শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

আমি সবসময় ডিফরেন্ট ডিফরেন্ট জিনিস ট্রাই করতে চাই: সাবিলা নূর

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ণ
আমি সবসময় ডিফরেন্ট ডিফরেন্ট জিনিস ট্রাই করতে চাই: সাবিলা নূর

ছোটপর্দায় তুমুল জনপ্রিয়তা অর্জনের পর সাবিলা নূর এবার বড়পর্দায়ও নিয়মিত হচ্ছেন। ঢালিউড কিং শাকিব খান–এর বিপরীতে মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র রক্সটার। ঈদুল ফিতরেও বড়পর্দায় তার উপস্থিতি ও সাফল্য ছিল চোখে পড়ার মতো। এবার কোরবানির ঈদে নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন তিনি।

সিনেমা মুক্তির দিন নির্মাতা আজমান রুশো–কে নিয়ে দর্শকদের সঙ্গে বসে ছবিটি দেখেন সাবিলা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বলেন নিজের ক্যারিয়ার, চরিত্র প্রস্তুতি এবং চলচ্চিত্রটির ভিন্নধর্মীতা নিয়ে।

ক্যারিয়ারে ছকবাঁধা চরিত্রের বাইরে গিয়ে বৈচিত্র্যময় কাজ করার প্রসঙ্গে সাবিলা স্পষ্টভাবে বলেন, “আমি সবসময় ডিফরেন্ট ডিফরেন্ট জিনিস ট্রাই করতে চাই। আমি যখন ‘তাণ্ডব’ করেছি, তখন আমার অডিয়েন্সও এক্সপেক্ট করেনি যে আমাকে ‘লিচুবাগান’ টাইপের একটা গানে দেখবে। আমি ওই ইমেজটা ব্রেক করতে চেয়েছি। এরপর যখন ‘বনলতা এক্সপ্রেস’ করেছি, সেটাও ‘তাণ্ডব’ থেকে একদম আলাদা ছিল। আমি চেয়েছিলাম আমার তৃতীয় সিনেমাটাও একদম ভিন্ন ধরনের কোনো চরিত্র হোক, যেখানে দর্শক আমাকে নতুনভাবে দেখবে। ‘রক্সটার’-এ সেটাই করার চেষ্টা করেছি।”

 

চলচ্চিত্রটিতে নিজের চরিত্র ‘মিরা’র প্রস্তুতি ও টিমওয়ার্ক প্রসঙ্গে সাবিলা নূর বলেন, “মিরার জার্নির কথা যদি বলি, আসলে আমরা খুব বেশি সময় পাইনি প্রিপারেশন নেওয়ার। মনে হয় দুই বা তিন সপ্তাহের মতো সময় পেয়েছি। তবে এই অল্প সময়ের মধ্যেই পরিচালক, ডিওপি, আর্ট এবং বিশেষ করে কস্টিউম, মেকআপ ও হেয়ার টিমের কোলাবরেটিভ এফোর্টের কারণেই মিরার এই রূপটি পর্দায় ফুটিয়ে তোলা সম্ভব হয়েছে। তাই মিরার পুরো জার্নিটা আমি আমার টিমকে ডেডিকেট করতে চাই।”

সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে এই অভিনেত্রী বলেন, “শাকিব ভাইয়ের সঙ্গে স্ক্রিন শেয়ার করা সবসময়ই খুব ভালো লাগার বিষয়। উনি ভীষণ ডেডিকেটেড এবং ডিসিপ্লিনড। একজন কো-আর্টিস্ট হিসেবে উনি খুবই সাপোর্টিভ।”

ট্রেলার দেখে অনেকের রণবীর কাপুর অভিনীত বলিউড সিনেমা রকস্টার–এর সঙ্গে তুলনা করার বিষয়েও কথা বলেন সাবিলা। তিনি বলেন, “রণবীর কাপুরের ‘রকস্টার’ তো কাল্ট ক্লাসিক। ‘রকস্টার’ নিয়ে ভাবলেই সবার মাথায় ওই সিনেমার কথা আসে। কিন্তু আমাদের ‘রক্সটার’-এর গল্প পুরোপুরি আলাদা। এখানে একটা মানুষের জীবন, তার মিউজিক জার্নি এবং সেই পথের কিছু কঠিন বাস্তবতার গল্প দেখানো হয়েছে। ট্রেলার দেখে হয়তো একটা ভাইব এক মনে হতে পারে, কিন্তু পুরো সিনেমা দেখলে বুঝবেন এর সঙ্গে ওই সিনেমার কোনো মিল নেই। এটা আমাদের নিজস্ব প্রেক্ষাপটে তৈরি একেবারে নতুন গল্প।”

কোরবানির ঈদের ব্যস্ততার মধ্যেও দর্শকদের সিনেমা হলে এসে ছবিটি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে সাবিলা বলেন, “যারা আমাদের মেগাস্টারের ফ্যান, তারা তো সিনেমাটি দেখবেই। পাশাপাশি আমাদের টিম একটা ভিন্নধর্মী গল্প বলার চেষ্টা করেছে। আমরা যদি চাই ভবিষ্যতে বাংলাদেশে আরও ডিফরেন্ট ডিফরেন্ট জনরার সিনেমা তৈরি হোক, তাহলে আমাদের ‘রক্সটার’ দেখা উচিত।”

