছিল। এছাড়া সাগরে ভাসমান ট্যাঙ্কারেও তেল রাখার চেষ্টা চলছে। তবে এসব ট্যাঙ্কার এখন বিশ্ববাজারে পৌঁছাতে পারছে না।

ইরানি তেল রফতানিকারক ইউনিয়নের মুখপাত্র হামিদ হোসেইনি জানান, তারা রেলপথ ব্যবহার করে চীনে তেল পাঠানোর চেষ্টা করছেন। তেহরান থেকে চীনের ইউউ এবং শিয়ান শহর পর্যন্ত রেল সংযোগ থাকলেও এটি মোটেও সাশ্রয়ী নয়। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের জ্বালানি নীতি বিশেষজ্ঞ এরিকা ডাউনস বলেন, দুঃসময়ে মরিয়া পদক্ষেপ নিতে হয়। কিন্তু পরিবহন খরচ বেশি হওয়ায় এটি কোনও দীর্ঘমেয়াদি সমাধান নয়।

হঠাৎ তেল উৎপাদন বন্ধ করে দেওয়া বা কমিয়ে দেওয়া ইরানের পুরোনো তেল ক্ষেত্রগুলোর জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে। পরামর্শক প্রতিষ্ঠান রাইস্ট্যাড এনার্জির মতে, ইরানের প্রায় অর্ধেক তেলক্ষেত্রের চাপ কম বা ভূতাত্ত্বিকভাবে নাজুক। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে এগুলোতে স্থায়ীভাবে উৎপাদন ক্ষমতা হারানোর শঙ্কা রয়েছে।

ইরান আশা করছে, এই অর্থনৈতিক দুর্ভোগ তাদের অবরোধ তুলে নেওয়ার বিষয়ে আলোচনার টেবিলে ইতিবাচক ভূমিকা রাখবে। চ্যাথাম হাউজের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা কর্মসূচির পরিচালক সানাম ভাকিল বলেন, উৎপাদন বন্ধের চাপ আলোচনার গতি বাড়াতে পারে।

তবে প্রথম দফার আলোচনা কোনও সাফল্য ছাড়াই শেষ হয়েছে এবং ইরান দ্বিতীয় দফায় বসতে অস্বীকৃতি জানিয়েছে। ইরান বর্তমানে আঞ্চলিক মধ্যস্থতাকারীদের কাছে একটি প্রস্তাব দিয়েছে, যেখানে তারা হরমুজ প্রণালি উন্মুক্ত করার বিনিময়ে যুদ্ধ শেষ করা এবং মার্কিন অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে। তবে সোমবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ইরানের এই প্রস্তাব নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প তার জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে আলোচনা করেছেন এবং তার কঠোর অবস্থান এখনও অপরিবর্তিত।

অনেকে মনে করছেন, দুই সপ্তাহের কম সময়ের মধ্যে ইরানের তেল মজুতের জায়গা পুরোপুরি ফুরিয়ে যেতে পারে, যাকে শিল্প পরিভাষায় বলা হয় ‘ট্যাঙ্ক ভর্তি’। বর্তমানে ইরানের স্থলভাগের তেল মজুতের পরিমাণ ৪৬ লাখ ব্যারেল বেড়ে প্রায় ৪৯ মিলিয়ন ব্যারেলে দাঁড়িয়েছে। এর মোট সক্ষমতা ৯৫ মিলিয়ন ব্যারেল হলেও ভৌগোলিক ও নিরাপত্তা সীমাবদ্ধতায় এর বড় অংশই ব্যবহারযোগ্য নয়।

এদিকে, হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানি তেলের দাম বাড়ছে। সোমবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রায় ৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৮.২৩ ডলারে পৌঁছেছে। জ্বালানির এই সংকট সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীদের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

ট্রাম্প অবশ্য জানিয়েছেন, ইরানের তেল অবকাঠামো বিকল হতে বড়জোর তিন দিন সময় লাগতে পারে। অন্যদিকে, ইরানের এক জ্বালানি কর্মকর্তা সোশ্যাল মিডিয়ায় হুমকি দিয়ে বলেছেন, অবরোধ চলাকালীন ইরানের কোনও তেলকূপ ক্ষতিগ্রস্ত হলে তারা এর দাঁতভাঙা জবাব দেবে।

সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল

 

Ads small one

সাতক্ষীরায় পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:৫৩ অপরাহ্ণ
সাতক্ষীরায় পুলিশের সদ্য পদোন্নতিপ্রাপ্ত সদস্যকে র‌্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার

পত্রদূত রিপোর্ট: বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সাতক্ষীরা পুলিশ সুপারের কার্যালয়ে মেধা ও যোগ্যতার ভিত্তিতে কনস্টেবল হতে এএসআই (নিঃ) পদে সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ চয়ন আলী-কে আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল।

র‌্যাংক ব্যাজ পরিধান শেষে পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সদস্যের উপর অর্পিত সকল দায়িত্ব ও কর্তব্য পেশাদারিত্বের সাথে পালনের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এসএম রাজু আহমেদ।

সাতক্ষীরায় বিজিবির অভিযানে মদসহ প্রায় বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:৪৫ অপরাহ্ণ
সাতক্ষীরায় বিজিবির অভিযানে মদসহ প্রায় বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক

পত্রদূত রিপোর্ট: বুধাবার (২৯ এপ্রিল ২০২৬) সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধীনস্থ হিজলদী, মাদরা ও কাকডাঙ্গা বিওপি এর টহলদল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় মদ, মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ঔষধ আটক করে।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন হেডকোয়াটার জানায়, হিজলদী বিওপির পৃথক দুইটি আভিযানে কলারোয়া থানার বড়ালী আমবাগান ও বড়ই বাগান হতে ৪২ হাজার টাকার ৬ বোতল ভারতীয় মদ ও ঔষধ আটক করে। মাদরা বিওপির আভিযানে কলারোয়া থানার উত্তর ভাদিয়ালী হতে ১ লাখ ০৫ হাজার টাকার ভারতীয় ঔষধ আটক করে।

এছাড়াও, কাকডাঙ্গা বিওপির আভিযানে কলারোয়া থানার কেরাগাছি হতে ১০ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে। আটক পন্যের সর্বমোট মূল্য ১১ লাখ ৯৯ হাজার টাকা।

বিজিবি আরো জানায়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

 

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

শ্যামনগরে জব্দকৃত শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৪:৪৮ অপরাহ্ণ
শ্যামনগরে জব্দকৃত শামুক সুন্দরবনের নদীতে অবমুক্ত

পত্রদূত ডেস্ক: কুরিয়ারের মাধ্যমে পাচারকালে জব্দকৃত ৫০ বস্তা শামুক ও ঝিনুক সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ। বুধবার (২৯ এপ্রিল) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলাধীন মুন্সিগঞ্জ বন বিভাগের টহল ফাঁড়ির সামনে চুনানদীতে এসব শামুক ও ঝিনুক অবমুক্ত করা হয়।

বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদুর রহমান উপস্থিত থেকে এসব শামুক অবমুক্ত করেন।

এর আগে মঙ্গলবার বিকালে সুন্দরবন কুরিয়ারের শ্যামনগর শাখা থেকে কক্সবাজারে পাচারের জন্যবুকিং দেওয়া এসব শামুক জব্দ করে বনবিভাগ ও পুলিশ।