সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

আট মাসে নিখোঁজের পর লাশ উদ্ধার ৩৬ শিশুর, ধর্ষণের শিকার ২৪

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১:২৬ অপরাহ্ণ
আট মাসে নিখোঁজের পর লাশ উদ্ধার ৩৬ শিশুর, ধর্ষণের শিকার ২৪

কুমিল্লায় নিখোঁজের পর লাশ পাওয়া গেছে ১৩ বছরের শিশু ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের। এর আগে ৯ সেপ্টেম্বর পাবনা সদরে ১০ বছর বয়সী এক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যা করা হয়। এর আগেও এ বছর নিখোঁজ শিশুদের কাউকে পাওয়া গেছে মাটিচাপা অবস্থায়, কারও লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের পর লাশ উদ্ধার ছাড়াও চলতি বছর শিশুদের ধর্ষণের পর হত্যা, শারীরিক নির্যাতনে মৃত্যু এবং স্বজনের সঙ্গে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। হত্যার কোনও কোনও ঘটনায় অভিযোগ উঠেছে পরিচিত ব্যক্তির বিরুদ্ধে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাবে, বছরের প্রথম আট মাসে নিখোঁজ ৩৬ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য নিয়ে পরিসংখ্যান তৈরি করে আসক। তাদের হিসাবে দেখা যাচ্ছে, গত আট মাসে (জানুয়ারি-আগস্ট) শিশু নিখোঁজের পর হত্যা, ধর্ষণ, নির্যাতন ও অন্যান্য ঘটনায় মোট নিহত শিশুর সংখ্যা ১৫৫। এর মধ্যে শারীরিক নির্যাতনে নিহত ৬৮, পারিবারিক পরিসরে নির্যাতনে নিহত ৪৯, ধর্ষণের পর হত্যা (দুই ছেলেশিশুসহ) ২৬, ধর্ষণচেষ্টার পর হত্যা ৪, গুলিতে নিহত ৩, গৃহকর্মীকে শারীরিক নির্যাতনে মৃত্যু ২, উত্ত্যক্তকারীর হাতে হত্যা ২ এবং অপহরণের পর হত্যা করা হয় একজনকে। এর বাইরে আত্মহত্যা, রহস্যজনক মৃত্যু ও মরদেহ উদ্ধারের ৯৯টি ঘটনা আছে।

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শিশু নিখোঁজের বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির জানান, শিশু নিখোঁজের ঘটনা আগেও ছিল। তবে এখন উদ্দেশ্যমূলকভাবে তা ফলাও করে গণমাধ্যমে প্রচার করা হচ্ছে। বিষয়টিকে একটি গভীর ষড়যন্ত্র বলে মনে করে বাংলাদেশ পুলিশ। নিখোঁজ হওয়া শিশুদের ৮৭ শতাংশ উদ্ধার হয়েছে বা তাদের সন্ধান পাওয়া গেছে।

নিখোঁজের পর মিলছে লাশ

সম্প্রতি শিশুহত্যার একের পর এক ঘটনা সামনে আসছে। পাবনা সদরে ১০ বছরের একটি শিশু ৯ সেপ্টেম্বর নিখোঁজ হয়। সাত দিন পর ১৬ সেপ্টেম্বর, একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। পুলিশের ভাষ্য, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

এর পরদিন জামালপুরের মাদারগঞ্জে সাত বছরের একটি শিশু ১০ সেপ্টেম্বর বিদ্যালয়ে গিয়ে আর বাড়ি ফেরেনি। ১২ সেপ্টেম্বর তার সহপাঠীর বাড়ির মেঝেতে মাটিচাপা অবস্থায় লাশ পাওয়া যায়। পুলিশ সংবাদ সম্মেলনে জানিয়েছে, সহপাঠীর বাবা শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন। এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়।

সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত চারটি ঘটনায় পরিবারের অন্য সদস্যের সঙ্গে সাত শিশু নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। ২৫ জুন লক্ষ্মীপুরের রায়পুরে একটি ভাড়া বাসায় ঢুকে এক পরিবারের মা ও তিন মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়। তিন বোনের মধ্যে সিপার বয়স ১০ এবং ইকরার ১৭ বছর ও সাইমা আক্তারের বয়স ছিল ২১ বছর।

