কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনওর প্রচারাভিযান
কলারোয়া প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে সাতক্ষীরার কলারোয়া বাজারে ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক আরিফুল ইসলাম।
শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত তিনি বাজারের বিভিন্ন এলাকা ঘুরে মানুষের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতন করেন।
এ সময় ইউএনও বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি এডিস মশার বংশবিস্তারের অন্যতম কারণ। তাই বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে পারে, এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। পাশাপাশি নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান তিনি। বাজারের ময়লা-আবর্জনা নির্দিষ্ট পাত্রে রাখার নির্দেশনাও দেন, যাতে পরিচ্ছন্নতাকর্মীরা সহজে সেগুলো অপসারণ করতে পারেন।
প্রচারাভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল, উপজেলা রিসোর্স সেন্টারের প্রশিক্ষক আবু মুসা, পৌরসভার নির্বাহী কর্মকর্তা তুষার কান্তি দাস, প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেন, কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক এমএ সাজেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাংবাদিক জাহিদুল ইসলামসহ স্কাউটসের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বরও কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় অনুরূপ প্রচারাভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।









