পাইকগাছায় নারীদের মাছ চাষবিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় দরিদ্র নারীদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপ)-এর দ্বিতীয় পর্যায়ের আওতায় তিন দিনব্যাপী আয়বর্ধনমূলক মাছ চাষবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা বিআরডিবি মিলনায়তনে গত ২১ জুন এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়ে ২৩ জুন শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা ওয়াহিদ মুরাদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা থানার পরিদর্শক (অপারেশন) জুলফিকার আলী।
এই প্রশিক্ষণে প্রকল্পের আওতাভুক্ত ৩০ জন নারী সদস্য অংশ নেন। প্রশিক্ষণ কর্মশালায় তাঁদের আধুনিক মাছ চাষ পদ্ধতি, পুকুর ব্যবস্থাপনা, মাছের খাদ্য প্রয়োগ, রোগ প্রতিরোধ এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে অংশ নেওয়া নারীরা এই উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত উপকারী উল্লেখ করে ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন অব্যাহত রাখার দাবি জানান।