আগস্টে রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী ও প্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে খুন করা হয় ১২ বছরের ছেলে আয়ুশকে। একই মাসে মাদারীপুরের শিবচরে এক নারীর লাশ উদ্ধারের পাঁচ দিন পর ২৪ আগস্ট নদী থেকে তার এক বছরের সন্তানের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, মা ও শিশুকে হত্যা করা হয়েছে। সুনামগঞ্জের তাহিরপুরে ১৮ সেপ্টেম্বর দিবাগত রাতে একই পরিবারের ১০, ৭ ও ২ বছরের তিন শিশুকে হত্যা করা হয়।

শিশুদের বাইরে আরও হত্যার ঘটনা আছে। পুলিশ সদর দফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে দেশে ২ হাজার ৩৬২টি হত্যা মামলা হয়েছে। সেই হিসাবে মাসে গড়ে ২৯৫টি হত্যা মামলা হয়েছে।

এখনও নিখোঁজ দুই হাজার শিশু

শিশুহত্যার পাশাপাশি নিখোঁজের ঘটনাও আছে। বিভিন্ন গণমাধ্যম চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজারের বেশি শিশু নিখোঁজের সংবাদ প্রকাশ করে।

এর পরিপ্রেক্ষিতে ৩ সেপ্টেম্বর পুলিশ সদর দফতর সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হলেও ৮৭ শতাংশের বেশি শিশু উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শিশুর সংখ্যা ১৩ হাজার ৬৭৯। সেই হিসাবে নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ জন, যা মোট নিখোঁজ শিশুর প্রায় ১৩ শতাংশ।

নিখোঁজের যেসব কারণ বলছে পুলিশ

পুলিশের যাচাইয়ে দেখা গেছে, শূন্য থেকে ৯ বছর বয়সী শিশুরা সাধারণত পরিবারের সদস্যদের সঙ্গে অপরিচিত স্থানে ঘুরতে গিয়ে পথ ভুলে, পরিবারের সদস্যদের নাম-ঠিকানা বলতে না পারায় এবং একাকী বাসায় ফেরার সময় অন্য স্থানে চলে গিয়ে নিখোঁজ হয়।

১০ থেকে ১৭ বছর বয়সী শিশুদের নিখোঁজ হওয়ার কারণ হিসেবে অভিমান, পড়ালেখার চাপ, অনৈতিক কাজে জড়িয়ে লজ্জার ভয়ে পালিয়ে থাকা, স্বাধীনভাবে জীবনযাপনের আকাঙ্ক্ষা, পরিবারের সদস্যদের কাছ থেকে অর্থ বা অন্য কোনও সুবিধা আদায়ের কৌশল, পারিবারিক কলহ ও অশান্তি এবং বন্ধু বা সহপাঠীদের প্রভাবের কথা জানিয়েছে পুলিশ।

পুলিশ সদর দফতর জানিয়েছে, বর্তমানে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে অনলাইন জিডি সুবিধা চালু হয়েছে। ফলে জিডির সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে শিশু নিখোঁজের জিডি হয়েছিল ১৭ হাজার ৮০৮টি। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ১৬ হাজার ৪১৪ এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০।

এ ছাড়া ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দেশে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ হওয়ার তথ্য জানিয়েছে পুলিশ। এর মধ্যে ৮৭ শতাংশের বেশি শিশু উদ্ধার হয়েছে। সংখ্যায় এটি ১৩ হাজার ৬৭৯ জন। এখনও নিখোঁজ রয়েছে ২ হাজার ৩৮ জন, যা মোট নিখোঁজ শিশুর প্রায় ১৩ শতাংশ।

এ বিষয়ে পুলিশ সদর দফতরের অ্যাডিশনাল আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম রবিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, শিশুরা ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে ও নিখোঁজ হচ্ছে, এসব ঘটনা নতুন নয়। শিশু বলতে শূন্য থেকে ১৮ বছর পর্যন্ত বয়সকে বুঝি। এসব শিশুরা অপহরণ, ধর্ষণ, কিশোর-কিশোরীরা প্রেমের কারণে পালিয়ে যাওয়া, বাবা-মায়ের সঙ্গে অভিমান বিভিন্ন কারণ হতে পারে।

তিনি বলেন, তবে সংখ্যাটা বড় হলে আমাদের তা ভাবিয়ে তোলে। এছাড়া আমাদের একটা ঘাটতি ছিল তা হচ্ছে, নিখোঁজের জিডি হলেনও উদ্ধার হওয়া শিশুদের আবডেট তালিকা আগে করিনি, যা এখন করা হচ্ছে।

