মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

উপকূল দিবস পালনে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে আর কত দেরি?

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:৫৮ পূর্বাহ্ণ
উপকূল দিবস পালনে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে আর কত দেরি?

প্রকাশ ঘোষ বিধান

১২ নভেম্বর বাংলাদেশে বেসরকারিভাবে উপকূল দিবস পালন করা হয়। ১৯৭০ সালের এই দিনে দেশের ইতিহাসের সবচেয়ে প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘ভোলা সাইক্লোন’ উপকূলীয় অঞ্চলে আঘাত হেনেছিল। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা এই দুর্যোগকে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ও প্রাণঘাতী ঘূর্ণিঝড় হিসেবে উল্লেখ করেছে। সেই ভয়াবহ স্মৃতি স্মরণ এবং উপকূলীয় অঞ্চলের মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিবছর এ দিনটি পালিত হয়ে আসছে।

১৯৭০ সালের ১২ নভেম্বর এই ভূখণ্ডে আঘাত হানা শক্তিশালী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রায় ১০ লাখ মানুষের প্রাণহানি ঘটে। বহু এলাকা সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়। ঘূর্ণিঝড়ের এই নির্মম ধ্বংসলীলা সরেজমিনে দেখে শিল্পাচার্য জয়নুল আবেদিন তাঁর বিখ্যাত ২৮ ফুট দীর্ঘ চিত্রকর্মে তা ফুটিয়ে তোলেন, যা ‘মনপুরা ৭০’ নামে পরিচিত।

সেদিনের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হন। অসংখ্য গৃহপালিত ও বন্য প্রাণী মারা যায়। নষ্ট হয় হাজার হাজার হেক্টর ফসলি জমি। দুমড়ে-মুচড়ে যায় ঘরবাড়ি, বিপর্যস্ত হয় জীবন ও জনপদ। মানুষের মৃত্যুর মিছিলে সেদিন কেঁদেছিল সারা বিশ্ব।

সমগ্র উপকূলের মানুষ আজও দিনটিকে গভীর বেদনায় স্মরণ করে। সেই ঘূর্ণিঝড়ে বেঁচে যাওয়া মানুষদের কেউ কেউ এখনো জীবিত আছেন। যাঁরা তখন শিশু বা তরুণ ছিলেন, তাঁরা এখন বৃদ্ধ। মনের মধ্যে সেই দুঃসহ স্মৃতির ক্ষত নিয়ে আজও দিনটি বয়ে বেড়াচ্ছেন উপকূলের মানুষ।

উপকূল দিবস বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের প্রায় পাঁচ কোটি মানুষের জীবনযাত্রা, সংকট এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকির বিষয়গুলো স্মরণে পালিত একটি প্রস্তাবিত ও অনানুষ্ঠানিক দিবস। ২০১৫ সালে উপকূল ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর প্রথম এই দিনটিকে উপকূল দিবস হিসেবে ঘোষণার জোরালো দাবি ওঠে। পরবর্তী সময়ে সাংবাদিক রফিকুল ইসলাম মন্টুর উদ্যোগে এবং বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে দেশের উপকূলীয় জেলাগুলোতে দিবসটি পালন শুরু হয়।

দিবসটি পালনের প্রধান উদ্যোক্তা হিসেবে রয়েছে বেসরকারি প্রতিষ্ঠান উপকূল বাংলাদেশ, কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ও আলোকযাত্রা দল। ২০১৫ সাল থেকে উপকূলবর্তী ১৫টি জেলার প্রায় ৫০টি স্থানে বেসরকারি উদ্যোগে দিবসটি পালিত হয়ে আসছে। ঢাকা ছাড়াও উপকূলীয় জেলা লক্ষ্মীপুরের সদর ও রায়পুর; ভোলার সদর, চরফ্যাশন, তজুমদ্দিন ও মনপুরা; পটুয়াখালীর সদর, গলাচিপা, বাউফল, কলাপাড়া, কুয়াকাটা, রাঙ্গাবালী ও নীলগঞ্জ; চট্টগ্রামের সন্দ্বীপ; ফেনীর সোনাগাজী ও ছাগলনাইয়া; সাতক্ষীরার সদর, তালা, শ্যামনগর ও বুড়িগোয়ালিনী; খুলনার পাইকগাছা; বরিশাল সদর; চাঁদপুর সদর; পিরোজপুরের কাউখালী; নোয়াখালীর সুবর্ণচর ও হাতিয়া; বরগুনা সদর; বাগেরহাটের সদর ও শরণখোলা; কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন এবং ঝালকাঠির সদর ও কাঁঠালিয়ায় দিবসটি পালন এখন রেওয়াজে পরিণত হয়েছে।

