বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

আল্লাহর কাছে শুকরিয়া: ট্রাম্প

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৭:৪৪ অপরাহ্ণ
আল্লাহর কাছে শুকরিয়া: ট্রাম্প

ইরানের ওপর চলমান মার্কিন নৌ অবরোধের ব্যাপক প্রশংসা করে দেশটির তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক নতুন পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরান এখন দ্রুত একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া।

চলতি এই অবরোধকে নৌযুদ্ধের ইতিহাসে ‘সবচেয়ে সফল অবরোধ’ হিসেবে আখ্যায়িত করে ট্রাম্প তার পোস্টে লিখেছেন, আমরা না চাইলে কোনও কিছুই এর ভেতর দিয়ে পার হতে পারে না। এটি একটি ইস্পাতের দেয়াল!

ইরানকে চড়া মূল্য দিতে হবে: ট্রাম্পের হুঙ্কার
ইরানের বর্তমান অর্থনৈতিক ও সামরিক পরিস্থিতির চিত্র তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, ‘ইরানের ব্যবসা-বাণিজ্য এখন একেবারে শূন্যের কোঠায়। তারা তাদের সামরিক বাহিনীকে বেতন দিতে পারছে না, এমনকি নিজেদের কোনও বিলও পরিশোধ করতে পারছে না। তারা দ্রুত একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হচ্ছে! তবে প্রচুর তেল বাইরে বেরিয়ে আসছে। আল্লাহর কাছে শুকরিয়া!’

একই সঙ্গে চলমান এই মার্কিন অবরোধ কতটা কার্যকর, তা প্রচার না করার জন্য তিনি ‘ভুয়া গণমাধ্যমগুলোর’ প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমের এই পোস্টের বাইরে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া পৃথক এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানকে নতুন করে সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তেহরান যদি শেষ পর্যন্ত নতুন কোনও চুক্তিতে স্বাক্ষর করতে রাজি না হয়, তবে তিনি ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সেতুগুলো লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালানোর নির্দেশ দেওয়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছেন।

সূত্র: আল জাজিরা

Ads small one

আচরণবিধি ভাঙায় রানার শাস্তি

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
আচরণবিধি ভাঙায় রানার শাস্তি

ঘটনাটা যখন ঘটেছে, তখনই বোঝা গেছে আচরবিধি ভাঙার দায়ে শাস্তি পেতে পারেন নাহিদ রানা। শেষ পর্যন্ত সেটাই হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে আইসিসির কোড অব কন্ডাক্টের লেভেল-১ ভঙ্গ করায় তিরস্কার করা হয়েছে বাংলাদেশের স্পিড স্টারকে। পাশাপাশি যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ঘটনাটি ঘটেছে প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ইনিংসের ১১তম ওভারে। জশ ইংলিসকে আউট করার পর তার দিকে তেড়ে গিয়েছিলেন নাহিদ। কিছু বলতে দেখা যায় তাকে। ইংলিসকেও ক্ষুব্ধ হতে দেখা যায়।

ওই ঘটনায় নাহিদের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.৫ ভাঙার অভিযোগ আনা হয়েছে। এই অপরাধে তিরস্কার শুনেছেন নাহিদ। তিনি রেফারির আনা অভিযোগ স্বীকার করে নেওয়ায় আর কোনও শুনানির প্রয়োজন পড়েনি। অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স হোয়ার্ফ ও গাজী সোহেল এবং তৃতীয় আম্পায়ার আহসান রাজা ও চতুর্থ আম্পায়ার মোর্শেদ আলী খান রানার বিরুদ্ধে অভিযোগ আনেন।

গত ২৪ মাসে এটি তার দ্বিতীয় অপরাধ। এখন তার ডিমেরিট পয়েন্ট ২।

প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর সফর শেষে তুলে নেওয়া হলো সেই সড়কের ইট

প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী সফরের সময় একটি আধা কিলোমিটার কাঁচা রাস্তায় ইট-বালু ফেলে রাতারাতি নির্মাণ করেছিল স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি)। এ রাস্তা দিয়েই প্রধানমন্ত্রী তার পৈতৃক ভিটায় পৌঁছান। প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হয়েছে। এখন বৃষ্টিতে এ সড়কে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার বাসিন্দারা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাবতলী উপজেলার নশিপুর ইউনিয়ন পরিষদ থেকে চৌকির খাল হয়ে প্রধানমন্ত্রীর পৈতৃক বাড়ি পর্যন্ত ৫০০ মিটার এ কাঁচা সড়ক পাকাকরণের জন্য গত অর্থবছর এলজিইডি থেকে ৮৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। কার্যাদেশ পাওয়ার পরও ঠিকাদার সঠিক সময়ে কাজ শুরু করেননি। এ কারণে প্রধানমন্ত্রী সফরের সময় এ কাঁচা সড়কে অস্থায়ীভাবে ইট বিছানো হয়। আনুষঙ্গিক কিছু কাজসহ এতে ব্যয় দেখানো হয়েছে প্রায় ১০ লাখ টাকা। প্রধানমন্ত্রী ফিরে যাওয়ার সপ্তাহখানেকের মধ্যে সড়কের ৫০০ মিটার অংশে বিছানো ইট পুরোটায় তুলে নেওয়া হয়।

