দীর্ঘ প্রায় আড়াই বছর পর নতুন ভাবনা ও উপস্থাপনায় মঞ্চে ফিরছে নাট্যদল প্রাঙ্গণেমোরের জনপ্রিয় নাটক ‘অভিনেতা’। আগামী ৩১ অক্টোবর সন্ধ্যা ৭টায় রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
অনন্ত হিরার রচনায় নাটকটি নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। প্রাঙ্গণেমোরের হয়ে এটি তাঁর ষষ্ঠ নির্দেশনা। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অনন্ত হিরা, নূনা আফরোজ ও সবুক্তগীন শুভ। নির্দেশনার পাশাপাশি পোশাক পরিকল্পনাও করেছেন নূনা আফরোজ।
নাটকটির মঞ্চ পরিকল্পনায় রয়েছেন সাজু খাদেম, আলোক পরিকল্পনায় ঠাণ্ডু রায়হান, সংগীতে নীল কামরুল, পোস্টার নকশায় চারু পিন্টু, নৃত্য পরিচালনায় প্রকৃতি শিকদার এবং রূপসজ্জায় মোহাম্মদ আলী বাবুল।
‘অভিনেতা’ নাটকে একজন শিল্পী ও শিল্পযোদ্ধার জীবনসংগ্রাম তুলে ধরা হয়েছে। কুসংস্কার, ধর্মান্ধতা, দুর্নীতি, অমানবিকতা ও সামাজিক অনাচারের বিরুদ্ধে তাঁর প্রতিবাদই নাটকটির মূল উপজীব্য। নাটকের শিল্পী শুধু বিনোদনকর্মী নন, বরং বঞ্চিত ও নিপীড়িত মানুষের পক্ষে আজীবন লড়াই করা এক প্রতিবাদী সত্তা। প্রেসবিজ্ঞপ্তি