বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

এসএসসি-এইচএসসি জানুয়ারি-এপ্রিলেই চান অংশীজনরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ণ
এসএসসি-এইচএসসি জানুয়ারি-এপ্রিলেই চান অংশীজনরা

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে নেওয়ার সরকারি পরিকল্পনার বিষয়ে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (১৩ মে) অনুষ্ঠিত ওই বৈঠকে অধিকাংশ অংশীজন ডিসেম্বরে পরীক্ষা আয়োজনের বিপক্ষে মত দেন।

বিশেষ করে এসএসসি পরীক্ষা ডিসেম্বরে নেওয়ার প্রস্তাবে পরীক্ষার্থীরা তীব্র আপত্তি জানান। শিক্ষক ও অভিভাবকরাও একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন। তাদের মতে, হঠাৎ করে পরীক্ষার সময় চার মাস এগিয়ে আনা হলে শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি হবে।

বৈঠকে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও বিশেষজ্ঞরা ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে আয়োজনের পক্ষে মত দেন। একই সঙ্গে তারা বলেন, ভবিষ্যতে ধাপে ধাপে সময় সমন্বয় করে পরীক্ষা ডিসেম্বরে আনা যেতে পারে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকরা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদের মতামত তুলে ধরেন।

অধিকাংশের অভিমত ছিল, এক বছরেই চার মাস সময় কমানোর পরিবর্তে প্রতি বছর এক মাস করে এগিয়ে আনলে শিক্ষার্থীরা নতুন সময়সূচির সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে পারবে।

বৈঠকে উপস্থিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) এক কর্মকর্তা জানান, অংশীজনদের কাছ থেকে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলে নেওয়ার পক্ষে বেশি মতামত পাওয়া গেছে।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান, অভিভাবক ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পরীক্ষা আয়োজনের সম্ভাব্য সময় ও সময় সমন্বয়ের বিভিন্ন দিক নিয়ে মতামত নেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০২৭ সালেই ডিসেম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব হবে কি না, নাকি ২০২৮ সাল পর্যন্ত সময় নিয়ে সমন্বয় করা হবে, সেসব বিষয়ও আলোচনায় এসেছে। তবে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের স্বার্থ ও ক্ষতি না হওয়ার বিষয়টিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

Ads small one

কপিলমুনিতে আট পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
কপিলমুনিতে আট পিস ইয়াবাসহ এক ব্যক্তি আটক

কপিলমুনি (পাইকগাছা) প্রতিনিধি: পাইকগাছার কপিলমুনিতে অভিযান চালিয়ে আট পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ফাঁড়ি। পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. হাসানুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল কপিলমুনি পোদ্দারপাড়া এলাকায় এই অভিযান পরিচালনা করে।

 

অভিযানকালে নাছিরপুর গ্রামের ওয়াজেদ সরদারের ছেলে জিল্লু সরদারকে আট পিস ইয়াবাসহ আটক করা হয়। আটক ব্যক্তিকে পাইকগাছা থানায় সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কয়রায় মৎস্য ঘেরে লুটপাট, বাধা দেওয়ায় গৃহবধূকে বিবস্ত্র করে শ্লীলতাহানির অভিযোগ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:৫০ অপরাহ্ণ
কয়রায় মৎস্য ঘেরে লুটপাট, বাধা দেওয়ায় গৃহবধূকে বিবস্ত্র করে শ্লীলতাহানির অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি: খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের ৬৩ নম্বর মহেশ্বরীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে ইউনুস আলী মোড়লের মৎস্য ঘেরে লুটপাটের সময় বাধা দেওয়ায় রোজিনা খাতুন নামের এক গৃহবধূকে দেশীয় অস্ত্র দিয়ে মারধর ও পরিধেয় বস্ত্র টেনেহিঁচড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

 

কালিকাপুর গ্রামের মো. সোহেল গাজী, মৃত জহর আলী গাজীর দুই পুএ মো. কুদ্দুস গাজী ও মো. আছাদুল গাজী, দেয়াড়া গ্রামের মো. আ. হাই এবং মাদারবাড়িয়া গ্রামের মো. রবিউল ইসলামের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় মহেশ্বরীপুর গ্রামের মোবারেক মোড়লের পুএ মো. ইউনুস মোড়ল কয়রা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র, লোহার রড, শাবল, হাতুড়ি, ধারালো দা ও চাইনিজ কুড়াল নিয়ে মৎস্য ঘেরে প্রবেশ করে মাছ লুটপাট করতে থাকে। এ সময় পরিবারের সদস্য মোছা. রোজিনা খাতুন বাধা দিতে গেলে সোহেল গাজী তাঁর হাতে থাকা লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করেন। কুদ্দুস গাজী চুলের মুঠি ধরে হত্যার উদ্দেশ্যে পানিতে চুবিয়ে নাক, মুখ ও চোয়ালে আঘাত করেন।

 

অতিরিক্ত রক্তক্ষরণে রোজিনা খাতুন অচেতন হয়ে পানিতে পড়ে গেলে আছাদুল গাজী পরিধেয় কাপড় টেনেহিঁচড়ে শ্লীলতাহানি ঘটান। এ ছাড়া রবিউল ইসলাম গলার স্বর্ণের চেইন ও কানের দুল ছিনিয়ে নেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকের পরামর্শে খুলনায় পাঠানো হয়। কয়রা থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল জানান, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সরকার জনরায়কে তুচ্ছ করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৯:৪৬ অপরাহ্ণ
সরকার জনরায়কে তুচ্ছ করে ক্ষমতায় টিকে থাকতে পারবে না: মুহাদ্দিস আব্দুল খালেক এমপি

সংবাদদাতা: আগামী ৩১ অক্টোবরের লংমার্চ সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক-এমপি বলেছেন, সরকার গণভোটের রায় উপেক্ষা করে একদলীয় শাসন প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তবে জনগণের রায়কে তুচ্ছ করে এ সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। ২২ অক্টোবর সাতক্ষীরার আল-আমিন ট্রাস্টের হলরুমে সাতক্ষীরা পৌর ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, সার ডিলার নিয়োগে অনিয়ম এবং দলীয়করণের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জুলাই সনদের গণরায় প্রত্যাখ্যান করার অর্থ হলো জুলাই বিপ্লবের চেতনাকে নস্যাৎ করা। সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং পৌর জামায়াতের আমির জাহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন।