আশাশুনিতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক ও রচনা প্রতিযোগিতা
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা, বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‘রুখবো দুর্নীতি গড়বো দেশ, হবে সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে সমন্বিত জেলা কার্যালয় খুলনা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহায়তায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এই প্রতিযোগিতার আয়োজন করে। এতে উপজেলার ১৬টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কু-ু। বিশেষ অতিথি ছিলেন খুলনা দুদকের উপসহকারী পরিচালক মো. মহসীন আলী।
প্রতিযোগিতায় রচনা বিভাগে দুটি গ্রুপে যথাক্রমে মাড়িয়ালা হাই স্কুলের শিক্ষার্থী আনিশা বুশরা মিম এবং কাদাকাটি আরআর স্কুলের কোয়াল গাইন প্রথম স্থান অর্জন করে। অন্যদিকে বিতর্ক প্রতিযোগিতায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং গুনাকরকাটি শাহ মোহাম্মদ ইয়াহিয়া মাধ্যমিক বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের নেতা জান্নাতুল মাওয়া। প্রতিযোগিতা শেষে বিজয়ী ও অংশগ্রহণকারী দলগুলোর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।









