ব্রহ্মরাজপুরে সাত বছরের শিশুকে অমানুষিক নির্যাতনের অভিযোগ
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে সাত বছরের এক শিশুকে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার শিশুটিকে গুরুতর অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়নের কালেরডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। আহত শিশুর নাম কাকলী খাতুন নুসরাত (৭)। সে ওই এলাকার হামজার আলীর মেয়ে। পাঁচ বছর আগে নুসরাত তার মাকে হারিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির পাশে খেলছিল নুসরাত। খেলার একপর্যায়ে প্রতিবেশী রেজোয়ান গাজীর শিশুকন্যা নুসরাতের চুল কেটে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে নুসরাত ওই শিশুকে তাড়া করে। এই ঘটনার জেরে রেজোয়ানের স্ত্রী জান্নাতুল খাতুন রানী (২৮) ও মা তাসলিমা খাতুন (৫৫) নুসরাতকে ধরে মাটিতে আছাড় দেন। একপর্যায়ে শিশুটির বুকের ওপর উঠে দাঁড়িয়ে নির্যাতন করা হয় বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। শিশুটির চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত শিশুর বাবা হামজার আলী বলেন, “দীর্ঘদিন ধরে ওই পরিবারের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছে। আমার মা-হারা অসহায় মেয়েটাকে একা পেয়ে তারা পরিকল্পিতভাবে নির্যাতন করেছে। ওর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।”
বর্তমানে শিশু নুসরাত সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানা পুলিশ জানায়, বিষয়টি সম্পর্কে তারা অবগত। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, সাত বছরের শিশুর ওপর এমন বর্বরোচিত হামলায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।







