আশাশুনিতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি মেডিকেল ক্যাম্প
আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার দুর্গাপুরে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসাসেবা ও হাম সচেতনতামূলক কর্মসূচি পালিত হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়টির ‘আর্ট অফ লিভিং’ এবং ফার্মেসি বিভাগের ৩২তম ব্যাচের যৌথ উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে এলাকার শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আল ফাহাদ বিন সাদ। সেবাকাজে সরাসরি যুক্ত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুরশিদুল বারি নিশাত, সাবিহা সুলতানা, সিহাবুল ইসলাম সৈকত, চৈতি হালদার ও সাদিয়া খাতুন। পুরো আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে ডিআইইউ অ্যালুমনাই এবং মেডিসিন পার্টনার হিসেবে ছিল এটেক্স কর্পোরেশন।






