বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩

অনাবৃষ্টি ও তাপদাহে কপিলমুনিতে চিংড়িতে মড়ক, দিশেহারা চাষিরা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
অনাবৃষ্টি ও তাপদাহে কপিলমুনিতে চিংড়িতে মড়ক, দিশেহারা চাষিরা

 

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি: খুলনার কপিলমুনিতে অনাবৃষ্টি ও তীব্র তাপদাহের কারণে বাগদা চিংড়ি চাষে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। উপজেলার অন্যতম প্রধান অর্থনৈতিক চালিকাশক্তি ও নিবিড় চিংড়ি চাষ এলাকা হিসেবে পরিচিত কপিলমুনির ঘেরগুলোতে মড়ক দেখা দেওয়ায় চাষিদের কপালে এখন চিন্তার ভাঁজ। এই সংকটের কারণে অঞ্চলের অর্থনীতিতে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বছরের শুরুতেই অধিকাংশ ঘেরে বাগদা চিংড়ি মারা যাচ্ছে। স্থানীয় চাষিরা জানান, সাধারণত মৎস্য ঘেরে এক ধরনের কাটা শেওলা জন্মায়, যা বাগদা চিংড়ির প্রধান প্রাকৃতিক খাদ্য ও পুষ্টি জোগায়। কিন্তু এবার দীর্ঘদিনের অনাবৃষ্টি ও তীব্র গরমের কারণে ঘেরে এক ধরনের ক্ষতিকর পোকার প্রাদুর্ভাব ঘটেছে, যা এই শেওলা কেটে উজাড় করে দিচ্ছে। ফলে একদিকে তীব্র খাদ্য সংকট, অন্যদিকে পানির অতিরিক্ত তাপমাত্রা ও লার্ভা (রেণু) ছাড়ার অনুপযোগী পরিবেশের কারণে চিংড়ি চাষিদের পথে বসার উপক্রম হয়েছে।
কাশিমনগর এলাকার চিংড়ি চাষি পরিমল দাশ জানান, অতীতে চিংড়ি চাষে কোনো কারণে ক্ষতি হলে এ সময়ে ঘেরে সাদা মাছের পোনা ছেড়ে চাষিরা ক্ষতি পুষিয়ে নিতেন। কিন্তু এবার বৃষ্টি না হওয়ায় পানিতে লবণাক্ততার পরিমাণ এতটাই বেড়েছে যে অতিরিক্ত লবণের কারণে সাদা মাছও মারা যাচ্ছে। ফলে নতুন করে পোনা ছাড়তে সবাই আতঙ্কিত।
আনিচুর রহমান নামের আরেক চাষি জানান, ব্যাংক থেকে ঋণ নিয়ে তিনি চিংড়ি চাষ করেছিলেন। কিন্তু অনাবৃষ্টির কারণে ঘেরে পানি কম ও তাপমাত্রা বেশি থাকায় রেণু ছাড়ার পরপরই তা মারা যাচ্ছে। এর ওপর গত বছরের তুলনায় এবার বাজারে চিংড়ির মূল্যও কম। এই অবস্থায় কীভাবে ব্যাংকের ঋণ শোধ করবেন এবং সংসারের খরচ চালাবেন, তা নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন তিনি।

Ads small one

রোববার সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:২১ অপরাহ্ণ
রোববার সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

তালা প্রতিনিধি: আগামী ৩০ আগস্ট (রোববার) সাতক্ষীরা জেলা সফরে আসছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পাঠানো সফরসূচি অনুযায়ী, এদিন তিনি তালা উপজেলার ইসলামকাটিতে অবস্থিত মিনি স্টেডিয়াম পরিদর্শন, পাটকেলঘাটা বলফিল্ড মাঠে পথসভায় যোগদান এবং সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় ঢাকার পল্লবীতে নিজ বাসভবন থেকে সড়কপথে সাতক্ষীরার উদ্দেশ্যে যাত্রা করবেন প্রতিমন্ত্রী। দুপুর ২টায় তিনি তালার ইসলামকাটিতে অবস্থিত মিনি স্টেডিয়াম পরিদর্শন করবেন। একই সময়ে পাটকেলঘাটা বলফিল্ড মাঠে অনুষ্ঠিত পথসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

বেলা ৩টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী। সন্ধ্যা ৬টায় সাতক্ষীরা ত্যাগ করে সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। রাত সাড়ে ১১টায় ঢাকার পল্লবীতে নিজ বাসভবনে পৌঁছানোর কথা রয়েছে।

প্রতিমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও সিনিয়র সহকারী সচিব মো. তাছবীর হোসেন স্বাক্ষরিত মন্ত্রণালয়ের পাঠানো নথিতে উল্লেখ করা হয়েছে, এটি একটি সরকারি সফর। জনসংযোগ কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তাসহ দাপ্তরিক কর্মকর্তা-কর্মচারীরা সড়কপথে তাঁর সফরসঙ্গী হবেন।

এদিকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের তালায় সফরকে সফল করতে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। তিনি প্রতিমন্ত্রীর সফর উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি সর্বাত্মক সহযোগিতা এবং উপস্থিতির আহ্বান জানান।

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবলের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক ও জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, সংস্থার সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, ডা. আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, সাংবাদিক মনিরুল ইসলাম মিনিসহ সংস্থার অন্যান্য সদস্য ও স্থানীয় ক্রীড়ানুরাগী ব্যক্তিবর্গ।

 

সভায় জেলা প্রশাসক কাপের ফাইনাল ম্যাচটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন করতে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মিজ্ কাউসার আজিজ বলেন, জেলা প্রশাসক কাপ সাতক্ষীরার ক্রীড়াঙ্গনের একটি অন্যতম বড় উৎসব। আমরা অত্যন্ত সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে ফাইনাল খেলাটি আয়োজন করতে চাই।

 

এজন্য প্রশাসন, ক্রীড়া সংস্থা এবং ক্রীড়ামোদী জনতাসহ সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। আশা করি, সবার প্রচেষ্টায় আমরা একটি সফল টুর্নামেন্ট উপহার দিতে পারব। এছাড়া সাতক্ষীরার ক্রীড়া ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে এই টুর্নামেন্ট বড় ভূমিকা রাখছে। খেলা দেখতে আসা দর্শক এবং আমন্ত্রিত অতিথিদের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া।

 

স্টেডিয়াম ও আশপাশের এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা বলয় তৈরি করা যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সভায় উপস্থিত অন্যান্য বক্তারা টুর্নামেন্টের প্রচার-প্রসার এবং জেলার ক্রীড়া মান উন্নয়নে বিভিন্ন গঠনমূলক পরামর্শ তুলে ধরেন।

 

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা

পত্রদূত ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা ১১টায় সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির পাঠ কক্ষে জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম রহমাতুল্লাহ পলাশ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় প্রস্তুতি সভায় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুর রউফ, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, সদস্য হাবিবুর রহমান হাবিব, তাজকিন আহমেদ চিশতী, শেখ মাসুম বিল্লাহ শাহিন, শাহ মো. কামরুজ্জামান কামু, অ্যাডভোকেট নুরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সভাপতি মো. আব্দুস সামাদ প্রমুখ।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা বিএনপির প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সফিকুল আলম বাবু, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, আলিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. রেজাউল ইসলাম, জেলা তাঁতী দলের সভাপতি হাসান শাহরিয়ার রিপন, সুমন রহমানসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।