কলারোয়ায় দুটি মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
নিজস্ব প্রতিনিধি: কলারোয়া উপজেলায় দুটি মাদরাসার নতুন ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল ২০২৬) দুপুরে উপজেলার সরসকাটি দাখিল মাদরাসা ও কলারোয়া পৌরসভাধীন মুরারীকাটি দাখিল মাদরাসায় পৃথক অনুষ্ঠানের মাধ্যমে এ কাজের উদ্বোধন করা হয়। উভয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহা. ইজ্জত উল্লাহ। মুরারীকাটি দাখিল মাদরাসার ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাকের রাজনীতি ও নির্বাচনবিষয়ক সম্পাদক ও সাংবাদিক নেতা সাইদুর রহমান। বক্তব্যে তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব। ইতোমধ্যে নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা ও খাল খনন কর্মসূচিসহ বিভিন্ন জনবান্ধব কার্যক্রম শুরু হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মুরারীকাটি মাদরাসাটিতে ১ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে চারতলা ভিতবিশিষ্ট প্রথম তলার নির্মাণকাজ শুরু হয়েছে। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি জিএম সালাহউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, সহকারী সম্পাদক মাওলানা ওসমান গণি, উপজেলা আমির মাওলানা কামরুজ্জামান, কলারোয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ আহম্মদ আলী ও মুরারীকাটি দাখিল মাদরাসার সুপার সিরাজুল ইসলাম প্রমুখ।
একই দিনে সরসকাটি দাখিল মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মাদরাসা কমিটির সভাপতি ও উপজেলা জামায়াতের আমির মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।