বড়পর্দার এই নতুন যাত্রা নিয়ে নিজের অনুভূতি জানিয়ে তিনি বলেন, “প্রতিটি সিনেমা মুক্তির আগেই আমি ভীষণ নার্ভাস থাকি। তাই কিছুটা নার্ভাস তো অবশ্যই, তবে নার্ভাসনেসের সঙ্গে আমি এক্সাইটেডও; কারণ নতুন কিছু দেখতে আমার সবসময়ই ভালো লাগে।”

Ads small one

বেতগ্রাম-কয়রা সড়ক উন্নয়ন: ৫৩৫ কোটি টাকার প্রকল্পে আশার আলো

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৭ অপরাহ্ণ
বেতগ্রাম-কয়রা সড়ক উন্নয়ন: ৫৩৫ কোটি টাকার প্রকল্পে আশার আলো

এম.এম জামান মনি, পাটকেলঘাটা: খুলনার ডুমুরিয়া উপজেলার বেতগ্রাম থেকে তালা-পাইকগাছা হয়ে কয়রা পর্যন্ত প্রায় ৬৫ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ ও বাঁক সরলীকরণ কাজের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। বাকি ১০ শতাংশ কাজ শেষ হলে এ অঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

খুলনা সড়ক ও জনপথ (সওজ) দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ২১ জানুয়ারি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ৫৩৫ কোটি টাকার প্রকল্পটি অনুমোদন পায়। দরপত্রের মাধ্যমে কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মোজাহার এন্টারপ্রাইজ’-এর ২০২২ সালের জুনে কাজ শেষ করার কথা থাকলেও চার দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সময় নির্ধারণ করা হয়।

প্রকল্প এলাকা ঘুরে দেখা গেছে, আঠারো মাইল (বেতগ্রাম) থেকে তালা উপজেলার মধ্যবর্তী অংশ এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টের কাজ পুরোপুরি শেষ হয়েছে। তবে জমি অধিগ্রহণ জটিলতায় বিলম্ব হওয়ার পর গত জুনে পাইকগাছার কপিলমুনি বাজার অংশে বাঁক সরলীকরণের কাজ শুরু হয়। বর্তমানে কপিলমুনি ফকিরবাসা ও পাইকগাছা গোলাবাটি মোড়ের বাঁক সরলীকরণে পিচঢালাইয়ের কাজ বাকি রয়েছে।

পথচারী মনিরুজ্জামান মনির ভাষ্যমতে, দেরিতে হলেও কাজ শেষ পর্যায়ে পৌঁছানোয় সাধারণ মানুষ স্বস্তিতে রয়েছে। বর্ষায় বড় বড় গর্ত আর শুষ্ক মৌসুমে ধুলাবালির যে যন্ত্রণা ছিল, তা অবসান হতে চলেছে।

সওজের কর্মকর্তারা জানান, প্রকল্পে ৩০টি ঝুঁকিপূর্ণ বাঁক সোজা করতে ১১.২৪ হেক্টর জমি অধিগ্রহণে ৭১ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়। তবে কপিলমুনি, গোলাবাটি, গোপালপুরসহ ১০টি পয়েন্টে জমির ক্ষতিপূরণ বাবদ অর্থ পরিশোধে বিলম্ব হওয়ায় নির্ধারিত সময়ে কাজ শেষ করা সম্ভব হয়নি। ভুক্তভোগীদের চেকের অর্থ হস্তান্তরের পর বর্তমানে কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর এবং সুজন কয়রা শাখার সভাপতি মোস্তফা শফিকুল ইসলাম জানান, এই সড়কটি যাতায়াতের একমাত্র মাধ্যম হওয়ায় উন্নয়নকাজে স্থানীয়রা সার্বিক সহায়তা দিয়েছেন।
মোজাহার এন্টারপ্রাইজের প্রকল্প ব্যবস্থাপক রাজন আহমেদ ও সওজের খুলনা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. তানিমুল হক জানান, চলতি মাসের মধ্যেই অবশিষ্ট সব কাজ শেষ করে সড়কটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা সম্ভব হবে।

 

আশাশুনিতে জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
আশাশুনিতে জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের আশাশুনি উপজেলা শাখা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল তিনটায় আশাশুনি সরকারি কলেজ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘মেধা, সততা, দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ নম্বরের স্লোগান নিয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় কলেজ সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি মেহেদী হাসান, জেলা সভাপতি যোবায়ের হোসেন, জামায়াতে ইসলামী জেলা কর্মপরিষদ সদস্য আইনজীবী আব্দুস সোবহান মুকুল, উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান, যুব বিভাগের সভাপতি চিকিৎসক রোকনুজ্জামান ও সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মেহেদী হাসান।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন বুধহাটা বিবিএম কলেজিয়েট স্কুলের শিক্ষক ও অভিভাবক সিরাজুল ইসলাম এবং সংবর্ধিত শিক্ষার্থী দীপ্তি সরকার, হাবিবা ও দিয়া। অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত ৪৪ শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও বিভিন্ন উপহার তুলে দেওয়া হয়।

সাতক্ষীরায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ
সাতক্ষীরায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মন্টুকে গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানা-পুলিশ। শনিবার রাত আটটার দিকে আলিপুর ইউনিয়নের বুলারআটি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুল ইসলাম মাহমুদপুর গ্রামের মৃত মতি সানার ছেলে।

সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাসির উদ্দিন জানান, আমিনুল দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তিনি কখনো সেনাবাহিনীর মেজর, আবার কখনো পুলিশের ডিআইজিসহ উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় দিয়ে নানা অপকর্ম ও প্রতারণা চালিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।