আইনজীবী সমিতির নির্বাচন: প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময়
পত্রদূত রিপোর্ট: সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির নির্বাচন-২০২৬ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দুপুর ২টায় আইনজীবী সমিতির ২ নম্বর ভবনের তৃতীয় তলার লাইব্রেরিতে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. মহিতুল ইসলামের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনার অ্যাডভোকেট খায়রুল বদিউজ্জামান সঞ্চালনা করেন। এ সময় আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাডভোকেট বিএম মিজানুর রহমান পিন্টু ও নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালন, নির্বাচন পরিচালনা এবং সার্বিক পরিবেশ সুশৃঙ্খল ও সুন্দর রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি প্রার্থীদের বিভিন্ন গঠনমূলক মতামত গ্রহণ করা হয়।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের প্রত্যয় ব্যক্ত করা হয়। এ জন্য সব প্রার্থীর আন্তরিক ও স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করা হয়।