১৯৭০ সালের ১২ নভেম্বরের ঘূর্ণিঝড়ে নিহত ব্যক্তিদের স্মরণে উপকূল দিবস পালনের দাবি অত্যন্ত প্রাসঙ্গিক। ১২ নভেম্বরকে উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হলে উপকূলের গুরুত্ব আরও বাড়বে। উপকূলের সংকট, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরা এবং উপকূলের মানুষের অধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে একটি বিশেষ দিন থাকা অপরিহার্য।

জাতীয়ভাবে উপকূল দিবস পালিত হলে উপকূলের সুরক্ষা নিশ্চিত করা, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, উপকূলের প্রতি নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ, উপকূলের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সম্ভাবনাময় অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশ ত্বরান্বিত হবে। একই সঙ্গে উপকূলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জাতীয় পর্যায়ে তুলে ধরতে দেশি-বিদেশি প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের মনোযোগ বাড়বে।

বাংলাদেশের দীর্ঘ ৭১৬ কিলোমিটার উপকূলীয় অঞ্চলে ১৯টি জেলার প্রায় পাঁচ কোটি মানুষ বসবাস করেন, যা দেশের মোট জনসংখ্যার প্রায় ৩৬ শতাংশ। তাঁদের জীবন-জীবিকা প্রধানত কৃষি, মৎস্য, বন, স্থানীয় পরিবহন ও লবণ উৎপাদনের ওপর নির্ভরশীল। উপকূলের এই জনগোষ্ঠী প্রতিবছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, খরা, নদীভাঙনসহ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়।

জাতীয় অর্থনীতিতে উপকূলীয় অঞ্চলের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপকূলীয় অর্থনীতির অবদান দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ২৫ শতাংশ বলে উল্লেখ করা হয়। সমুদ্রের মৎস্য খাত পুরোপুরি উপকূলকেন্দ্রিক। দেশের কলকারখানার পাশাপাশি উপকূলের মৎস্য খাত ও জনশক্তি জাতীয় অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে। কিন্তু দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় গণমাধ্যমে উপকূলের শ্রমশক্তি ও মৎস্য খাত যথাযথ গুরুত্ব পাচ্ছে না।

প্রতিবছর উপকূল দিবসে উপকূলীয় অঞ্চলের ১৯টি জেলা ও ১৪৭টি উপজেলার প্রায় পাঁচ কোটি মানুষের অধিকার, নিরাপত্তা ও ন্যায্যতার দাবি তুলে ধরা হয়। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার মতো প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকা মানুষের কথা রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা হয়। দুর্যোগের কারণে সৃষ্ট বিপুল আর্থিক ও মানবিক ক্ষতি কাটিয়ে উঠতে বিশেষ মনোযোগ আকর্ষণের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা উপকূলীয় প্রান্তিক মানুষের অধিকার ও ন্যায্যতার দাবি জানানো হয়। কিন্তু উপকূলবাসীর প্রাণের দাবি এই দিবসটি এখনো রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি।

১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলবাসীর জন্য একটি স্মরণীয় দিন। ৫৬ বছর পেরিয়ে গেলেও এখনো জাতীয়ভাবে স্বীকৃতি পায়নি উপকূল দিবস। প্রতিবছর বেসরকারি ও সামাজিক উদ্যোগে উপকূলীয় অঞ্চলে দিবসটি পালিত হলেও রাষ্ট্রীয়ভাবে এর স্বীকৃতি মেলেনি। দিবসটির গুরুত্ব এবং ১২ নভেম্বরের ভয়াবহতা স্মরণে দিনটিকে ‘বিশ্ব উপকূল দিবস’ (ওয়ার্ল্ড কোস্টাল ডে) হিসেবে আন্তর্জাতিকভাবে ঘোষণার দাবিও তোলা উচিত। স্থানীয় জনগণ ও বিভিন্ন সামাজিক সংগঠন ১২ নভেম্বরকে জাতীয় উপকূল দিবস হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়ে আসছে।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট

Ads small one

গদখালীতে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
গদখালীতে সামাজিক অপরাধ প্রতিরোধে সচেতনতামূলক সভা

সংবাদদাতা: যশোরের ঝিকরগাছার গদখালীতে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ নভেম্বর) বিকেলে উপজেলার হাড়িয়া ফুল মোড়ে ঝিকরগাছা থানা পুলিশের আয়োজনে এ সভা হয়।

ঝিকরগাছা থানার ওসি গোলাম কিবরিয়া হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) মো. আরিফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাইফুল্লাহ।

প্রধান অতিথি বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের ওপর নির্ভর না করে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলা, পড়াশোনা ও নৈতিক শিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন থানার এএসআই মাসুদ রানা।

দুর্নীতির বিরুদ্ধে শক্ত কণ্ঠস্বর এনপিবি নিউজ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৪২ অপরাহ্ণ
দুর্নীতির বিরুদ্ধে শক্ত কণ্ঠস্বর এনপিবি নিউজ