তিনি বলেন, শিশুরা এসব ঘটনার শিকার হলে আমরা ব্যধিত হই। শিশুদের সুরক্ষায় পুলিশ কাজ করছে। অনলাইন জিডির সঙ্গে ছবি সংগ্রহ করা, হারিয়ে গেলে তদন্ত করে দ্রুত উদ্ধার, স্বজনদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ এবং উদ্ধার হওয়াদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। নিখোঁজ শিশুদের উদ্ধারে পুলিশ কাজ করছে। অনেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া যারা হত্যা ও ধর্ষণের শিকার তাদের আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি পরিবারের নিরাপত্তাও দেওয়া হচ্ছে।

সুরক্ষাব্যবস্থা ও রাষ্ট্রের জবাবদিহিতা

বাংলাদেশে শিশুদের ধর্ষণ ও হত্যার ঘটনায় উদ্বেগ জানিয়ে ২২ মে বিবৃতি দেয় ইউনিসেফ। সংস্থাটির তৎকালীন বাংলাদেশ প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এ সব ঘটনায় দায়মুক্তির অবসানের আহ্বান জানান। ঘর, প্রতিষ্ঠান এবং সমাজের প্রতিটি পরিসরে শিশুর নিরাপত্তা নিশ্চিতের আহ্বানও উঠে আসে সংস্থাটির বক্তব্যে।

এ সব ঘটনায় অভিযোগ জানানোর ব্যবস্থা, শিশুবান্ধব পুলিশ ও বিচারপ্রক্রিয়া, স্থানীয় সুরক্ষা সেবা এবং মানসিক-সামাজিক সহায়তার ঘাটতি দূর করার প্রতি গুরুত্বারোপ করে ইউনিসেফ। পাশাপাশি স্কুল, মাদ্রাসা, কর্মক্ষেত্রেও জবাবদিহি বাড়ানোর কথা তুলে ধরা হয় সংস্থাটির পক্ষ থেকে।

এ বিষয়ে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল রবিবার সন্ধ্যায় গণমাধ্যমকে বলেন, আমরা মানসিকভাবে বুদ্ধিবৃত্তিকভাবে সংস্কৃতি চর্চা গড়ে তুলতে পারিনি, চর্চাও করি না। তার ফলে সমাজে যারা দুর্বল, প্রতিরোধ ক্ষমতা কম ও যারা প্রতিকার চাইতে পারে না, তাদের ওপর অত্যাচার নির্যাতন চলতে থাকে। নারী ও শিশুরা সেই শ্রেণিতে পড়ে।

তিনি আরও বলেন, সমাজে অন্যান্য যে জনগোষ্ঠী আছে সেই তুলনায় নারী-শিশুরা অনেক বেশি দুর্বল ও অসহায়। বিশেষ করে শিশুরা, তারা তো প্রতিবাদও করতে পারে না, তারা তো বুঝতেও পারে না, তাদের ওপর নিযাতন হচ্ছে। ফলে তারা অভিযোগও করতে পারে না। মানুষের কাছে বোঝাতে পারে না, তাদের ওপর নির্যাতন কীভাবে হয়।

সুলতানা কামাল বলেন, তাদের ওপর দীর্ঘদিন নির্যাতন চলতে থাকেলে, তখন আমরা খবরটা পাই। কিন্তু ভেতরে ভেতরে এ ধরনের নির্যাতন অনেক বেশি সংখ্যায় চলে, আমরা জানতেও পারি না।

সুরক্ষাব্যবস্থা ও রাষ্ট্রের জবাবদিহিতা বিষয়ে তিনি বলেন, রাষ্ট্রকে সঠিকভাবে ও নিরপেক্ষভাবে এসব ঘটনার বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। তবে বিচারব্যবস্থার নিরপেক্ষতা ও মানসিকতার ব্যাপার আছে। অনেক সময় দেখা যায়, নারী ও শিশুর ওপর নির্যাতন হলে অনেকে সেটা আমলে নেন না এবং সেটাকে নির্যাতনও মনে করেন না; কিংবা মনে করেন নারীর দোষে সেটা হয়েছে, শিশুর দোষে সেটা হয়েছে, এমনকি এমনও মনে করা হয়, মায়ের দোষে হয়েছে। অনেকেই এ ধরনের মানসিকতা নিয়ে বাস করেন।