এ বিষয়ে এলজিইডির বগুড়ার নির্বাহী প্রকৌশলী মো. মাসুদুজ্জামান বলেন, ‘নিয়মনীতি মেনেই অস্থায়ীভাবে সড়কে ইট বিছানো হয়েছিল। ওই সড়ক পাকা করতে ৮৪ লাখ টাকা আগেই বরাদ্দ দেওয়া হয়েছে। এ কারণে সেখানে অস্থায়ীভাবে বিছানো ইট ঠিকাদারকে তুলে নিতে বলা হয়েছে। কারণ অস্থায়ীভাবে সোলিং করার জন্য ইট ভাড়া নেওয়া হয়েছিল। ইট কিনতে গেলে ব্যয় অনেক বেড়ে যেতো।’

এলজিইডি সূত্রে জানা গেছে, বাগবাড়ি-সোনাহাটা সড়ক থেকে জিয়াবাড়ি পর্যন্ত সংযোগ সড়কটি কার্পেটিং করার জন্য গত অর্থবছরে এলজিইডি থেকে ৮৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। দরপত্র আহ্বানের পর গত বছরের আগস্ট মাসে মেসার্স হক ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশ অনুযায়ী, এ বছরের আগস্টের মধ্যে কাজ শেষ করার কথা রয়েছে। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত সড়ক পাকাকরণের কাজ শুরুই করেনি। এর মধ্যে গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সফরে আসেন। এদিন তিনি বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন, চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন করেন।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে ৫০০ মিটার এই কাঁচা রাস্তায় রাতারাতি ইট বিছানোর তোড়জোড় শুরু করে এলজিইডি। শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমানকে এ কাজের দায়িত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সফরের আগমুহূর্তে তড়িঘড়ি করে ইট বিছানোর কাজ শেষ হয়।

স্থানীয় বাসিন্দা মিনহাজুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর আগমনে কাঁচা সড়কে ইট বসায় এলাকাবাসী খুশি হয়েছিলেন। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছিল। এখন সড়কের ইট তুলে নেওয়ায় এ রাস্তা দিয়ে চলাচল দায় হয়ে পড়েছে। চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়।’

এ বিষয়ে মাদলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আতিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে এলজিইডি থেকে ওই কাঁচা সড়কে অস্থায়ীভাবে ইট সোলিং করার দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী, ভাটা থেকে ইট নিয়ে গিয়ে শ্রমিক দিয়ে সড়কে ইট বিছিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রীর সফর শেষে সড়কের ইট তুলে ভাটায় নিয়ে এসেছেন। এলজিইডি থেকে শুধু পরিবহন ও শ্রমিক খরচ দেওয়া হয়েছে। তবে সেই কাজের জন্য ঠিক কত টাকা দেওয়া হয়েছিল, সেটা এই মুহূর্তে মনে নেই।’

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে বনজীবীদের সচেতনতা সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা বন্ধে বনজীবীদের সচেতনতা সভা

উপকূলীয় অঞ্চল (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনীতে সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধ এবং বনজীবীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে সিসিআরসি কার্যালয়ে ভিলেজ কনজারভেশন ফোরাম (ভিসিএফ) এই সভার আয়োজন করে।

সভায় বক্তারা বলেন, সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরা শুধু পরিবেশের জন্যই ক্ষতিকর নয়, এটি বননির্ভর মানুষের জীবিকাকেও দীর্ঘমেয়াদে হুমকির মুখে ফেলছে। এর ফলে মাছের পাশাপাশি অন্যান্য জলজ প্রাণীও মারা যাচ্ছে, যা সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করছে। অসাধু চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি স্থানীয় জনসচেতনতা বাড়ানোর ওপর জোর দেন বক্তারা।

সিসিআরসির সভাপতি হাফেজ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের সদস্য মো. রবিউল ইসলাম, মোছা. ফাতেমা খাতুন, সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, মাস্টার গাজী আব্দুল হাকিম, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম এবং সিএনআরএস-এর ফিল্ড ম্যানেজার মো. আরিফুজ্জামান। অনুষ্ঠানে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সভায় অংশ নেওয়া বনজীবীরা সুন্দরবন রক্ষায় বিষ দিয়ে মাছ ধরা বন্ধের অঙ্গীকার করেন।