কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে তালায় পার্টনার স্কুল কংগ্রেস অনুষ্ঠিত
বি. এম. জুলফিকার রায়হান, তালা: কৃষি উৎপাদন বৃদ্ধি, টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরার তালায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২৬ অনুষ্ঠিত হয়েছে। তালা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-এর আয়োজনে, শনিবার (২৭ জুন) সকালে তালা শিল্পকলা অ্যাকাডেমিতে কংগ্রেস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহাম্মাদ ইজ্জত উল্লাহ।
এসময় তিনি-কৃষিকে আধুনিক ও লাভজনক করতে কৃষকদের প্রশিক্ষণ, প্রযুক্তির ব্যবহার এবং মাঠপর্যায়ে কার্যকর সম্প্রসারণ কার্যক্রম আরও জোরদার করাসহ সরকারের কৃষিবান্ধব উদ্যোগ বাস্তবায়নে কৃষি বিভাগের পাশাপাশি কৃষকদেরও আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল’র অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ী, সাতক্ষীরার উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মাছুম বিল্লাহ, তালা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সাখাওয়াত হোসেন ও উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মফিদুল্লাহ, সেক্রেটারি সহকারি অধ্যাপক ইদ্রিস আলী, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, অধ্যাপক গোলাম ফারুক, শেখ আব্দুর রাজ্জাক, উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা তাওহিদুর রহমান, তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়াদ্দার, রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক বিএম জুলফিকার রায়হান, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। মাল্টিমিডিয়ার মাধ্যমে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত কৃষি অফিসার সৌরভ দেবনাথ।
অনুষ্ঠান সম্পর্কে তালা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজিরা খাতুন বলেন, কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর-প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রকল্পের আওতায় তালা উপজেলার কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন, জলবায়ু সহনশীল কৃষি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনায় দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। শনিবার অনুষ্ঠিত কংগ্রেসে অংশগ্রহনকারী ওই কৃষকরা ৬টি স্টলে গ্যাপ ফসল প্রদর্শনী, উন্নত জাতের ধান, ভুট্টা, তৈল বীজ,
উত্তম কৃষি চর্চা প্রদর্শনী, এডব্লিউডি প্রদর্শনী, পুষ্টি কর্নার, কৃষক সেবা কেন্দ্র ও জৈব বালাইনাশক কর্নার প্রদর্শন করেন।