এই মানবাধিকারকর্মী বলেন, মানবাধিকার সংস্কৃতি চর্চার বিষয়ে আমরা খুবই উদাসীন। এরপর দীর্ঘদিন ধরে আমরা একটা রাজনৈতিক অস্থিরতার মধ্যদিয়ে যাচ্ছি। রাজনৈতিক অস্থিরতা, সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধের অভাব, মানুষের সম্মান-মর্যাদা-অধিকারের প্রতি অশ্রদ্ধাবোধ, সবকিছু মিলে ঘটনাগুলো বেড়ে চলছে। এ জন্য রাষ্ট্রকে সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে এবং পরিবর্তনের চেষ্টা আমাদেরই করতে হবে।

Ads small one

আত্মহত্যায় প্ররোচনা: এমপি গাজী নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০২ অপরাহ্ণ
আত্মহত্যায় প্ররোচনা: এমপি গাজী নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক: দ্বিতীয় স্ত্রী মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় জামায়াতে ইসলামীর বিতর্কিত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে চার দিনের এবং তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে একদিনে রিমান্ডে পেয়েছে পুলিশ।

 

সোমবার বিকালে শুনানি নিয়ে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম।

 

প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম এ আদেশ হওয়ার কথা জানিয়েছেন।

মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই মো. শামসুজ্জোহা সরকার তাদের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। দুপুর ২টা ২২ মিনিটের দিকে একটি মাইক্রোবাসে করে শেরেবাংলা নগর থানা পুলিশ আসামিদের আদালতে নিয়ে আসে। তাদের ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। শুনানিকালে তাদের এজলাসে তোলা হয়।

 

পাঁচ কারণ দেখিয়ে তাদের রিমান্ড আবেদন করা হয়, যার মধ্যে রয়েছে—

 

> মরিয়ম গলায় ফাঁস দিয়ে মারা যাওয়ার সময় আসামিরা বাসায় ছিল। আত্মহত্যায় তাদের প্ররোচনা আছে কি না;

> তারা ভুক্তভোগীকে আত্মহত্যায় প্ররোচনা, উস্কানি, মানসিক চাপ, ভয়-ভীতিপ্রদর্শন বা অন্য কোনোভাবে আত্মহত্যায় ধাবিত করেছেন কি না;

 

> পলাতক আসামি ওবায়দুর রহমানের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদ এবং তার অবস্থান শনাক্তসহ গ্রেপ্তার;

 

> অচেনা আসামি জড়িত আছে কি না তা শনাক্তসহ গ্রেপ্তার;

 

>মামলার মূল রহস্য উদঘাটন।

 

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। আসামিদের পক্ষে আইনজীবী মাহবুবুর রহমান রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আর্জি জানান।

 

উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত রিমান্ড মঞ্জুর করে।

 

রোববার সন্ধ্যায় সংসদ ভবনের উল্টোদিকের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এরপর রাতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদাকে হেফাজতে নেয় পুলিশ।

 

রাতেই আত্মহত্যার প্ররোচনার অভিযোগে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, তার স্ত্রী মাকছুদা ইসলাম ও নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ।

 

এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে এদিন দুপুরে শেরেবাংলা নগর থানা থেকে দুই আসামিকে আদালতে নেওয়া হয়।

 

গত ২০ জুলাই রাতে ঢাকার মগবাজারের একটি হোটেলে মরিয়মের সঙ্গে এমপি নজরুলের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে প্রথমে জামায়াতের নেতাকর্মীরা এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি বলে দাবি করেন।

 

পরে সংসদ সদস্য নজরুল ইসলাম ফেইসবুকে পোস্টে ওই তরুণীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। সাংগঠনিক তদন্তে তার নৈতিক স্খলন প্রমাণিত হওয়ার কথা জানিয়ে ২২ জুলাই গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় জামায়াতে ইসলামী। বিরোধী দল এ সিদ্ধান্তের কথা জানিয়ে পরে স্পিকার ও নির্বাচন কমিশনকে চিঠি দেয়।

সাতক্ষীরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৪ অপরাহ্ণ
সাতক্ষীরায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

সংবাদদাতা: সাতক্ষীরায় প্রথমবারের মতো কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা স্টেডিয়ামে জেলা পুলিশের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

 

প্রতিযোগিতার উদ্বোধন করেন পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল। বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, বাংলাদেশ রেফারিজ কমিটির জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক তৈয়ব হাসান শামসুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, জেলা ক্রীড়া অফিসার মো. মাহবুবুর রহমান, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, রেফারি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

প্রতিযোগিতায় জেলার বিভিন্ন থানার বালক ও বালিকা দল অংশ নেয়। উদ্বোধনী দিনে সাতক্ষীরা সদর থানা ও তালা থানার দলের মধ্যকার খেলার মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

