কলারোয়ায় হঠাৎগঞ্জ ব্রিজ এখন ‘মৃত্যুফাঁদ’, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন
কেড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ এলাকার গুরুত্বপূর্ণ ব্রিজটি এখন স্থানীয়দের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিনের সংস্কারহীনতায় জরাজীর্ণ ব্রিজটির রেলিং ভেঙে পড়েছে, ঢালাই উঠে গিয়ে দেখা দিয়েছে বড় ফাটল। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় দিন কাটাচ্ছেন হাজারো মানুষ।
সরেজমিনে দেখা গেছে, ব্রিজের ওপর দিয়ে কোনো ছোট যানবাহন গেলেও পুরো কাঠামো থরথর করে কাঁপতে থাকে। ব্রিজের দুপাশের নিরাপত্তা রেলিংয়ের বড় একটি অংশ ভেঙে নদীতে পড়ে গেছে। রাতের অন্ধকারে এই পথ দিয়ে যাতায়াত করা আরও বেশি বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্রিজটি এই অঞ্চলের সড়ক যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমানে এটি এতটাই নড়বড়ে যে, ভারী কোনো যান উঠলে মনে হয় এই বুঝি ধসে পড়বে।
হঠাৎগঞ্জ ও এর আশপাশের কয়েক গ্রামের মানুষকে প্রতিদিন এই ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করতে হয়। স্থানীয় এক স্কুলশিক্ষক বলেন, “বাচ্চাদের স্কুলে পাঠিয়ে আমরা দুশ্চিন্তায় থাকি। ব্রিজটা পার হওয়ার সময় যে কাঁপুনি হয়, তাতে আতঙ্ক সৃষ্টি হওয়া স্বাভাবিক। আমাদের দাবি, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই যেন কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়।”
ভারী যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ায় কৃষিপণ্য আনা-নেওয়া এবং জরুরি চিকিৎসায় অ্যাম্বুলেন্স চলাচলেও মারাত্মক বিঘœ ঘটছে।
এলাকাবাসীর অভিযোগ, ব্রিজের এই বেহাল দশা সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও এখন পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত নতুন ব্রিজ নির্মাণ বা টেকসই সংস্কার করা না হলে যেকোনো মুহূর্তে প্রাণহানির মতো বড় বিপর্যয় ঘটতে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন। সংশ্লিষ্ট এলজিইডি অফিসের পক্ষ থেকে দ্রুত বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন ভুক্তভোগী সাধারণ জনগণ।









