আশাশুনিতে পূজা পুনর্মিলনী সভাকে গোপন বৈঠক আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদ
বিএম আলাউদ্দীন, আশাশুনি: আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত পুনর্মিলনী সভাকে ‘আওয়ামী লীগের গোপন বৈঠক’ আখ্যা দিয়ে সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা পূজা উদযাপন পরিষদ।
রোববার (২২ নভেম্বর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোমের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য।
লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৪ নভেম্বর উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সদর দুর্গামন্দির প্রাঙ্গণে শুভ বিজয়া পুনর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিদুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ ও সম্পাদক বিশ্বনাথ ঘোষ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, জামায়াতের নায়েবে আমির নুরুল আবছার মর্ত্তজা ও যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তিনি দাবি করেন, অনুষ্ঠানের পরদিন সাতক্ষীরা, খুলনা ও যশোর থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় যথাযথ সংবাদ প্রকাশিত হয়। কিন্তু ঘটনার পাঁচ দিন পর কয়েকটি অনলাইন মাধ্যমে পুনর্মিলনী সভাটিকে আওয়ামী লীগের বৈঠক আখ্যা দিয়ে সংবাদ প্রকাশ করা হয়, যা উদ্দেশ্যপ্রণোদিত।
রণজিৎ কুমার বৈদ্য বলেন, পূজা আয়োজনে সহযোগিতাকারীদের আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানানোই ছিল পুনর্মিলনী সভার মূল উদ্দেশ্য। প্রকাশিত সংবাদে পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে দাবি করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি বলেন, ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানকে কেন্দ্র করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ না করে তথ্য যাচাইয়ের মাধ্যমে সংবাদ পরিবেশন করা জরুরি।