মামলায় গ্রেফতার হলেন গাজী নজরুল, এমপি পদ থাকবে কি

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৩ অপরাহ্ণ
মামলায় গ্রেফতার হলেন গাজী নজরুল, এমপি পদ থাকবে কি

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ স্পিকারকে জানিয়ে মরিয়মের বাবার করা মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ।

এরই মধ্যে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত এই সংসদ সদস্যের পদ থাকবে কি না, তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠেছে। তবে দল থেকে বহিষ্কার হওয়ার কারণে সংসদ সদস্য পদ স্বয়ংক্রিয়ভাবে শূন্য হবে—এমন সরাসরি বিধান সংবিধানের ৭০ অনুচ্ছেদে নেই।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, কোনও ব্যক্তি রাজনৈতিক দলের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর ওই দল থেকে পদত্যাগ করলে অথবা সংসদে দলের বিরুদ্ধে ভোট দিলে তার আসন শূন্য হবে। সেখানে দল থেকে বহিষ্কারের কথা উল্লেখ নেই। ফলে দল থেকে বহিষ্কারের করার পরও তার সংসদ সদস্য পদ টিকে আছে।

অন্যদিকে, সংবিধানের ৬৬ অনুচ্ছেদে সংসদ সদস্য হওয়ার যোগ্যতা ও অযোগ্যতার বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে কোনও ব্যক্তি নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্তত দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে নির্দিষ্ট শর্তে তিনি সংসদ সদস্য হওয়ার অযোগ্য বিবেচিত হবেন।

যদিও শুধু মামলা হওয়া বা গ্রেফতার হওয়া সংসদ সদস্য পদ হারানোর সমার্থক নয়। আদালতে দণ্ডিত হওয়ার মতো বিষয় থাকলে তখন সংবিধানের ৬৬ অনুচ্ছেদের অযোগ্যতার বিধান প্রাসঙ্গিক।

গাজী নজরুলের ক্ষেত্রে এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর জামায়াতে ইসলামী সাংগঠনিক তদন্ত করে তাকে দল থেকে বহিষ্কার করে। দলটি জানিয়েছিল, তদন্তে তার ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হয়েছে। পরে তার সংসদ সদস্য পদ বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে চিঠিও দেয় জামায়াত। তবে জাতীয় সংসদ থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশনকে কোন চিঠি দেওয়া হয়নি।

অন্যদিকে, দলীয় তদন্তে ‘নৈতিক স্খলন’ প্রমাণিত হওয়ার বিষয়টি নিজে থেকে সংবিধানের ৬৬ অনুচ্ছেদের অধীনে সংসদ সদস্য পদ বাতিলের কারণ হয়ে যায় না। কারণ ওই অনুচ্ছেদে নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে আদালতের দণ্ডের কথা বলা হয়েছে।

সংবিধানের ৬৬(৪) অনুযায়ী, কোনও সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি ৬৬(২)-এর কোনও অযোগ্যতায় পড়েছেন কি না বা ৭০ অনুচ্ছেদ অনুযায়ী তার আসন শূন্য হয়েছে কি না—এ নিয়ে বিরোধ দেখা দিলে বিষয়টি নির্বাচন কমিশনে নিষ্পত্তির জন্য পাঠানোর বিধান রয়েছে। কমিশনের সিদ্ধান্তই এ বিষয়ে চূড়ান্ত। তবে জাতীয় সংসদ থেকে বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনের শিশু পাঠানো হয়নি।

ফলে গাজী নজরুলের ক্ষেত্রে এখন দুটি বিষয় আলাদাভাবে সামনে এসেছে। একদিকে দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার মামলায় তার বিরুদ্ধে ফৌজদারি আইনি প্রক্রিয়া চলছে; অন্যদিকে জামায়াত থেকে বহিষ্কারের পর তার সংসদ সদস্য পদ বহাল থাকবে কি না, তা নিয়ে সাংবিধানিক ও নির্বাচনি প্রশ্ন রয়েছে।

পুলিশ এরই মধ্যে জানিয়েছে, মামলায় গাজী নজরুলকে গ্রেফতার দেখানোর বিষয়ে প্রয়োজনীয় নিয়ম-কানুন অনুসরণ করা হচ্ছে এবং স্পিকারকে চিঠি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

এদিকে মামলায় গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা বেগমকে আসামি করা হয়েছে। মরিয়মের বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলাটি করেন।