বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল-ঢাকা রুটে চলাচলকারী রুপসী বাংলা এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেসের নিয়মিত চলাচলও স্থগিত করা হয়েছে। এতে যাত্রীদের মধ্যে উদ্বেগ ও ভোগান্তি বেড়েছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে ২৫ নভেম্বর জারি করা এক নির্দেশনায় ৮২৭/৮২৮ নম্বর রুপসী বাংলা এবং ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেসের চলাচল সাময়িক স্থগিতের কথা জানানো হয়। তবে জাহানাবাদ এক্সপ্রেসের পরিবর্তে খুলনা-পোড়াদহ-রাজবাড়ী-ঢাকা রুটে ২০০০৩/২০০০৪ নম্বরের বিকল্প ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যশোর রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বিকল্প জাহানাবাদ এক্সপ্রেস খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অন্যদিকে ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে।
বিকল্প ট্রেনটি দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কামারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে।
বেনাপোল রেলস্টেশন মাস্টার আয়নাল হক জানান, গত ১৯ নভেম্বর থেকে বেনাপোল-ঢাকা রুটে রুপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত রেলওয়ে কর্তৃপক্ষের বিবেচনাধীন।
ট্রেন চলাচল বন্ধ থাকায় টিকিটের টাকা ফেরত নেওয়ার ক্ষেত্রেও যাত্রীরা কিছুটা জটিলতায় পড়ছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। যাত্রীদের মতে, কম খরচে আরামদায়ক ও তুলনামূলক দ্রুত যাতায়াতের মাধ্যম হওয়ায় চিকিৎসাপ্রার্থী, ব্যবসায়ী, পাসপোর্টযাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রেলপথের ওপর নির্ভরশীল। রুপসী বাংলা এক্সপ্রেস বন্ধ থাকায় বিশেষ করে স্বল্প ও নি¤œ আয়ের মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়বে। তাঁরা দ্রুত ট্রেনটি পুনরায় চালুর দাবি জানিয়েছেন।