সাতক্ষীরায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা
নিজস্ব প্রতিনিধি: স্থানীয় পর্যায়ে বিচারিক সেবা নিশ্চিত করতে ও উচ্চ আদালতের মামলার জট কমাতে গ্রাম আদালতকে আরও সক্রিয় করার তাগিদ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে আয়োজিত গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভায় এ আহ্বান জানানো হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্ত। গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শেখ মুরাদুল হকের সঞ্চালনায় সভায় সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
সভাপতির বক্তব্যে ইউএনও অর্ণব দত্ত বলেন, ‘গ্রামের ছোটখাটো ফৌজদারি ও দেওয়ানি বিরোধগুলো গ্রাম আদালতেই নিষ্পত্তি করতে হবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি কমবে এবং স্থানীয়ভাবে আইনি সেবা নিশ্চিত হবে।’ তিনি নিয়মিত এজলাস ব্যবহার এবং মামলার নথি ও রেজিস্টার সঠিকভাবে সংরক্ষণের জন্য প্রশাসনিক কর্মকর্তাদের বিশেষ নির্দেশনা দেন।
সভায় প্রকল্পের অগ্রগতি তুলে ধরেন উপজেলা সমন্বয়কারী নার্গিস সুলতানা। তিনি গ্রাম আদালত পরিচালনার ব্যয় নির্বাহের জন্য প্রতিটি ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেটে আলাদা বরাদ্দ রাখার অনুরোধ জানান।






