কলারোয়ায় নতুন সড়কের কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক
কলারোয়া প্রতিনিধি: কলারোয়ার জালালাবাদ ইউনিয়নের সিংহলাল বাজার থেকে নারানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত নতুন কার্পেটিং রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে এ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
একই দিন প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষ’ কর্মসূচির অংশ হিসেবে রাস্তার ধারে বৃক্ষ রোপণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়ন এলাকার মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি উন্নত সড়ক যাতায়াত সুবিধার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষার্থীদের চলাচলে বিশেষ অবদান রাখে। এলাকার মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি তিনি পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রকিব মোল্লা, বিএনপি নেতা আখলাকুর রহমান শেলী, জালালাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক শরিফুর রহমান আপেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাজালাল আহমেদ সাজুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।