নিজস্ব প্রতিনিধি: সত্য, সাহস ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয় নিয়ে পথচলার প্রথম বছর পূর্ণ করেছে এনপিবি নিউজ। প্রতিষ্ঠার এক বছরে গণমানুষের কথা বলা, সমাজের অসংগতি তুলে ধরা এবং উন্নয়ন ও দুর্নীতিবিরোধী অবস্থানে গণমাধ্যমটির ভূমিকা আরও জোরালো হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন সাতক্ষীরার সুশীল সমাজের প্রতিনিধিরা।

তাঁরা বলেন, দেশের উন্নয়ন, সমাজের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে এনপিবি নিউজের আবির্ভাব ঘটেছে। আগামী দিনেও সততা, সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে গণমানুষের অধিকার ও উন্নয়নের কথা তুলে ধরতে হবে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টায় সাতক্ষীরা শহরের ম্যানগ্রোভ সভাঘরে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এবং বাংলা নিউজের সাতক্ষীরা প্রতিনিধি তানজির কচির সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এনপিবি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি মো. হোসেন আলী।

প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি নাছিম ফারুক খান মিঠু বলেন, এনপিবি নিউজের কাছে প্রত্যাশা অনেক। দেশের উন্নয়ন, সমাজের অগ্রগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যমটিকে দৃঢ়তা ও সততার সঙ্গে ভূমিকা রাখতে হবে।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন দ্য ডেইলি স্টারের স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়া সংগঠক ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সাতক্ষীরার সভাপতি তৈয়েব হাসান সামছুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, গ্রিন কোয়ালিশন সাতক্ষীরার সভাপতি ও সংগীতশিল্পী আবু আফফান রোজবাবু এবং সংগীতশিল্পী চৈতালী মুখার্জি।

চৈতালী মুখার্জি বলেন, সংস্কৃতি ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। সত্য ও সুন্দরকে মানুষের কাছে পৌঁছে দিতে উভয়েরই দায়িত্ব রয়েছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সভাপতি আব্দুস সামাদ, ডিবিসি নিউজের এম বেলাল হোসাইন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আকরামুল ইসলাম, প্রথম আলোর সাতক্ষীরা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দিন, এনটিভির এস এম জিন্নাহ, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, মানবজমিনের এস এম বিপ্লব, কালবেলা ও স্টার নিউজের গাজী ফারহাদ, গ্লোবাল টেলিভিশনের রাহাত রাজা, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, বাংলাদেশ বুলেটিনের মিলন রুদ্র, দৈনিক হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, দ্য এডিটরস ও ক্যাম্পাস টাইমসের রেজাউল করিম এবং সাংবাদিক শিমুল হোসেনসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

এ ছাড়া সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাতক্ষীরার সাবেক প্রধান সমন্বয়কারী মো. ইমরান হোসেন ও আহ্বায়ক আরাফাত হোসাইন, ল স্টুডেন্ট ফোরামের সভাপতি দেলোয়ার হোসেন, সাতক্ষীরা কমিউনিটির সভাপতি উম্মে ফুয়ারা রানি, ভলান্টিয়ার ফর বাংলাদেশের (ভিবিডি) সাতক্ষীরা সভাপতি সাজেদুল ইসলাম এবং প্রথম আলো সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন গণমাধ্যম, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা এনপিবি নিউজের সাতক্ষীরা প্রতিনিধি মো. হোসেন আলীকে ফুলেল শুভেচ্ছা জানান। সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্র, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখা, প্রথম আলো বন্ধুসভা ও সাতক্ষীরা টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরাও পৃথকভাবে শুভেচ্ছা জানান। পরে অতিথি ও সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বক্তারা গণমানুষের কথা বলা ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে এনপিবি নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আশাশুনিতে খাজরা ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১০:৩৯ অপরাহ্ণ
আশাশুনিতে খাজরা ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে খাজরা ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে গদাইপুর কাছারিবাড়ি মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এনামুল হক।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দীন। ভারপ্রাপ্ত সদস্যসচিব দিদারুল ইসলাম রাব্বি ও আশরাফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব মশিউল হুদা তুহিন এবং কৃষক দলের কেন্দ্রীয় নেতা গাজী আমিনুর রহমান মিনু। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবদলের সদস্যসচিব আবু জাহিদ সোহাগ।

এ সময় যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদিক আনোয়ার ছট্টু, স ম আক্তারুজ্জামান, রাজু আহমেদ, ইয়াছিন আরাফাত, যুবনেতা আবু হাসান মোল্লা, বিএনপি নেতা আলমগীর হোসেন ও শ্রমিক দল নেতা সিরাজুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।